যে তারারা জ্বলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা জ্বলে, তারা নেভে। এই তো বিশ্বকাপের নিয়ম! হামেস রদ্রিগেজ, গিলের্মো ওচোয়া, কেইলর নাভাসদের মতো অনেকে ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়িয়েছেন সব প্রত্যাশা ছাড়িয়ে, হয়ে উঠেছেন মহাতারকা। আবার অনেকে জ্বলে ওঠা তো দূরের কথা, ছিলেন না প্রত্যাশার ধারেকাছেও। তাদের সেই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে দলকে। অনেক প্রত্যাশা ছিল, অথচ ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন এমন খেলোয়াড়দের নিয়ে এই একাদশটি গড়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা—
ইকার ক্যাসিয়াস
ডেভিড ডি গেয়া আর পেপে রেইনার বদলে তাঁর ওপরেই আস্থা রেখেছিলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু হল্যান্ডের কাছে ৫-১ গোলে হারে ইকার ক্যাসিয়াসের বিশ্বকাপের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। তারপর চিলির সঙ্গে পরের ম্যাচে চার্লস আরানগুইজের ফ্রি-কিকের সময় আনাড়ি গোলরক্ষকের মতো তাঁর সেই ভুল। সন্দেহ নেই এই বিশ্বকাপ সেইন্ট ইকারের সুনাম ক্ষুণ্ণ করেছে কিছুটা হলেও।
দানি আলভেজ
রাইট ফ্ল্যাঙ্কে প্রতিপক্ষকে এত বেশি জায়গা দিয়েছেন যে ব্রাজিল সংবাদমাধ্যম ঠাট্টা করে ওই জায়গাটার নামই দিয়েছে ‘আলভেজ সরণি’! একরকম বাধ্য হয়েই পরে তাঁর জায়গায় মাইকনকে খেলিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি। লাভ হয়নি যদিও।
পেপে
জার্মানির সঙ্গে প্রথম ম্যাচে বিরতির আগেই লাল কার্ড দেখেছেন টমাস মুলারকে ঢুস মেরে। পর্তুগালের যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গিয়েছিল ওই ম্যাচেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরের ম্যাচ নিষিদ্ধ থাকার পর ঘানার সঙ্গে সর্বশেষ ম্যাচে ফিরলেন। কিন্তু ক্ষতিটা আর পোষাতে পারেনি পর্তুগাল।
বেনোয়া আসু-একোতো
মেজাজ হারিয়ে নিজের সতীর্থকেই ঢুস! অবিশ্বাস্য মনে হলেও বিশ্বকাপে এমন অপকর্মই করেছেন ক্যামেরুনের এই ডিফেন্ডার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে সতীর্থ বেঞ্জামিন মুকানজোকে মাথা দিয়ে গুঁতো মারেন আসু-একোতো। পরে সাফাই হিসেবে বলেছেন, হতাশা থেকে নাকি অমন জঘন্য কাজ করেছেন তিনি, ‘ওকে বারবার বলছিলাম আমাকে বল পাস দিতে। আর সে বলল তার পেছন থেকে সরে যেতে! এটা আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না।’
এডেন হ্যাজার্ড
বেলজিয়ামের সোনালি প্রজন্মের ফুটবলারদের মধ্যে তাঁর কাছেই প্রত্যাশাটা সবচেয়ে বেশি ছিল। অথচ সবচেয়ে হতাশ করেছেন তিনিই! বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তো খুঁজেই পাওয়া যায়নি এডেন হ্যাজার্ডকে। বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছেন কোচ মার্ক উইলমস।
শিনজি কাগাওয়া
ম্যানচেস্টার ইউনাইটেডে যে কাগাওয়াকে দেখা যায় বিশ্বকাপে জাপানের হয়ে যেন তাঁর ছায়া হয়ে ছিলেন এই মিডফিল্ডার। ফলাফল, আইভরিকোস্ট আর কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচেই বদলি হিসেবে উঠে যেতে হয়েছে। গ্রিসের বিপক্ষে জায়গা হয়নি একাদশেই। ব্যর্থতার কারণ হিসেবে বলেছেন, নিজের সঙ্গেই নাকি লড়াই করে পারছিলেন না!
অ্যালেক্স সং
১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে লাল কার্ড দেখেছিলেন তাঁর চাচা রিগোবার্ট সং। ক্রোয়েশিয়ার বিপক্ষে মারিও মানজুকিচকে কনুই মেরে লাল কার্ড দেখে পারিবারিক এই ধারাটাই যেন ধরে রাখলেন ভ্রাতুষ্পুত্র অ্যালেক্স সং। ক্যামেরুন ম্যাচ হারল ৪-০ গোলে, তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া ক্যামেরুন মিডফিল্ডারের আর খেলা হয়নি বিশ্বকাপে।
ফ্রেড
জেয়ারজিনহো, রোমারিও, বেবেতো, রোনালদোর জায়গা নেওয়ার কাজটা সহজ ছিল না কখনোই। কিন্তু তাই বলে ব্রাজিলের ‘নাম্বার নাইন’ এতটা অকার্যকর প্রমাণিত হবেন! প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে। দুঃস্বপ্নের বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় বলে দিয়েছেন ফ্রেড। তাতে অবশ্য মনে হয় না ব্রাজিলিয়ানদের ক্ষোভ কমেছে তাঁর ওপর।
ক্রিস্টিয়ানো রোনালদো
ফিফা বর্ষসেরা ফুটবলার তাঁর নিজের মানদণ্ডের ধারেকাছেও ছিলেন না। চোট একটা কারণ হতে পারে কিন্তু সেটা দেখিয়ে এ রকম ব্যর্থতা বোধ হয় আড়াল করতে পারবেন না পর্তুগিজ অধিনায়ক। শেষ ম্যাচে ঘানার বিপক্ষে বড় জয় দরকার ছিল পর্তুগালের। কিন্তু অগুনতি সুযোগ নষ্ট করার পর একটাই মাত্র গোল করেছেন রোনালদো। দল জিতেছে ২-১ ব্যবধানে, সে জয় পর্তুগালকে দ্বিতীয় রাউন্ডের টিকিট এনে দিতে পারেনি।
মারিও বালোতেল্লি
ইংল্যান্ডের বিপক্ষে ইতালির জয়সূচক গোলটা করেছিলেন। কিন্তু কোস্টারিকা আর উরুগুয়ের বিপক্ষে পরের দুই ম্যাচে আর ছন্দ খুঁজে পাননি মারিও বালোতেল্লি। মাঠের বাইরের কাণ্ডকীর্তি দিয়ে যতটা বিতর্কিত মাঠে ততটাই নিষ্প্রভ। ফলাফল, তাঁর দলও বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই।