যে কারণে দর্শক ইলিয়াস সানি
অভিষেক টেস্টে ৭ উইকেট। পরের টেস্টেই কি না দলে নেই! সকালে বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকা দেখে বিস্মিত সবাই। ইলিয়াস সানি কোথায়? তাঁর জায়গায় একাদশে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দী। কেন?রহস্য-টহস্য খুঁজতে গেলে হতাশ হতে হবে। স্বপ্নের অভিষেকের পর সানির এই বাইরে থাকার কারণ আকস্মিক পেটের পীড়া। প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, ‘পেটের সমস্যার কারণে খেলছে না সানি। সকালে দলের সঙ্গে মাঠে এলেও পরে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে।’ দুপুরে সেখান থেকে চলে গেছেন হাজারীবাগে নিজের বাসায়।সানির এই পেটের সমস্যার শুরু পরশু সকালে। অনুশীলন করলেও ফিজিওর পরামর্শে সতর্ক ছিলেন খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুতেই। আশা ছিল, রাতটা ভালোয় ভালোয় পার করতে পারলে পরদিন থেকে হয়তো খেলতে পারবেন দ্বিতীয় টেস্টে। কিন্তু উল্টো ভোর রাতে আরও অসুস্থ হয়ে পড়েন সানি। কাল দুপুরে বাসা থেকে টেলিফোনে তিনিই জানালেন, ‘ভোর চারটার দিকে অবস্থা বেশি খারাপ হয়ে যায়। এটা না হলে হয়তো টেস্টটা খেলতে পারতাম। খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’শেষ পর্যন্ত খেলতে না পারাটাকে অদৃষ্ট বলেই মানতে হচ্ছে সানিকে, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। হয়তো ভবিষ্যতে ফিরে এসে আরও ভালো খেলব।’ কিন্তু অভিষেক টেস্টেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর এভাবে বাইরে চলে যাওয়ার হতাশা তো এত সহজে ঘোচার নয়। সানিও তা মানলেন, ‘প্রথম টেস্টটা অত ভালো খেলেও এই টেস্টে খেলতে না পারাটা অবশ্যই হতাশাজনক। খেলার ইচ্ছা ছিল। কিন্তু অসুস্থ হয়ে গেলে তো কিছু করার নেই।’সানির দুর্ভাগ্য অবশ্য সৌভাগ্য বয়ে এনেছে আরেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ সোহরাওয়ার্দীর জন্য। টেস্ট স্কোয়াডে থাকলেও শুভাগত হোম চৌধুরীর সঙ্গে তিনিও আগামীকাল ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কাল সকালে ভোজবাজির মতো সব পাল্টে গেল। সানির অসুস্থতা টেস্ট অভিষেক ঘটিয়ে দিল সোহরাওয়ার্দীর। ব্যাপারটা এতই আকস্মিক যে, তিনি নিজেও নাকি প্রস্তুত ছিলেন না এর জন্য। ‘সকালে ওয়ার্মআপের সময় জানলাম, আমি এই টেস্টে খেলছি। নার্ভাস হওয়ারও সময় পাইনি। তাড়াতাড়ি রেডি হয়ে মাঠে নেমে গেলাম’—দিন শেষে অভিষেক টেস্ট খেলতে নামার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী।হঠাৎ করে টেস্ট খেলতে নেমে পড়েছেন। প্রথম টেস্ট উইকেটটিও পেয়ে গেছেন প্রথম দিনেই। সোহরাওয়ার্দীর কাছে এসব স্বপ্ন-স্বপ্ন বলে মনে হওয়াই স্বাভাবিক, ‘স্বপ্ন ছিল, টেস্ট খেলব। সেটা পূরণ হয়েছে। প্রথম দিনেই প্রথম টেস্ট উইকেটটিও পেয়ে যাওয়ায় খুব ভালো লাগছে।’