যে ঘটনা ভোলেনি ফরাসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই আঘাত!
সেই আঘাত!

ঘটনাটা ৩২ বছর আগের। অথচ, অনেকের কাছেই ওটা কোনো ধুলো-জমা স্মৃতি নয়। ফরাসি আর জার্মানদের কাছে ওটা তো এমন একটা ঘটনা, যা ভুলে যাওয়ার মতো নয় কোনোদিনই। সেদিনও ছিল বিশ্বকাপের লড়াই। মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর জার্মানি (তখনকার পশ্চিম জার্মানি)। স্পেনের সেভিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ওই সেমিফাইনালটি অনেকের কাছেই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইগুলোর একটি।

কিন্তু ঠিক সে কারণে নয়, ম্যাচটি ইতিহাস মনে রেখেছে জার্মান গোলরক্ষক হ্যারাল্ড শুমাখারের কারণে। ফুটবল ইতিহাসেরই সবচেয়ে নিষ্ঠুর ঘটনা ঘটেছিল শুমাখারের সৌজন্যে।

আজ রাতে আরও একটি বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-জার্মানি। কোয়ার্টার ফাইনালের লড়াই। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার পর বিশ্বকাপের মঞ্চে আর কখনো দেখা হয়নি দুই দলের। ২৮ বছর পর এই দুই দলের মধ্যকার ‘মহারণ’ খুব করেই মনে করিয়ে দিচ্ছে ৩২ বছর আগের সেই ঘটনাটি। জার্মান গোলরক্ষক শুমাখারের সেদিনের সেই কাণ্ড আজও উজ্জ্বল অনেকের স্মৃতিতে।
১৯৮২ বিশ্বকাপের সেই ফ্রান্স-জার্মানি লড়াইটা ছিল আরেক দিক দিয়ে ঐতিহাসিক। বিশ্বকাপের ইতিহাসে সেটাই ছিল টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া প্রথম ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত সেই ম্যাচটি অতিরিক্ত

৩০ মিনিটে দেখেছিল আরও চার-চারটি গোল। পুরো ১২০ মিনিট খেলে ৩-৩ গোলে অনিষ্পন্ন ওই ম্যাচটি পেনাল্টি-ভাগ্যে শেষ পর্যন্ত জিতে নেয় জার্মানি। সবচেয়ে বড় কথা, অতিরিক্ত সময়ে ফ্রান্স ৩-১ গোলে এগিয়ে গিয়ে যখন ফাইনাল খেলার স্বপ্নে বিভোর, ঠিক তখনই জার্মানি আরও দুই গোল শোধ করে খেলাটি নিয়ে যায় টাইব্রেকারে। তাই জার্মানির জয় ‘পেনাল্টি-ভাগ্যে’ বলে জার্মানদের প্রতি একটু অবিচারই করা হয়ে গেল।

এভাবেই চেতনাশূন্য বাতিস্তনকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে
এভাবেই চেতনাশূন্য বাতিস্তনকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে



মিশেল প্লাতিনির ফ্রান্স আর কার্ল হেইঞ্জ রুমেনিগের পশ্চিম জার্মানি সেদিন ফুটবলশৈলীর সর্বোচ্চটাই উপহার দিয়েছিল বিশ্ববাসীকে। কিন্তু জার্মান গোলরক্ষক শুমাখার ফরাসি ডিফেন্ডার প্যাট্রিক বাতিস্তনকে ভয়াবহ এক ফাউল করে কুড়িয়েছিলেন একরাশ ধিক্কার। ফরাসিরা আজও শুমাখারের ওই কাণ্ডকে ফুটবল ইতিহাসের ‘কুখ্যাত’ অধ্যায় হিসেবেই আখ্যা দেয়।

কেবল ফরাসিরা কেন, ফুটবলের শুদ্ধাচারীরাও কণ্ঠ মেলান ফরাসিদের সঙ্গে। শুমাখারের ফাউলটি এতটাই ভয়াবহ ছিল, অনেকেরই আশঙ্কা ছিল, বিশ্বকাপের ইতিহাসে মাঠে প্রথম মৃত্যুর ঘটনাই হয়তো ঘটে যাবে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ধাক্কা খেয়ে রক্তাক্ত বাতিস্তন যখন চেতনাশূন্য, ঘটনার নায়ক কিংবা খলনায়ক শুমাখার ছিলেন একেবারেই নির্লিপ্ত। অনুশোচনাবোধের সামান্য চিহ্নটুকু ছিল না তাঁর মধ্যে। বাকি খেলোয়াড়েরা উদ্বিগ্ন হয়ে বাতিস্তনকে ঘিরে ধরলেও দূরে দাঁড়িয়ে নাটক দেখছিলেন শুমাখার।

মাঠে সেদিন বদলি হিসেবে নেমেছিলেন বাতিস্তন। খেলা তখনো ১-১ গোলে অমীমাংসিত। মিশেল প্লাতিনির একটি ডিফেন্স-চেরা পাস একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন। আগুয়ান শুমাখারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পজিশনে বাতিস্তন যখন জার্মান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে তুলে দেবেন, ঠিক তখনই ঘটে যায় সেই দুর্ঘটনা। শুমাখার ঝাঁপিয়ে পড়েন বাতিস্তনের ওপর। বল ছাড়া শুমাখারের ওই ফাউলে মাটিতে লুটিয়ে পড়েন ফরাসি ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। শুমাখারের আঘাতে ভেঙে যায় তাঁর পাঁজরের দুটো হাড়। হারিয়েছিলেন দুটো দাঁতও।

অচেতন বাতিস্তনকে সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। ঠিক ওই মুহূর্তে বর্ণনা দিয়ে প্লাতিনি বলেছিলেন, ‘ওকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় হচ্ছিল, বাতিস্তন বুঝি বেঁচে নেই।’

মাঠে উপস্থিত দর্শকেরা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন রেফারি চার্লস করভারের নির্লিপ্ততায়। রেফারি জার্মান গোলরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থাই নেননি। বরং বাজিয়েছিলেন গোলকিকের বাঁশি।

এত বড় কাণ্ড করে শুমাখার কি বলেছিলেন জানেন? বলেছিলেন, ‘বাতিস্তন চাইলে ওর ডেনটিস্টের খরচটা দিয়ে দিতে পারি।’ ঘটনাটির এত বছর পরে বাতিস্তন জানিয়েছেন, সেই ঘটনাটি মনে রেখেছেন ভালোভাবেই। তবে শুমাখারের জন্য সুখবর, বাতিস্তন অনেক আগেই ক্ষমা করে দিয়েছেন। এইখানে বাতিস্তনের মহত্ত্ব। এইখানের শুমাখারের সংকীর্ণতা।

ভিডিওতে দেখুন: