যে কারণে ম্যারাডোনার শাভেজ-শরণ
হতে পারেন হুগো শাভেজ একজন রাজনীতিবিদ। ফুটবলের চেয়ে রাজনীতিটাই ভালো বোঝেন। তবে শাভেজ তো একজন ভালো বন্ধুও। তাই ডিয়েগো ম্যারাডোনা তাঁর কাছে ছুটে গেছেন পরামর্শ নিতে। ভেনেজুয়েলা প্রেসিডেন্টের কাছে পরামর্শ নিয়েই ম্যারাডোনা ঠিক করবেন তাঁর ভবিষ্যৎ। ভেনেজুয়েলা ফুটবল দলের দায়িত্ব নিতেই ম্যারাডোনাকে ডেকে পাঠানো হয়েছে—এমন খবর উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘আমি ভেনেজুয়েলায় কাজের সন্ধানে আসিনি। এসেছি আমার ভালো বন্ধু হুগোর পরামর্শ নিতে।’ আর্জেন্টিনা ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা আগামীকাল। ম্যারাডোনা জানালেন, এএফএর প্রধান হুলিও গ্রন্ডোনার সঙ্গে ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন, ‘সোমবার গ্রন্ডোনার সঙ্গে আমার বৈঠক। ভেনেজুয়েলা সফর শেষে বুয়েনস এইরেসে পৌঁছালে সেখানেই আমার ভবিষ্যৎ নির্ধারণ হবে।’আপাতত শাভেজের দলের দায়িত্ব নিতে পারছেন না। তবে আজীবন এই মানুষটার পাশেই তিনি থাকবেন। আবেগময় ম্যারাডোনা বলছেন, ‘প্রেসিডেন্টের পাশে দাঁড়ানোটাই আমার জন্য অনেক বড় গর্বের। কারণ তিনি সাধারণ মানুষ, তাঁর দেশ আর আদর্শের জন্য লড়াই করেন। আমি আজীবন তাঁর পাশে থাকব।’ ওয়েবসাইট।