যে কারণে ক্যাসিয়াসকে অপছন্দ মরিনহোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনকক্ষে হোসে মরিনহো, বাইরে টিভি পর্দার সামনে পুরো রিয়াল মাদ্রিদ দল। দূরে কোথাও টিভি পর্দার সামনে হয়তো ছিলেন ফ্লোরেন্তিনো পেরেজও। ক্লাব প্রেসিডেন্ট মরিনহোকে অনুরোধ করেছিলেন মালাগার বিপক্ষে ম্যাচের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে সহকারী কোচ আইতর কারাঙ্কাকে পাঠাতে। কিন্তু মরিনহো তো চলেন নিজের নিয়মে। সংবাদ সম্মেলনে নিজেই গেছেন, সাড়া দেননি পেরেজের ‘ঐক্যের আহ্বানেও’।সামনেই কোপা ডেল রের ফাইনাল, লিগে রানার্সআপ হওয়াটাও নিশ্চিত নয় এখনো। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিচলিত পেরেজ মঙ্গলবার সকালেই তাই দলে ঐক্যের ডাক দিয়েছিলেন। কিন্তু বিকেলেই ক্লাবের অনুশীলন মাঠে সংবাদ সম্মেলনে মরিনহো রিয়ালের গৃহদাহে যেন ঘি ছিটিয়ে দিলেন। খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনা তাঁর রিয়াল ছেড়ে যাওয়া নিয়ে শেষ সংশয়টাও যেন দূর করে দিল। মরিনহোর কথার তিরে সবচেয়ে বেশি বিদ্ধ হওয়ার কথা ইকার ক্যাসিয়াসের। দুজনের বিরোধটা গত কিছুদিনে অনেকটাই প্রকাশ্য। তার পরও গত জানুয়ারিতে হাত ভেঙে প্রথম দলের বাইরে ছিটকে পড়া ক্যাসিয়াস নতুন করে ধাক্কা খেতে পারেন। মরিনহো যে এক দশক ধরে রিয়াল ও স্পেন জাতীয় দলে দুর্দান্ত খেলে আসা গোলরক্ষককে বেঞ্চে বসিয়ে রাখার নতুন একটি কারণ বলেছেন।সাধারণ্যে ‘লড়াই’টা যতই ব্যক্তিগত ইগোর বলে প্রচারণা পাক, মরিনহোর দাবি কারণটা ফুটবলীয়, ‘গোলকিপার হিসেবে ইকার ক্যাসিয়াসের চেয়ে আমি ডিয়েগো লোপেজকে বেশি পছন্দ করি। ব্যক্তিগত সম্পর্কের প্রভাব এখানে নেই। আমি এমন কিপারদের পছন্দ করি, যারা পায়ে খেলতে স্বচ্ছন্দ, উড়ে আসা ক্রসে বিশ্বস্ত এবং শট থামানোয় দুর্দান্ত। ডিয়েগোকে বেশি পছন্দ করি, কারণ ও পায়ে বেশি খেলে, সীমারেখা থেকে এগিয়ে আসে এবং নিজের এলাকায় কর্তৃত্ব দেখাতে পারে। পোস্টের মাঝে ইকারও দুর্দান্ত গোলকিপার, কিন্তু আমার পছন্দ অন্য ধরনের গোলকিপার। ক্যাসিয়াসও হয়তো বলতে পারে আমার অন্য ধরনের ম্যানেজার পছন্দ, দেল বস্ক বা পেলেগ্রিনির মতো, যাদের সঙ্গে সহজেই মানিয়ে নেওয়া যায়। কিন্তু আমি যত দিন রিয়ালে আছি, অন্য কোনো সমস্যা না হলে ডিয়েগোকেই বেছে নেব। খুব সাধারণ ব্যাপার। এই সিদ্ধান্তের কারণে লোকে যদি বলে ফুটবল সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি তা মেনে নিই।’ক্যাসিয়াসের বেঞ্চে বসে থাকাটা বোঝা কঠিন বলে বার্সেলোনা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার মন্তব্যেরও জবাব দিয়েছেন মরিনহো, ‘ইনিয়েস্তার উচিত তার নিজের দল নিয়ে উদ্বিগ্ন হওয়া এবং সেমিফাইনালে (চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৭-০ গোলে হার) মেসিকে ছাড়া তারা কেন এমন করল, তা নিয়ে ভাবা।’কোচ হিসেবে তাঁর ক্ষমতার এখতিয়ার ও দায়িত্বটাও মনে করিয়ে দিয়েছেন একই সঙ্গে, ‘দেখা যাক, আপনারা একটা জিনিস চূড়ান্তভাবে বুঝতে পারেন কি না, আমি একজন ফুটবল কোচ। তারা আমাকে ফুটবল কোচ হিসেবে নিয়ে এসেছে। আর একজন ফুটবল কোচের নির্দিষ্ট দায়িত্ব আছে, যার মধ্যে একটি হলো দল নির্বাচন। আমি টস করে দল সাজাই না। গভীর চিন্তাভাবনা করে, বিশ্লেষণ করে, দীর্ঘ সময় ধরে আমার সিদ্ধান্তের নানা দিক ভেবে, খেলা দেখে এরপর সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি।’তা হয়তো ঠিক। তবে গত কয়েক দিন মরিনহো যেভাবে নিজের দলের খেলোয়াড়দের সমালোচনা করছেন, তাতে ড্রেসিংরুমে তিনি নিঃসঙ্গ থেকে নিঃসঙ্গতর হয়ে পড়ছেন। রোনালদোর সেই ‘আমি অসুখী’ মন্তব্যকে ইঙ্গিত করে শুক্রবার বলেছিলেন, ‘আমরা লিগ শুরু করেছিলাম অসুখী হয়ে। অসুখী ছিলাম বলেই পয়েন্ট হারিয়েছি।’ গত তিন মৌসুমে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখানো তারকাকে নিয়ে এমন মন্তব্যের পর রিয়াল সমর্থকেরা আরও খেপেছেন। শনিবার বার্নাব্যুতে তাই দুয়োধ্বনিও শুনতে হয়েছে মরিনহোকে।গত পরশুর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক অপ্রিয় একটা প্রশ্নও করে ফেললেন, ক্লাব তাঁকে বরখাস্ত করতে বাধ্য হয়, এ কারণেই কি এমন বিধ্বংসী সব মন্তব্য করছেন মরিনহো? কারণ, তাতে তিনি বাড়তি টাকা পাবেন। মরিনহোর উত্তর তাঁর মতোই, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, রিয়ালে শেষ দিনটি পর্যন্তই শুধু সম্মানী নেব। এর চেয়ে বেশি এক ইউরোও আমি চাই না।’ এএফপি, রয়টার্স ও ওয়েবসাইট।