যে গেমসে অভিজ্ঞতা অর্জনই বড়
প্রথম দক্ষিণ এশীয় বিচ গেমসে খেলতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ৮-১৪ অক্টোবর শ্রীলঙ্কার হাম্বানটোটায় হবে প্রতিযোগিতা। ১২টি খেলার মধ্যে বাংলাদেশ খেলবে ফুটবল, মহিলা কাবাডি, সাঁতার, শরীরগঠন ও সার্ফিংয়ে।ফুটবল দল কক্সবাজারে দিন তিনেক অনুশীলন করেছে। কাবাডি খেলোয়াড়দের অনুশীলনটা ছিল অভিনব। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বালু ফেলে তবেই অনুশীলন। বাকি খেলায় বাংলাদেশের অংশগ্রহণ প্রস্তুতি ছাড়াই। তবু সার্ফিং থেকে একটা ভালো কিছু প্রত্যাশা করছেন কর্মকর্তারা। এই দলে আছেন গত বছর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে লং বোর্ডে ব্রোঞ্জজয়ী জাফর আলম। ওদিকে ফুটবল দল নিয়ে বিপ্লব ভট্টাচার্য বললেন, ‘প্রথমবারের মতো খেলতে যাচ্ছি। ফলাফলের চেয়ে অভিজ্ঞতা অর্জনই আসল কথা এখানে। তবে চেষ্টা করব, যতটা সম্ভব ভালো করতে।’বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।