যে কারণে বার্সায় যাননি সিলভা
গত মৌসুমে বার্সেলোনার রক্ষণভাগ যেন ছিল লখিন্দরের বাসর। ‘বজ্র আঁটুনির ফসকা গেরো’র ফাঁক দিয়ে প্রতিপক্ষরা গোল পেয়েছে অনায়াসেই। একমাত্র লিগ শিরোপা ছাড়া বার্সেলোনা আর কিছু জিততে না পারার বড় কারণ ছিল ওটাই। ধারণা ছিল, নতুন মৌসুমে বার্সেলোনা রক্ষণভাগটা শক্তিশালী করবে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভাকে পেতে দুবার প্রস্তাবও দিয়েছিল বার্সা। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ব্রাজিলিয়ান তারকা চুক্তি নবায়ন করে থেকে গেছেন পিএসজিতেই। কেন প্রথমে আগ্রহ দেখিয়েও সিলভা বার্সাকে ‘না’ করে দিয়েছেন? সিলভাই বললেন, বার্সেলোনা তাঁকে যথেষ্ট পরিমাণ টাকার প্রস্তাবই করেনি।
বার্সেলোনায় খেলাটা তাঁর আজন্ম স্বপ্ন। কিন্তু টাকাও তো একটা বিষয়। ২৮ বছর বয়সী ডিফেন্ডারের কণ্ঠে তাই আক্ষেপ, ‘বার্সেলোনাকে দুবার না করে দেওয়াটা ছিল কঠিন সিদ্ধান্ত। এটা গোপন নয় যে, সেই ছোটবেলা থেকেই আমি বার্সেলোনায় মুগ্ধ। আমি সব সময়ই চাই বার্সেলোনায় খেলতে।’
বার্সার প্রস্তাবটা ঠিক কত টাকার ছিল সেটা অবশ্য জানাননি সিলভা। তবে পিএসজি তাঁর বেতন-ভাতা বাড়িয়েছে। নতুন চুক্তি অনুযায়ী সিলভা পিএসজিতে বছরে পাবেন এক কোটি ২০ লাখ ইউরো। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে সিলভা বলেছেন, ‘কিন্তু জীবনের কারণে আপনাকে মাঝেমধ্যে আপনার স্বপ্নের বিরুদ্ধেও সিদ্ধান্ত নিতে হবে। আমি শুনেছি, লোকে বলাবলি করছে, আমি শুধু টাকার কথাই ভেবেছি। কিন্তু তারা ভুলে যায়, আমাদেরও পরিবারকে খাদ্য জোগাতে হয়। তাহলে কেন আমি কম টাকায় বার্সেলোনার হয়ে খেলতে যাব? কেন একজন খেলোয়াড় তাদের জন্য ত্যাগ স্বীকার করবে? তা ছাড়া পিএসজি আমাকে নতুন চ্যালেঞ্জের সুযোগ দিয়েছে এবং ক্লাবটিও সঠিক পথেই আছে।’ ওয়েবসাইট।