যে ড্রয়ে পাকিস্তানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদে না পড়লে কি আর কেউ অন্যের ঘরে সংসার পাতে? পাকিস্তানের হয়েছে সেই দশা। দেশে চলছে নৈরাজ্য। দেশটার ক্রিকেট তাই যাযাবরের মতো ঘুরছে।অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে খেলার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে হলো সংযুক্ত আরব আমিরাতে। টি-টোয়েন্টি সিরিজে ২-০ আর ওয়ানডে সিরিজে ৩-২ ম্যাচে হারার পর দুই টেস্টের সিরিজেও পাকিস্তানের পরাজয়ই দেখছিল সবাই। কিন্তু টেস্ট অধিনায়কত্ব পেয়েই যে মিসবাহ-উল হক ‘দেখিয়ে দেবেন’ বলে ঘোষণা করেছিলেন, তিনি তা হতে দেবেন কেন? দুবাইয়ে প্রথম টেস্ট ড্র করাতে ভূমিকা ছিল মিসবাহর, থাকল কাল আবুধাবিতে ড্রতে শেষ হওয়া দ্বিতীয় টেস্টেও। সিরিজের ফলাফল ০-০ হলেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানের জন্য তো এই ড্রটাই জয়!ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক গ্রায়েম স্মিথের কাছ থেকেও প্রশংসাপত্র পেল এই ‘জয়’, ‘পাকিস্তানকে কৃতিত্ব দিতেই হবে। এত চাপ সামলেও ওরা অনেক ভালো খেলে প্রমাণ করল, তারা বড় ম্যাচে টিকে থাকার মতো প্রত্যয়ী দল।’ জিততে না পারার হতাশার সঙ্গে একটা দুশ্চিন্তাও যোগ হয়েছে স্মিথের জন্য। হাতে চোট পাওয়ায় আগামী মাসে ভারতের বিপক্ষে সিরিজ নিয়েও সংশয়ে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।আবুধাবির ড্রটা ‘জয়’ মিসবাহর জন্যও। প্রথম ইনিংসের ১৫০ রানের লিডটাকে দ্বিতীয় ইনিংসে ৩৫৩ রানে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পর পাকিস্তানের ড্রয়ের পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জবাব দিতেই কিনা প্রথম ইনিংসের ৭৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও করলেন অপরাজিত ৫৮ রান।মিসবাহ বুক চিতিয়ে না দাঁড়ালে বিপদেও পড়তে পারত পাকিস্তান। ৬৬ রানে ওপেনার তৌফিক ওমরের বিদায়ের পর মাত্র ৭ বলের মধ্যে ৩ উইকেট হারানো দলকে ড্রয়ের দিকে নিয়ে গেছে মিসবাহ (৫৮*) ও আজহার আলীর (২৮*) চতুর্থ উইকেট জুটি। তিন ঘণ্টারও বেশি সময় অবিচ্ছিন্ন থেকে ৮৭ রান যোগ করেছেন দুজন। এর আগে ৫ উইকেটে ২০৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজ ড্র করে পাকিস্তান কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। মিসবাহও বললেন, ‘বিশ্বের দ্বিতীয় সেরা দলের সঙ্গে দুটি টেস্ট ড্র করাও একটা নৈতিক জয়। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’ এএফপি, ক্রিকইনফো।