যে পরাজয়কেও ফেল্প্স ভাবেন বিশেষ কিছু

আট বছর আগে জোসেফ স্কুলিংয়ের সঙ্গে দেখা হয়েছিল মাইকেল ফেল্প্সের। সিঙ্গাপুরের সোনাজয়ী এই সাঁতারু তখন ১৩ বছরের কিশোর। স্বপ্নের তারকাকে হাতছোঁয়া দূরত্বে পেয়ে ছবি-টবি তুলে অস্থির হয়েছিলেন স্কুলিং। কিন্তু সেই স্বপ্নের তারকাকেই যখন আট বছর পর নিজের প্রিয় ইভেন্টে ‘সোনা-বঞ্চিত’ করলেন, তখন স্কুলিং ঠিক এই জগতে ছিলেন না। নিজের জয়ের আনন্দের সঙ্গে ঠিকই ছিল ‘বিশ্বাস হচ্ছে না’ জাতীয় একটা অনুভূতি।
ব্যাপারটা দারুণ লেগেছে ফেল্প্সের। নাহ্, স্কুলিং নিজের জয় বিশ্বাস করতে পারছিলেন না, এ কারণে নয়। ফেল্প্সের ভালো লাগাটা হচ্ছে স্কুলিংয়ের এই গৌরবে ‘একটু হলেও’ অবদান রাখতে পারা। একজন অলিম্পিকজয়ী সাঁতারু হিসেবে স্কুলিংয়ের এই অর্জনে ‘সামান্য’ একটা ভূমিকা পালন করেছেন ফেল্প্স—আনন্দটা এ কারণেই।
সোমবার বলেছেন, ‘এমন হারে লজ্জা নেই। দুঃখও নেই। জিততে পারলে খুব ভালো লাগত। কিন্তু অন্যজনের জয়ে সামান্য অবদান রাখতে পারার আনন্দও তো কম নয়।’ ফেল্প্স এমনই বিনয়ী।
স্কুলিংয়ের কাছে হারটাকে বরং ‘বিশেষ কিছু’ই ভাবতে চান ফেল্প্স, ‘এটা অবশ্যই বিশেষ কিছু। এই হারের অর্থ আমার কাছে যা তা হলো, আমি নিশ্চয়ই সাঁতারকে একটু হলেও ভালোর দিকে বদলে দিতে পেরেছি। আমি এই খেলাটার সাহায্যে সব সময়ই থাকতে চাই।’
১০০ মিটার বাটারফ্লাই জিতেই স্কুলিং বলেছিলেন, ‘আমি ফেল্প্সের কারণেই একজন ভালো সাঁতারু হতে পেরেছি।’ এবার পাঁচটিসহ মোট ২৩টি সোনার পদক নিয়ে অলিম্পিককে বিদায় জানানোর লগ্নে ফেল্প্স যেন স্কুলিংকে নিয়ে একটু আবেগতাড়িতই, ‘এই হার একটা যেন উত্তরাধিকার প্রতিষ্ঠা। নিজের উত্তরাধিকার প্রতিষ্ঠা—এর চেয়ে দারুণভাবে আর কীভাবে হতো!’
ফেল্প্সের প্রতিটি অলিম্পিক সোনার গৌরব অবশ্যই অন্য রকম। কিন্তু তাঁকে দেখে বড় হওয়া আরেক সাঁতারু যখন তাঁকেই হারিয়ে দিতে পারেন, সেটাকেও নিজের বিশেষ মুহূর্ত ভাবতে পারেন ফেল্প্স। এই না হলে সত্যিকারের কিংবদন্তি! সূত্র : এএফপি।