যে কারণে বিশ্বকাপ দলে নেই শেহজাদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজরকাড়া পারফরম্যান্স। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন দুর্দান্ত। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আহমেদ শেহজাদকে রাখেননি পাকিস্তানি নির্বাচকেরা। এর পেছনের মূল কারণ কি শৃঙ্খলাজনিত? প্রশ্নটা ঘুরেফিরে আসছে পাকিস্তান ক্রিকেটে।পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইকবাল কাশিম আজ রোববার জানিয়েছেন অন্য কথা। তাঁর ব্যাখ্যা, শৃঙ্খলাজনিত কারণে ২০ বছর বয়সী শেহজাদকে দলে নেওয়া হয়নি, কথাটা ঠিক নয়। তাঁর চেয়ে অভিজ্ঞ ইমরান নাজিরকে জায়গা করে দিতেই বাদ দেওয়া হয়েছে শেহজাদকে। তবে এখানে অভিজ্ঞতাই মূল ব্যাপার নয়, ঘরোয়া ক্রিকেটে ইমরান নাজিরের পারফরম্যান্স নাকি ছাড়িয়ে গেছে শেহজাদকেও। ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছি আমরা। এ কারণে কামরান আকমল, আবদুল রাজ্জাক ও ইয়াসির আরাফাতকে দলে নিয়েছি।’ লাহোরে আজ সাংবাদিকদের বলেছেন ইকবাল কাশিম ।তবে ভারতের ‘জি নিউজ’ অবশ্য অন্য কথা বলছে। শেহজাদের শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস নাকি বেশ পুরোনো। যুব দলের হয়ে খেলার সময় থেকেই তাঁকে ঘিরে বিতর্কের পথ চলা। একবার এক সফরে শেহজাদের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ আচরণের অভিযোগ তুলেছিলেন এক পাকিস্তানি রাষ্ট্রদূত। এদিকে, পিসিবির একটি সূত্রের দাবি, শেহজাদকে দলে চাননি টি-টোয়েন্টি দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিনিই নাকি শেহজাদের বদলে ইমরান নাজিরকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।শেহজাদ অবশ্য নিজের শৃঙ্খলাজনিত সমস্যার ব্যাপারটি স্বীকার করতে চাননি। দলে তাঁকে কেন নেওয়া হচ্ছে না, এটা নিয়েও কিছু বলতে চাননি। পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে যেকোনো কিছু বোর্ড ও দলের ম্যানেজারকে জিজ্ঞেস করতে।