যে ম্যাচ খেলতে চায়নি কোনো দল
লুই ফন গাল সরাসরিই বলেছেন, এ ম্যাচ অর্থহীন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দরকার আছে কি না, এ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন হল্যান্ড কোচ। শুধু তা-ই নয়, এমন একটা ম্যাচ খেলা যৌক্তিক কি না, সেসবও নিয়ে তাঁর মনে অনেক প্রশ্ন। ফন গালের যুক্তিও আছে। একটা দল খুব ভালো খেলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। তারপর সেমিফাইনালে হেরে যাওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হলো। যে দলটা পুরো টুর্নামেন্ট এত ভালো খেলেছে, তারাই বাড়ি ফিরতে পারে পর পর দুটি ম্যাচ হারের দুঃস্মৃতি নিয়ে। সেমিফাইনাল খেলা একটা দলের জন্য এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে! সুতরাং ডাচ কোচ এই ম্যাচ খেলতেই চান না!
চায়নি আসলে ব্রাজিলও। ব্রাসিলিয়ায় আজকের ম্যাচ নয়, ব্রাজিল আসলে খেলতে চেয়েছিল আগামীকাল মারাকানার ফাইনাল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে পিষ্ট হয়ে সেই স্বপ্ন ভেঙে গেছে। এস্তাদিও মিনেইরাওতে সেদিনের হারটা ব্রাজিলের জন্য এত বড় ধাক্কা হয়ে এসেছে যে শুধু আজ কেন, আরও অনেক দিন ব্রাজিল কোনো ফুটবল ম্যাচ খেলার মতো মানসিক অবস্থায় থাকবে কি না সন্দেহ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেলতে তাই আজ অনেকটা বাধ্য হয়েই মাঠে নামবেন স্কলারির শিষ্যরা। ব্রাজিলিয়ানদের মানসিক অবস্থাটা বোঝা যাবে রাইট ব্যাক দানি আলভেজের কথা শুনলেই, ‘আমাদের কাছে শুধু প্রথম হওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। অন্য কোনো কিছুরই কোনো মানে নেই।’ তবে এতটা হতাশ না হয়ে যতটুকু পারা যায় ইতিবাচক থাকার জন্য সতীর্থদের অনুরোধ করেছেন চোটের কারণে সেমিফাইনালের আগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বলেছেন, ‘চাই অন্তত হাসিমুখে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে। এমন না যে এটা আমাদের যন্ত্রণা কমিয়ে দেবে। তবে জয় দিয়ে শেষ করাটা গুরুত্বপূর্ণ।’ একই চাওয়া অধিনায়ক থিয়াগো সিলভারও। সেই চাওয়া পূরণের জন্য অবশ্য তিনি নিজেই আজ মাঠে থাকছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ আবার মাঠে ফিরছেন ব্রাজিল ডিফেন্ডার। একাদশে ফিরতে পারেন আলভেজও। সে ক্ষেত্রে মাইকনকে আবার বেঞ্চে চলে যেতে হবে। একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর অবশেষে স্ট্রাইকার ফ্রেডকে আজ একাদশের বাইরে রাখতে পারেন কোচ লুইস ফেলিপে স্কলারি। জার্মানির বিপক্ষে ম্যাচ শেষে তাঁকে দুয়ো পর্যন্ত দিয়েছিলেন ব্রাজিল সমর্থকেরা। ফ্রেড না খেললে একাদশে ঢুকে যাবেন উইলিয়ান। বাধ্য হয়েই যেহেতু খেলতে হচ্ছে, জয় দিয়েই শেষটা করতে চায় ডাচরাও। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেও নিয়মিত সময়ে এই বিশ্বকাপে কোনো ম্যাচে হারেনি হল্যান্ড। কোস্টারিকার সঙ্গে টাইব্রেকারের জন্য টিম ক্রালকে বদলি নামিয়ে চমকে দেওয়া ডাচ কোচ আজ বিশ্বকাপের শেষ ম্যাচে সুযোগ দিতে পারেন তাঁর তৃতীয় গোলরক্ষক মিশেল ভর্মকে। হল্যান্ডের ২৩ জনের স্কোয়াডের ২২ জনই এ বিশ্বকাপে কোনো না কোনো ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। শুধু ভর্মেরই খেলা হয়নি কোনো ম্যাচে!