যে কারণে ধীরগতি
অগ্রণী ব্যাংকের ৩০টি শাখার হিসাব জানা যায়নি। তবে প্রথম দিনে সিটি ব্যাংক সারা দেশে তাদের ৫০টি বুথ থেকে টিকিট বিক্রি করেছে মোট ১৫ হাজার। এই টিকিট কিনেছে ৭৬০০ জন। সিটি ব্যাংক সূত্রের দেওয়া হিসাব অনুযায়ী কেবল তাদের ব্যাংক থেকেই মোট টিকিটের ৭.২৩ শতাংশ বিক্রি হয়েছে প্রথম দিনে এবং এর মধ্যেই প্রায় শেষ বাংলাদেশ-ভারত উদ্বোধনী ম্যাচের টিকিট!ব্যাংক সূত্র জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারির প্রথম ম্যাচের ২০০ আর ৪০০ টাকা মূল্যের কিছু টিকিটই কেবল অবশিষ্ট আছে এখন। হিসাবটা ঠিক হলে, প্রথম দিনে বিক্রির হার সন্তোষজনক বলতে হবে। সিটি ব্যাংকের আশা, আজ বিক্রির হার আরও বাড়বে। কিন্তু ব্যাংক সন্তুষ্ট হলেও টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো দর্শকেরা সন্তুষ্ট হতে পারছে না। কাল ঢাকার বিভিন্ন কাউন্টারের সামনে দাঁড়ানো দর্শকদের ‘কমন’ অভিযোগ ছিল টিকিট বিক্রির জটিল ফর্ম এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া নিয়ে।সিটি ব্যাংক অবশ্য বলছে, সমস্যা টিকেটিং এজেন্সি কায়াজুঙ্গার ‘সিস্টেমে’। একসঙ্গে বেশি চাপ পড়ায় বারবার গতি হারিয়েছে কম্পিউটারে টিকিট বিক্রির প্রক্রিয়া। কায়াজুঙ্গার বিরুদ্ধে আরেকটা অভিযোগও শোনা গেল। সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হওয়ার কথা থাকলেও কাল বিকেল ৫টা ২০ মিনিটেই নাকি সিস্টেম বন্ধ করে দিয়েছে তারা! এ ব্যাপারে জানতে চাইলে অবশ্য কিছু বলতে পারেননি এলওসির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান জি এস হাসান তামিম। তবে তিনি বলেছেন, সব টিকিট বিক্রি শেষে তাঁরা একটা সার্বিক হিসাব দেবেন।ঢাকার বাইরের শহরগুলোয় নির্ধারিত পরিমাণ টিকিট বিক্রি করা হয়নি বলেও অভিযোগ আছে। ঘণ্টা খানেক টিকিট বিক্রির পরই বন্ধ করে দেওয়া হয়েছে অনেক বুথ। প্রতি ম্যাচের দুটি করে টিকিট দেওয়ার কথা থাকলেও কোথাও কোথাও নাকি দেওয়া হয়েছে একটি করে টিকিট! ব্যাংক অবশ্য বলছে, ঢাকার বাইরের জেলাগুলোয় ম্যাচপ্রতি ১০৮টি করে টিকিট যাবে, এই তথ্য কেবল পত্রিকাতেই পড়েছেন তাঁরা। এ ছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড, আন্তর্জাতিক গ্যালারি ও আন্তর্জাতিক হসপিটালিটি গ্যালারি—সারা দেশে মাত্র ১০-১২টি করে টিকিট বিক্রির পরই এই তিন শ্রেণীর টিকিট শেষ হয়ে গেছে বলে জানানো হয়েছে কায়াজুঙ্গার সিস্টেম থেকে।