যে মেসি লজ্জাবনতও!
এ কোন মেসি? মেসিই খেলেছেন তো? নাকি ১০ নম্বর জার্সিতে অন্য কেউ, যাঁর চেহারা হুবহু মেসির মতোই!মেসির খেলা বোঝাতে সব সময় ‘বিস্ময়কর’ শব্দটার দরকার হয়। পরশু যা খেললেন, সেটিও বিস্ময়কর। বার্সার জার্সি গায়ে এমন নিষপ্রভ মেসিকে কি কেউ দেখেছে এর আগে! এমনকি ‘হাফ ফিট’ মেসিও আগের ম্যাচেই বার্সার ত্রাতা হয়ে এসেছিলেন বদলি হিসেবে নেমে গোল করিয়ে। ‘ফিট’ মেসির কী হয়েছিল পরশু? কিংবা মেসি আদৌ পুরো ফিট ছিলেন তো?এই প্রশ্নগুলোই ঘুরেফিরে আসছে। মেসির কাছ থেকেই মিলল উত্তর, ‘অনেক দিন মাঠের বাইরে বসে ছিলাম। শতভাগ স্বস্তি অনুভবও করছিলাম না। তবে আমি চোটগ্রস্ত ছিলাম না। খেলার মতো অবস্থা ছিল আমার।’ পারেননি, এই ব্যর্থতা মাথা পেতে নিচ্ছেন, ‘ওরা আমাদের সবগুলো বিভাগেই হারিয়ে দিয়েছে। ফলটা অন্য রকম করার জন্য আমি কিছুই করতে পারলাম না। এটা আমার জন্য লজ্জার। ন্যু ক্যাম্পে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা চেষ্টা তো করবই।’ম্যাচ শেষে বার্সেলোনার প্রতিক্রিয়ায় দুটি প্রসঙ্গই অনুমিত ছিল। রেফারিং নিয়ে সমালোচনা এবং ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আশাবাদ। এই দুইয়ের কোনোটাই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হয়নি। রেফারিং নিয়ে অসন্তোষ আছে। কিন্তু রেফারির কারণে বার্সা তো পেনাল্টি থেকে বেঁচেও গেছে। ম্যাচ শেষে জর্ডি রৌরা তাই আক্ষেপের কথা জানিয়ে প্রাপ্য কৃতিত্বটাই দিলেন বায়ার্ন মিউনিখকে। স্তব্ধ হয়ে বার্সার পতন দেখা টিটো ভিলানোভার বদলে সাংবাদিকদের সামনে হাজির হওয়া বার্সার সহকারী কোচ বলেছেন, ‘রেফারিকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা পরিষ্কার তারা দুটি অবৈধ গোল করেছে। প্রতিবারই আমরা যখন অন্যের মাঠে খেলি, সেটা এসি মিলান হোক কিংবা পিএসজি, বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়। কিন্তু এটাকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাতে পারি না। অবৈধ দুটি গোল হয়েছে, কিন্তু তাতে প্রতিপক্ষের কৃতিত্ব আমরা কেড়ে নিতে পারি না। বায়ার্ন আমাদের চেয়ে ভালো দল ছিল। আমরা তাদের শারীরিক চাপের সামনে দাঁড়াতে পারিনি।’রেফারিং নিয়ে কোনো আপত্তি জানালেন না বক্সে হ্যান্ডবল করেও বেঁচে যাওয়া জেরার্ড পিকেও, ‘ওরা আমাদের ধ্বংস করে দিয়েছে। রেফারির কোনো ভূমিকা এতে ছিল না। এখন এটা আমাদের জন্য অসম্ভব একটা কাজ, তবে ফিরতি লেগে আমাদের একটু লড়াই দেখাতেই হবে।’সেই লড়াই বার্সা করবে। তবে নিজেদের মাঠে হলেও বায়ার্নের মতো দলের জালে ৪টা গোল ঢোকানো অসম্ভবের কাছাকাছি একটা কাজ। আর কোনোমতে বার্সাকে যদি একটা গোল দিয়ে দেয় বায়ার্ন, সে ক্ষেত্রে বার্সাকে জিততে হবে ৬-১ গোলে! বাস্তবতা বোঝেন বলেই রৌরা বলছেন, ‘অলৌকিক ব্যাপারটাকে বাস্তবের জমিনে নামিয়ে আনা খুব কঠিন।’ এএফপি, রয়টার্স।