যে কারণে উদ্যাপন করেননি পার্সি
ম্যাচের তখন মাত্রই তিন মিনিট। রাফায়েলের বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন টমাস ভার্মেলেন। বল চলে যায় সাবেক সতীর্থ রবিন ফন পার্সির পায়ে। তাঁর নিখুঁত শট ঢুকে যায় জালে। গো-ল! পেশাদারির মাপকাঠিতে এ পর্যন্ত ঠিকই ছিল।কিন্তু এরপরই পুরোনো ক্লাবের প্রতি দেখালেন সম্মান। ম্যানচেস্টার ইউনাইটেডকে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দেওয়া জয়ে প্রথম গোল করেও পার্সি তেমন করে উদ্যাপন করলেন না! শুধু হাত দুটি সামান্য একটু উঁচিয়ে ধরে সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেন। কিন্তু শরীরী ভাষায় বিন্দুমাত্র উচ্ছ্বাস ফোটাননি। জীবনের দীর্ঘ আটটি বছর কাটিয়ে দিয়েছেন যে ক্লাবে, তাদের বুকেই শেল বিঁধিয়ে উদ্যাপনে মেতে উঠতে চায়নি পার্সির মন।ম্যাচ শেষে পার্সি বলেছেনও, আর্সেনাল এবং আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারকে সম্মান জানাতেই উদ্যাপন করেননি, ‘এটা ছিল বিশেষ একটা দিন। শেষ পর্যন্ত এটা ছিল দারুণ একটা ম্যাচ। এটাই ওই কথা বলছে (কেন আমি উদ্যাপন করিনি)। আমি সেখানে আটটি বছর খেলেছি। সেই সময়টাও ছিল অসাধারণ। আমি আর্সেনালের সমর্থক, ম্যানেজার (কোচ) এবং পুরো ক্লাবকে সম্মান জানাতে চেয়েছি।’পার্সি উদ্যাপন না করলেও তাঁর ক্লাব ইউনাইটেডে উদ্যাপন চলছেই। তাঁর এবং প্যাট্রিস এভরার গোলে পরশু ২-১ গোলে জিতে মৌসুমে প্রথমবারের মতো ইউনাইটেড উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ফার্গুসনের দলকে শীর্ষে তুলে দিতে ভূমিকা রেখেছে দিনের অন্য ম্যাচগুলোও। জিতলে শীর্ষে থাকত চেলসিই। কিন্তু সোয়ানসি সিটি চেলসিকে রুখে দিয়েছে ১-১ গোলে। ভিক্টর মোজেসের ৬১ মিনিটের গোলে জয়ের পথেই হাঁটছিল রবার্তো ডি মাত্তেওর দল। কিন্তু চেলসির জয়ের আশায় জল ঢেলে ৮৮ মিনিটে সোয়ানসিকে সমতায় ফেরান পাবলো।আগের ম্যাচে ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারের পর এই ড্র চেলসিকে ছিটকে দিয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিরও সুযোগ ছিল অন্তত পয়েন্টে নগরপ্রতিদ্বন্দ্বীকে ধরে ফেলার। ওয়েস্ট হামের বিপক্ষে জিতলে রবার্তো মানচিনির দলেরও পয়েন্ট হতো ইউনাইটেডের সমান ২৪। কিন্তু ওয়েস্ট হামের মাঠে সিটি গোলশূন্য ড্র করেছে। দল ভালো খেলেছে, গোলের একাধিক সুযোগও পেয়েছে। তার পরও জয় না পাওয়ায় হতাশাটা ডাগ-আউটেই প্রকাশ করেছেন মানচিনি। সিটির ইতালিয়ান কোচ ম্যাচ শেষেও বলেছেন, ‘আমার মনে হয় না এটা ন্যায্য ফল। কিছুতেই না।’ভালো খেলার তৃপ্তি ছাপিয়ে মানচিনির হতাশাটা বড় হয়ে উঠছে পয়েন্ট তালিকার দিকে তাকিয়েই। এই ড্রয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিটি। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা চেলসির ১ পয়েন্ট বেশি। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল ছয়ে। ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা টটেনহাম হেরে গেছে (১-০) উইগানের কাছে। এএফপি, রয়টার্স।