যে পুরস্কার নিয়ে এত কিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ballon
ballon

একজন স্ট্যানলি ম্যাথুস। অন্যজন লোথার ম্যাথাউস। দুজন ভিন্ন দেশের খেলোয়াড়। ভিন্ন কালেরও। কিন্তু দুজন মিলে যাচ্ছেন একই বিন্দুতে। এই দুজনের নাম দিয়ে যাত্রা হয়েছিল যে দুটো ব্যক্তিগত পুরস্কারের, সেটিই আজ একসঙ্গে মিলে ফুটবলারদের আরাধ্যের পুরস্কার হয়ে উঠেছে। ফিফা ব্যালন ডি’অর, যে পুরস্কার জেতা এখন প্রত্যেক ফুটবলারের স্বপ্ন।
আগে কিন্তু এই পুরস্কার ফিফা ব্যালন ডি’অর নামে পরিচিত ছিল না; বরং ছিল আলাদা দুটো পুরস্কার। একটি ব্যালন ডি’অর, অন্যটি ফিফা বর্ষসেরা। ফিফা বর্ষসেরা পুরস্কারের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। ১৯৯১ সাল থেকে চালু হয় এটি। প্রথমবার জিতেছিলেন জার্মানির লোথার ম্যাথাউস। আর ব্যালন ডি’অর চালু হয় সেই ১৯৫৬ সাল থেকে। প্রথমবার জিতেছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুস।
ব্যালন ডি’অর প্রথমে দেওয়া হতো শুধু ইউরোপের ফুটবলারদের। পরে নিয়ম বদলে ইউরোপের ক্লাব ফুটবলে খেলা অ-ইউরোপীয়রাও বিবেচিত হতেন। কিন্তু তাঁদের খেলতে হতো ইউরোপেই। আর ফিফা বর্ষসেরার জন্য বিবেচিত হতেন সারা বিশ্বের খেলোয়াড়েরাই। কিন্তু ২০০৫ থেকে ২০০৯—এই পাঁচ বছরে ব্যালন ডি’অর যে খেলোয়াড় জিতেছেন, সেই খেলোয়াড়ই শেষে জিতেছেন ফিফা বর্ষসেরাও। পুরস্কারটির আকর্ষণ তাই বাড়াতে ২০১০ সাল থেকে দুটো পুরস্কার একীভূত হয়। ফিফা বর্ষসেরা আর ব্যালন ডি’অর একসঙ্গে মিলে নাম হয় ফিফা ব্যালন ডি’অর।

ব্যালন ডি’অর ফরাসি শব্দ। অর্থ ‘সোনার বল’। প্রতিবছর একটি জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলারদের সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করে ফিফা। এবারের ব্যালন ডি’অর গালা অনুষ্ঠিত হবে আজ। সুইজারল্যান্ডের জুরিখে। এ দিনই জানা যাবে ২০১৩ সালের ব্যালন ডি’অর কে পাচ্ছেন।

১৯৫৬ সালে ‘ফ্রেঞ্চ ফুটবল’ সাময়িকীর প্রধান গ্যাব্রিয়েল হ্যানোটের উদ্যোগে সাংবাদিকেরা ভোট দিয়ে প্রথম ফুটবলার নির্বাচিত করেন। প্রথম দিকে অবশ্য শুধু ইউরোপিয়ান ফুটবলারদেরই দেওয়া হতো বলে পেলে-ম্যারাডোনার মতো কিংবদন্তিরা ব্যালন ডি’অর থেকে বঞ্চিত হয়েছেন। ১৯৯৫ সাল থেকে নিয়ম পরিবর্তন করা হয়। এই পুরস্কারের আওতায় আসেন অ-ইউরোপীয় ফুটবলাররাও। প্রথম অ-ইউরোপীয় হিসেবে এই পুরস্কার জেতেন লাইবেরিয়ার ফুটবলার জর্জ উইয়াহ। অনেক গ্রেট ফুটবলারের হাতে উঠেছে মর্যাদাবান পুরস্কারটি। এঁদের মধ্যে মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, ব্রাজিলের রোনালদো, রিভালদো, রোনালদিনহোর নাম বলতেই হবে।

ব্যালন ডি’অর সর্বোচ্চ তিনবার করে জিতেছেন হল্যান্ডের ক্রুইফ, ফ্রান্সের মিশেল প্লাতিনি এবং বর্তমান সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি। মেসি আসলে টানা চারবার জিতেছেন এই পুরস্কার। মাঝখানে নাম পরিবর্তনটা বাদ দিলে মেসি আসলে টানা চারবারের ব্যালন ডি’অরজয়ী। টানা চারবার ফিফা বর্ষসেরাও। এই কৃতিত্ব ফুটবল ইতিহাসেই আর কারও নেই।

ফিফা ব্যালন ডি’অরে কিন্তু বর্ষসেরা নারী ফুটবলারটিকেও সম্মানিত করা হয়। ফিফা বর্ষসেরা পুরস্কারটি যেমন রেকর্ড পাঁচবার জিতেছেন ব্রাজিলের মার্তা। কেন তাঁকে ‘স্কার্ট পরা পেলে’ বলা হয়, সেটি এখান থেকেই বোঝা যায়। বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা কোচকেও দেওয়া হবে পুরস্কার। আছে সেরা গোলের জন্য ফেরেঙ্ক পুসকাস পুরস্কার। গড়া হবে ২০১৩ সালের বর্ষসেরা একাদশও।