যে কারণে স্পেন-জার্মানি বিশ্বকাপ জিতবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাস সাক্ষী মানলে এবার স্পেন কেন, ইউরোপের কোনো দলেরই সুযোগ নেই
ইতিহাস সাক্ষী মানলে এবার স্পেন কেন, ইউরোপের কোনো দলেরই সুযোগ নেই

স্পেন কি ধরে রাখতে পারবে শিরোপা? প্রতিশ্রুতির মশাল জ্বালানো জার্মানির তরুণ তুর্কিরা কি অবশেষে প্রাপ্য শিরোপাটা জিতে যাবে? আরও একবার হিসাব পাল্টে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরবে ইতালি? ইতিহাসকে যদি সাক্ষী মানেন, তাহলে স্পেন-জার্মানি-ইতালিদের বাতিলের খাতায় ফেলে দেওয়াই ভালো। আমেরিকা মহাদেশে আয়োজিত বিশ্বকাপে যে কখনোই শিরোপা জিততে পারেনি ইউরোপের কোনো দল!

আটলান্টিক মহাসাগর সত্যিই একটা বিশাল বাধা হয়ে আছে ইউরোপের দেশগুলোর জন্য। ভূ-রাজনীতির হিসাব-নিকাশ অন্যরকম হলেও ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে কথাটা খুবই সত্যি। মাঝখানের ওই আটলান্টিক মহাসাগরই যেন রুখে দিচ্ছে ইউরোপিয়ান ফুটবলারদের। এবারও কি সেই একই চিত্রই দেখা যাবে? নাকি ইউরোপ কাটাতে পারবে আমেরিকা-বাধা?

উত্তর ও দক্ষিণ মিলিয়ে আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হয়েছে মোট সাতটি বিশ্বকাপ। প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে ইউরোপিয়ান দেশগুলোকে। পাঁচটি আসরে ফাইনাল পর্যন্ত যেতে পারলেও শিরোপা জয়ের স্বাদ পায়নি হল্যান্ড-জার্মানি-ইতালি। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে যেতে পারে বলেই ধারণা করছেন অনেকে।

বিশ্বকাপ ইতিহাসের শুরুর দিকে যোগাযোগ-যাতায়াতটা ছিল ইউরোপের জন্য একটা বড় বাধা। অনেক কষ্ট করে পাড়ি জমাতে হতো এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইউরোপের চারটি দেশের ফুটবলারদের আটলান্টিক মহাসাগর পেরোতে হয়েছিল জাহাজে চেপে। নতুন পরিবেশে এসে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রেও পড়তে হতো নানা জটিলতার মধ্যে।

কিন্তু বর্তমানের এই বিশ্বায়নের যুগে সেই বাধা প্রায় নেই বললেই চলে। বিলাসবহুল বিমানে চেপে যাতায়াতটা অনায়াসেই করতে পারেন ফুটবলাররা। থাকা-খাওয়া, অনুশীলন—কোনো ক্ষেত্রেই পড়তে হয় না প্রতিবন্ধকতার মুখে। ফলে নতুন কিছুর প্রত্যাশা করতেই পারেন ইউরোপবাসী। শিরোনামে বলা হলো বটে, তবে ইউরোপের কোনো দল বিশ্বকাপ জিতবেই না—সেটা জোর দিয়ে বলার সুযোগ আসলে এখন নেই।

আরও একটি কারণে ইউরোপের দলগুলোর সাফল্য প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকেরা। ইউরোপই এখন তারকা ফুটবলারদের চারণভূমি। ১৯৭৮ সালে আর্জেন্টিনার যে দলটা বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ২২ জনের মধ্যে ২১ জনই খেলতেন আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে। অন্যদিকে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ দলে এমন খেলোয়াড় আছেন মাত্র পাঁচজন। স্বাগতিক ব্রাজিলের অনেক তারকা ফুটবলারও বিশ্বকাপ মিশনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুবাদে।

ফলে কন্ডিশনের সুবিধাটা এখন সেভাবে তুলে নেওয়ার সুযোগ কম। আর্জেন্টিনা দলে যদি সাতজনই থাকেন ইউরোপের ক্লাবে খেলা ফুটবলার, তাঁদের জন্য তো দক্ষিণ আমেরিকার কন্ডিশনও অচেনাই ঠেকবে।

এর আগে ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ফাইনালে যেতে পারলেও ব্রাজিলের কাছে হেরে ব্যর্থ হয়েছিল চেকোস্লোভাকিয়া। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ধরাশায়ী করেছিল ব্রাজিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনা নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতেছিল হল্যান্ডকে হারিয়ে। ১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ব্রাজিল আবারও হারের স্বাদ দিয়েছিল ইতালিকে।

মজার ব্যাপার হলো, ইউরোপের বিশ্বকাপগুলোতেও আমেরিকার দলগুলোর সফলতার সে রকম নজির নেই। মাত্র একবারই শিরোপা জিতেছিল ব্রাজিল, ১৯৫৮ সুইডেন বিশ্বকাপে। এএফপি।