যে কারণে দল ঘোষণায় দেরি
তাঁরা পড়েছেন মহা ফ্যাসাদে। হাতের কাছে পেলেই সাংবাদিকেরা ঘিরে ধরছেন, ‘দল দিচ্ছেন কবে?’ বেচারা নির্বাচকেরা আর কী বলবেন? দল বানিয়ে তাঁরা সেটা বোর্ডে জমা দিয়ে দিয়েছেন গত বৃহস্পতিবারই। এখন বোর্ড সেই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলে রফিকুল আলমদের কী করার আছে?জিম্বাবুয়ে দল ঢাকা এসে কাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে। আগামীকাল খেলবে প্রস্তুতি ম্যাচ। আর ১ ডিসেম্বর থেকে তো সিরিজই শুরু হয়ে যাচ্ছে। অথচ কাল পর্যন্তও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি পাঁচ ওয়ানডের এই সিরিজে বাংলাদেশ দলে কারা আছেন, দলটাকে নেতৃত্বই বা কে দেবেন! আজ দুপুরে দলের খেলোয়াড়দের হোটেলে ওঠার কথা। এখনো দল ঘোষণা না হওয়ায় তাঁদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব আর খানিক অসন্তোষ। হোক হোম সিরিজ, সেটির জন্যও তো একটা মানসিক প্রস্তুতি লাগে। পত্রিকায় সম্ভাব্য দল দেখে তো আর কফিন গোছানো যায় না।দল ঘোষণায় বিলম্ব কেন—জানতে চাইলে প্রধান নির্বাচক রফিকুল আলম কাল নিরুত্তরই থাকলেন, ‘দল কখন ঘোষণা হবে, সেটা ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান বলতে পারবেন।’ কিন্তু ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান এনায়েত হোসেন যে এখনো এশিয়া কাপে সোনা জেতা বাংলাদেশ দলের সঙ্গে চীনেই রয়ে গেছেন! প্রথা অনুযায়ী নির্বাচকদের দেওয়া দল টেকনিক্যাল কমিটিতে পর্যালোচনা হওয়ার পর বোর্ড সভাপতির অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। গত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার টেকনিক্যাল কমিটিতে আলোচনা হওয়ার কথা অধিনায়ক প্রসঙ্গেও।ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান এনায়েত হোসেনই আবার টেকনিক্যাল কমিটিরও প্রধান। তাঁর সঙ্গে পাঁচ সদস্যের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসও আছেন এশিয়া কাপে, আরেক সদস্য আহমেদ সাজ্জাদুল আলম সিঙ্গাপুরে। বাকি দুই সদস্য গাজী আশরাফ হোসেন ও দেওয়ান শফিউল আরেফিন দেশে থাকলেও তাঁদের পক্ষে তাই দল ও অধিনায়ক প্রসঙ্গে আলোচনা করা সম্ভব হচ্ছে না। যিনি সেই দল ও অধিনায়কের নাম চূড়ান্ত অনুমোদন করবেন, সেই বোর্ড সভাপতিও গত কয়েক দিন ছিলেন সিঙ্গাপুরে। তাঁর ঢাকা ফেরার কথা ছিল গতকাল রাতে। আর চীন থেকে বাংলাদেশ দলের সঙ্গে আজ রাতে দেশে ফিরবেন এনায়েত হোসেন ও জালাল ইউনুস।টেকনিক্যাল কমিটির সদস্য গাজী আশরাফ হোসেনও কাল বলেছেন, দল ঘোষণার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা মিলিত হতে পারছেন না বলেই এই বিলম্ব, ‘এটা ঠিক, যত দ্রুত সম্ভব দল ঘোষণা করা উচিত। কিন্তু গত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার দল এবং অধিনায়কের প্রসঙ্গে টেকনিক্যাল কমিটির মতামত দেওয়ার কথা। পরে বোর্ড সভাপতি সেটা অনুমোদন করবেন। কিন্তু পাঁচ সদস্যের টেকনিক্যাল কমিটির তিনজনই এখন দেশের বাইরে।’ তবে বিকল্প কোনো উপায়ে হলেও আজ দল ঘোষণার একটা আভাস দিয়েছেন তিনি, ‘পরিস্থিতির কারণে টেলিকনফারেন্স বা অন্য কোনো উপায়ে হলেও কাল (আজ) সবার মতামত নিয়ে দল এবং অধিনায়ক ঘোষণার উদ্যোগ নেওয়া হতে পারে। আজ (গতকাল) রাতে বোর্ড সভাপতি দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’ নির্বাচকদের ওপর আস্থা রেখে যদি তাঁদের দেওয়া দলটাই ঘোষণা করে দিত বোর্ড, তাহলে অবশ্য দল জানানো নিয়ে এত জটিলতায় পড়তে হতো না।জিম্বাবুয়ে সিরিজের দলের চেয়ে বিশ্বকাপের অধিনায়ক ও সহ-অধিনায়ক নিয়েই এখন বেশি জল্পনা-কল্পনা। তবে এখনই যে বিশ্বকাপের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা হয়ে যাবে, সেই নিশ্চয়তা নেই। এমনও হতে পারে, অধিনায়ক ও সহ-অধিনায়ক আপাতত জিম্বাবুয়ে সিরিজের জন্যই ঘোষিত হলো। সে ক্ষেত্রে নাম দুটি সম্ভবত আগের মতোই—মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।