যে গল্প প্রেরণার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে শুধু পদক জিতেই অলিম্পিকের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা যায়? যুক্তরাষ্ট্রের অ্যাবি ডি’অ্যাগোস্টিনো ও নিউজিল্যান্ডের নিকি হাম্বলিন রিও অলিম্পিকে কোনো পদক জেতেননি, তবু তাঁদেরও কি মনে রাখবে না? যতবার রিও অলিম্পিকের প্রসঙ্গ আসবে, সামনে চলে আসবে এই দুই নারী দৌড়বিদের খেলোয়াড়ি চেতনার গল্পও।
ঘটনাটা ঘটেছে পরশু মেয়েদের ৫ হাজার মিটারের সেমিফাইনালে। দৌড়ের তখন আর চার ল্যাপ বাকি, হঠাৎই হাম্বলিনের পায়ের গোড়ালিতে লেগে যায় ডি’অ্যাগোস্টিনোর পা। দুজনই মাটিতে পড়ে যান। পদকের আশাও ওখানেই শেষ। একেবারেই হতাশ না হয়ে উল্টো দুজন ঊর্ধ্বে তুলে ধরলেন অলিম্পিক চেতনা। ডি’অ্যাগোস্টিনো হাত ধরে টেনে ওঠান হাম্বলিনকে। কিন্তু পরে দেখা গেল, যুক্তরাষ্ট্রের দৌড়বিদই পায়ে চোট পেয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো পড়ে যান ট্র্যাকে, এবার হাম্বলিন তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।
শেষ পর্যন্ত হাম্বলিন দৌড় শেষ করেছেন ১৬ মিনিট ৪৩ সেকেন্ডে, ডি’অ্যাগোস্টিনো সবার শেষ। দৌড়ের পর একে অন্যকে জড়িয়ে ধরেছেন, ডি’অ্যাগোস্টিনো ট্র্যাক ছেড়ে বেরিয়েছেন হুইলচেয়ারে করে। তবে পদক জেতা না হলেও দুজনই বিদায় নেন গর্ব করার মতো স্মৃতি নিয়ে। ফক্সস্পোর্টস।