যে বিতর্কের শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের পতাকা হাতে দর্শক গ্যালারিতে এরা কারা? ছবি: শামসুল হক
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের পতাকা হাতে দর্শক গ্যালারিতে এরা কারা? ছবি: শামসুল হক

এক গালে আঁকা পাকিস্তানের চাঁদ-তারা পতাকা। পরনে পাকিস্তানের জার্সি। তাতেও যদি সাচ্চা সমর্থক প্রমাণে ঘাটতি থেকে যায় সেই ভেবেই হয়তো বিরাট এক সাদা-সবুজ পতাকা নিয়েও হাজির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দক্ষিণ প্লাজার গেটে দাঁড়িয়ে থাকা সেই পাকিস্তান সমর্থকের মধ্যে দেখা গেল ভীষণ তাড়া। বাইরে থেকে ততক্ষণে শোনা গেছে টপাটপ পড়ে গেছে পাকিস্তানের তিন উইকেট। ভেতরে ঢোকার জন্য তাই এই অস্থিরতা। লাইনে দাঁড়িয়ে উসখুস করছেন।

সাংবাদিক পরিচয়ে দুই মিনিট কথা বলার অনুরোধ জানাতেও ঠিক সাড়া মিলছিল না। ‘আচ্ছা আপনি পাকিস্তানের সমর্থন কেন করেন?’ প্রশ্নটাতে কাজ হলো। নিপাট উত্তর মিলল ঢাকা কলেজের ছাত্র সাব্বির রহমানের কাছ থেকে, ‘কারণ আমি আফ্রিদির খুব ফ্যান। ওর খেলা আমার ভালো লাগে। আফ্রিদির জন্যই আমি পাকিস্তান সাপোর্ট করি।’

নিরীহ উত্তর। কিন্তু কিছুদিন ধরে ফেসবুকে এই বিতর্কটি নিয়ে যে ঝড় চলছে, তা কিন্তু মোটেও নিরীহ গোছের নয়। বাংলাদেশের কোনো মানুষের পাকিস্তান সমর্থন করা উচিত কি না? পাল্টা প্রশ্নও ওঠে—বাংলাদেশের কারও ভারতের সমর্থন করাও কি ঠিক? কিংবা ভারত-পাকিস্তান এই ‘দ্বন্দ্ব’ ছাপিয়ে আরেকটি প্রশ্ন উঠছে, আমাদের দল এখন যে অবস্থানে গেছে, তাতে অন্য কোনো দেশের সমর্থন করা কি অশোভনীয় নয়?

এই প্রশ্নগুলোর নিরপেক্ষ উত্তর অন্তত আজ শেরেবাংলা স্টেডিয়ামে খুঁজে পাওয়া কঠিন ছিল। ভরা গ্যালারির প্রায় পুরোটাই পাকিস্তান সমর্থকদের দখলে। ফলে ভোটাভুটিই বলুন কিংবা জরিপ, তাতে নিঃসন্দেহে পাকিস্তানকে সমর্থন করার পক্ষেই রায় যেত বেশি। এই পাকিস্তান সমর্থকদের কথা একটাই, খেলা খেলাই। এর সঙ্গে রাজনীতি, দেশপ্রেম কিংবা মুক্তিযুদ্ধ টেনে আনা ঠিক নয়। পাকিস্তান সমর্থক ব্যাংক কর্মকর্তা হাফিজুর রশিদ যেমন বললেন, ‘কদিন পরেই ফুটবল বিশ্বকাপ। তখন কিন্তু আমরা আর্জেন্টিনা-ব্রাজিল নিয়েই মাতামাতি করব। কই, তখন তো কেউ দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবে না। সমর্থন করার পেছনে রাজনীতি থাকে না। থাকে সেই দলটির খেলার প্রতি ভালোবাসা। খোঁজ নিয়ে দেখবেন, এই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকেরা ঠিকমতো জানেও না দেশ দুটো কোথায়। অথচ এই দলগুলো হারলে তারা সারা রাত কাঁদে।’

কিন্তু সমীকরণটা এত সহজ নয় বলেই মনে করেন আজ শ্রীলঙ্কাকে সমর্থন দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নওশাদ। পাকিস্তানের বিরোধিতা করেন বলেই শ্রীলঙ্কাকে সমর্থন দিচ্ছেন। সরল স্বীকারোক্তি করে নওশাদ বলছেন, ‘দেখুন, এখানে যারা পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, তারা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংলাদেশকে সমর্থন করেছে কেন? কারণ বাংলাদেশ তাদের দেশ, তাই তো? সেই হিসাবে তখন তারাই কিন্তু খেলার মধ্যে রাজনীতি আনছেন। নিখাদ সমর্থনই যদি শেষ কথা হয়, তাহলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে তো পাকিস্তানকেই সমর্থন করা উচিত তাদের।’

পাশে দাঁড়ানো তাঁর বন্ধু রাশেদ টিপ্পনি কেটে বন্ধুর উদ্দেশে বললেন, ‘তুই কিছুই জানিস না। বাংলাদেশের পাকিস্তানি সমর্থকদের অনেকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকেই সমর্থন করেছিল। আমি নিজে ফেসবুকে অনেকের স্ট্যাটাস-কমেন্ট দেখেছি, যারা বলেছে, বাংলাদেশের একটা ম্যাচ জিতে কী হবে? তার চেয়ে পাকিস্তানই জিতুক। ফাইনাল কনফার্ম হোক।’

ক্ষুরধার যুক্তি দিয়ে রাশেদ যোগ করলেন, ‘দেখুন, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে আফ্রিদি ‘বাংলাদেশি ভাই’দের কত প্রশংসা করল সমর্থন দেওয়ার জন্য। সেই আফ্রিদি নিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিফটির পর ব্যাট তুলেছে? সেই ম্যাচ শেষে মিসবাহ বাংলাদেশের পাকিস্তানি সমর্থকদের ধন্যবাদ দিয়েছে? মুখে যতই বলা হোক, পাকিস্তান শেষ পর্যন্ত আমাদের প্রতিপক্ষই। ভারতও। তাই বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমীরই উচিত না ভারত কিংবা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সমর্থন করা।’

তবে আরেক পক্ষকে পাওয়া গেল যারা বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিতও নয়। সেই নব্বই দশক থেকে মাঠে গিয়ে খেলা দেখেন জহিরুল আলম। তিনি বললেন, ‘একটা সময় ছিল ক্রিকেটে আমাদের নিজেদের দলের সে রকম কোনো অবস্থানই ছিল না। স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ হিসেবে ভারত-পাকিস্তানের অনেক সমর্থক ছিল এই দেশে। সত্যি বলতে আমি নিজে এক সময় পাকিস্তানের সাপোর্ট করতাম। কিন্তু বাংলাদেশ ধীরে ধীরে শক্তিশালী দল হয়ে ওঠাতে অন্য দলের প্রতি আবেগটা নাই হয়ে গেছে। আমার মতো অনেকেই আছেন এক সময় ভারত বা পাকিস্তান সমর্থন করতেন, এখন শুধুই বাংলাদেশের সাপোর্টার। আরও কিছুদিন গেলে আমাদের দল যদি আরও শক্তিশালী হয়ে ওঠে, অন্য দেশের সমর্থক খুঁজেই পাওয়া যাবে না। চিত্রটা অবশ্যই ধীরে ধীরে হলেও পাল্টাচ্ছে।’

সত্যিই পাল্টাচ্ছে। আগে আমাদের গ্যালারিতে কোনো তরুণী ‘ম্যারি মি, আফ্রিদি’র প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে আলোচিত হন। এখন আমাদের দেশের তরুণীরা আলোচিত হন দেশের পরাজয়ে গ্যালারিতে হু হু কান্নায় ভেঙে পড়ে!