যে কারণে জ্বলেনি তারা
গত তিন বছরের বর্ষসেরা ও ইউরোপ-সেরা ছিলেন তাঁরা তিনজন—কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। সঙ্গে ওয়েইন রুনির নামটাও যোগ করে নিন। গত মৌসুমে এই চারজন সব মিলিয়ে ক্লাবের হয়ে ১২১টি গোল করেছেন। শোকেসে ট্রফি রাখার জায়গায় টান পড়ে যাওয়ার কথা তাঁদের।কিন্তু এবার বিশ্বকাপে কী করলেন? চারজনের মোট গোল একটি, যেটি ক্রিস্টিয়ানো রোনালদোর! রুনি ও রোনালদো দ্বিতীয় পর্ব থেকেই ফিরে গেছেন। কাকা ও মেসি ফিরলেন কোয়ার্টার ফাইনাল থেকে।বিশ্বকাপ শুরুর আগে সবাই দলিলে লিখে দেওয়া শুরু করেছিলেন—বিশ্বকাপটা এই চারজনের মধ্যে কারও হবে। অথচ সেমিফাইনালই দেখতে হয়েছে তাঁদের বাড়িতে বসে, কিংবা কোনো পর্যটনকেন্দ্রে।কিন্তু এমন কেন হলো? কেন এই চার মহাতারকাই একেবারে ব্যর্থ হলেন? এই প্রশ্নের উত্তর সবাই খুঁজে বেড়াচ্ছেন। যাঁর যাঁর মতো করে উত্তর বেরও করছেন।যেহেতু বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে নিয়ে বিশ্বকাপে এসেছিলেন, তাই ডিয়েগো ম্যারাডোনাকেও প্রশ্নটার উত্তর দিতে হচ্ছে। ম্যারাডোনা অবশ্য এই ‘ব্যর্থতা’র দায় খেলোয়াড়দের দিচ্ছেন না। তাঁর মতে, বর্তমান যুগের খেলার ধরনই এ রকম। যাতে একক মহাতারকা হয়ে ওঠাটা মুশকিল, ‘আজকের দিনে খেলোয়াড়েরা অনেক বেশি দলের জন্য খেলে। ওরা এখন সতীর্থদের সঙ্গে মিলেই সবকিছু করতে চায়। এখন খেলাটাই বদলে গেছে। আমার মনে হয়, আমরা একটু স্বার্থপরই ছিলাম। তখন মনে হয় আমরা পুরো দলকে নিজের জন্য খেলতে বাধ্য করতাম।’ম্যারাডোনার এই কথার সঙ্গে একমত জর্জ উইয়াহ। এসি মিলান ও চেলসি তারকা উইয়াহ তারকাদের ব্যর্থতা প্রসঙ্গে বলছেন, খেলোয়াড়েরা ক্লান্ত ছিলেন—এটাও যেমন ঠিক, তেমনি খেলার চরিত্রটাও বদলে গেছে, ‘খেলোয়াড়েরা যখন এই টুর্নামেন্টে এসেছিল, খুবই ক্লান্ত ছিল। সঙ্গে প্রচণ্ড চাপ। অন্য একটা বিষয় হলো, খেলোয়াড়েরা এখন অনেক বেশি দলের জন্য খেলে। গোল না পাওয়াটাই কথা নয়। যেমন কাকা বা মেসি গোল পায়নি। তার মানে এই নয় যে ওরা খারাপ খেলেছে, ওরা গোল তৈরি তো করে দিয়েছে।’অবশ্য এসব মতের পাশে আরেকটা মত উঠে আসছে, এবার বিশ্বকাপের সম্ভাব্য এই চার মহাতারকা পরাস্থ হয়েছেন আসলে কৌশল আর চোটের কাছে। মেসিকে দিয়ে শুরু করা যাক। দ্বিতীয় পর্ব পর্যন্ত আর্জেন্টিনার চার ম্যাচেই মেসি মোটামুটি সফল ছিলেন। গোল পাননি। কিন্তু খেলা তৈরি করে দিচ্ছিলেন, গোল তৈরি করে দিচ্ছিলেন। কিন্তু মেসি আটকে গেলেন জোয়াকিম লোর কৌশলের কাছে। সামনে-পেছনে অনেক খেলোয়াড়, কিন্তু মেসির কাছে বল পৌঁছানোর রাস্তা বন্ধ করে দিয়েছিলেন লো। ফলে মেসিকে গভীর থেকে গভীরে নামতে হচ্ছিল বলের সন্ধানে। সেখানে বল যখন পেলেন, তখন সামনে বাড়তে গিয়েই দেখলেন ‘বার্লিন দেয়াল’।রুনির ক্ষেত্রেও দায়টা কৌশলের। রুনিকে ৪-৪-২ ফর্মেশনে স্ট্রাইকিং সঙ্গীর সঙ্গে ওপরের দিকেই থাকতে হয়েছে। নিচে নেমে জায়গা তৈরি করে নেওয়া বা খেলা তৈরি করার কোনো সুযোগই পাননি। অবশ্য যা কিছু সুযোগ পেয়েছেন, তাতে সাধারণ সব কাজও যেন করতে ভুলে গিয়েছিলেন বলে মনে হচ্ছিল।ক্রিস্টিয়ানো রোনালদো আরও বেশি ভুল কৌশলের শিকার। সাবেক এই বিশ্বসেরাকে কার্লোস কুইরোজ এক ম্যাচে এক এক পজিশনে খেলিয়েছেন। উত্তর কোরিয়ার বিপক্ষে বাঁয়ে, ব্রাজিলের বিপক্ষে মাঝে এবং স্পেনের বিপক্ষে ডানে খেলিয়েছেন। তবে বাকিদের চেয়ে কাকার কাহিনিটা আলাদা। বিশ্বকাপে আসার জন্যই ইনজুরির সঙ্গে লড়াই করে দ্রুত সেরে উঠতে হয়েছে কাকাকে। খেলা দেখে মনে হয়নি যে কৌশলে বিপাকে পড়ছেন। কাকার শরীরই যেন চলছিল না। এখন ব্রাজিল দলের সূত্রও বলছে, কাকা পুরোপুরি ফিট ছিলেন না। ফিট থাকলে হয়তো অন্য রকম হতো কাহিনি। কিন্তু এবারের বিশ্বকাপের যেন সে ইচ্ছেই ছিল না। এএফপি।