যে কারণে নেপালের ১২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুশফিকের কাছ থেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া নেপাল শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করেছে। মাশরাফি প্রথম ওভারেই কাঁপিয়ে দিয়েছিলেন দুই ওপেনারকে। ফরহাদ রেজা চতুর্থ ওভারে এসে বাংলাদেশ শিবিরকে প্রথম আনন্দে ভাসান। এরপর সপ্তম ওভারে আল আমিনের জোড়া আঘাত, নেপাল তিন উইকেটে ৩৯। আফগানিস্তানের মতো নেপালকেও কম রানে বেঁধে ফেলার সুযোগ।
কিন্তু শেষ পর্যন্ত নেপাল করল ৫ উইকেটে ১২৬। ম্যাচ-সেরার স্বীকৃতি পাওয়া আল আমিন বাংলাদেশের বোলিং ব্যর্থতার চেয়ে এটিতে বেশি ভূমিকা দেখছেন নেপালিদের অতি সাবধানী ব্যাটিংয়ের, ‘তিন উইকেট পড়ে যাওয়ার পর ওরা রক্ষণাত্মক হয়ে যায়। ধীরগতিতে খেলতে থাকে। আর ১২০ বল খেললে ১২৪-২৫ রান তো হয়ই।’
প্রথম ওভারে ছন্দ খুঁজে পাননি। ৩টি ওয়াইডসহ দিলেন ৮ রান। এরপর দ্বিতীয় স্পেলে ফিরেই এক ওভারে ২টি উইকেট। দুই স্পেলের পার্থক্যটাও জানালেন, ‘শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। তাই ওয়াইড হয়েছে। তবে ফিল্ডিং করার সময় ভাবছিলাম, উইকেটে ঘাস আছে, এখানে তাই ভালো বল করা উচিত। পরে এসে তা করতে পেরেছি।’
প্রথম ম্যাচে নিজের বোলিং একটু খারাপ হলেও এই ম্যাচে নিজেকে ফিরে পেয়েছেন বলে মনে করছেন এই পেস বোলার, ‘ওই দিন ওয়াইড হচ্ছিল বেশি। লাইন খারাপ ছিল। তারপর কামব্যাক করার চেষ্টা করেছি। এবং সেটা হয়েছে।’
আরেক পেস বোলার মাশরাফিও ভালো বোলিং করেছেন। তবে স্পিনাররা রীতিমতো সংগ্রাম করেছেন উইকেটের জন্য। সেটি আল আমিন নিজেও বুঝেছেন। আর নেপালকে আরও কম রানে বাঁধতে না পারার মূলে আল আমিন কারণ বলছেন এটিকেও, ‘এই উইকেটে স্পিনারদের সংগ্রাম করতে হয়েছে। সাধারণত আমাদের রাজ ভাই-সাকিব ভাই কয়েকটি উইকেট নেন। কিন্তু আজ (কাল) তা হয়নি। এ কারণে তিন উইকেট পড়ে যাওয়ার পরও ওরা ১২৬ পর্যন্ত যেতে পেরেছে। ওদের স্পিনাররাও কিন্তু ভালো বল করতে পারেনি।’
নেপালের ইনিংস কেন বড় হলো, এই প্রশ্ন এলেও নেপালি কোচ পুবুদু দেশানায়েকের কণ্ঠে ছিল উল্টো আফসোস। স্কোরটা ১৪০-৪৫ হলেই ম্যাচটা অন্যরকম হতে পারত বলে তাঁর বিশ্বাস। তবে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করল, তাতে নেপাল ১৪০-৪৫ করলেই বা কী হতো! ম্যাচটা হয়তো আর কয়েক বল বেশি আয়ু পেত, এই তো!