যে পুরস্কারে হাসলেন মেসি-রোনালদো দুজনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একফ্রেমে এলএফপির বর্ষসেরার পুরস্কারজয়ী সবাই।
একফ্রেমে এলএফপির বর্ষসেরার পুরস্কারজয়ী সবাই।

লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়া সত্যিই কঠিন। আর তাই সবচেয়ে সহজ পথেই হাঁটল স্প্যানিশ লিগের আয়োজক এলএফপি। মেসিকে লা লিগার বর্ষসেরা পুরস্কার দেওয়া হলো। একই সঙ্গে রোনালদো পেলেন মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার। একজনের মুখে বিজয়ী হাসি থাকলে অন্যজনের মুখে সেটি উবে যাবে কেন? এলএফপি এমন ব্যবস্থা করল, যেন বিজয়ীর হাসি হাসতে পারেন দুজনই!
অনুষ্ঠানে রোনালদো হাজির হলেও চোট সারার মিশন নিয়ে আর্জেন্টিনায় চলে যাওয়া মেসির সরাসরি উপস্থিতি ছিল না। তিনি হাজির হয়েছিলেন ভিডিও বার্তার মাধ্যমে। এই অনুষ্ঠানে মেসির নামেই ঘোষিত হলো দুটো পুরস্কার। ২০১২-১৩ মৌসুমের সেরা ফুটবলারের পাশাপাশি সেরা ফরোয়ার্ডের পুরস্কারও পেয়েছেন গত মৌসুমে ৪৬ গোল করা এই বার্সেলোনা তারকা।
পুরস্কার জিতেছেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তাও। তিনি পেয়েছেন গত মৌসুমের সেরা অ্যাটাকিং মিডফিল্ডারের পুরস্কার। রিয়ালের সার্জিও রামোস জিতেছেন সেরা ডিফেন্ডারের পুরস্কার। সেরা গোলরক্ষক হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের করতোয়া।
পুরস্কার জয়ের পর ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সেরা খেলোয়াড়ের পুরস্কারটা না পেলেও সবচেয়ে দামি খেলোয়াড় হতে পেরেই খুশি রোনালদো, ‘সবচেয়ে দামি খেলোয়াড়ের পুরস্কার পাওয়াটা বড় সম্মানের। এটা আমাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। নিজেকে সব সময় রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ভেবেছি। এখনো তেমনই ভাবি। ক্লাবের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছি, এটা কাকতালীয় ঘটনা নয়। আমার কাছে এটাই বিশ্বের সেরা লিগ। আর বিশ্বের সেরা ক্লাবেই আছি আমি। আমি কি খুশি না হয়ে পারি? আশা করছি, আগামী বছর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতব। সেই চেষ্টাটাই করে যাব আমি।’