যে ম্যাচ গুঁড়িয়ে দিয়েছিল ব্রিটিশ দম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শতাব্দীর সেরা ম্যাচের’ আগে ইংল্যান্ড ও হাঙ্গেরির অধিনায়ক বিলি রাইট ও ফেরেঙ্ক পুসকাস
‘শতাব্দীর সেরা ম্যাচের’ আগে ইংল্যান্ড ও হাঙ্গেরির অধিনায়ক বিলি রাইট ও ফেরেঙ্ক পুসকাস

১৯৫৩ সালের ২৫ নভেম্বর। ফুটবলের তীর্থস্থান ওয়েম্বলিতে মুখোমুখি হয়েছিল তত্কালীন ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও হাঙ্গেরি। সে সময় ঘরের মাঠে ইংল্যান্ড ছিল অদম্য। ইউরোপের কোনো দেশই ইংল্যান্ডে গিয়ে তাদেরকে হারাতে পারেনি। কিন্তু ‘মারভেলাস ম্যাগিয়ার্স’ নামে খ্যাত হাঙ্গেরিও ছিল অবধ্য। টানা তিন বছর ধরে তারা ছিল অপরাজিত।
হাঙ্গেরি আর ইংল্যান্ডের এই লড়াইটা সে সময় ইংলিশ গণমাধ্যমে পরিচিত পেয়েছিল ‘শতাব্দীর সেরা ম্যাচ’ হিসেবে। তবে শুধু ফলাফল বা মাঠের পারফরম্যান্সের জন্যই ম্যাচটা স্মরণীয় নয়। ৬০ বছর আগের এই লড়াইটা নাড়িয়ে দিয়েছিল ইউরোপের মনোজগত্। চূর্ণ করেছিল সাম্রাজ্যের অহংকার।
ম্যাচ শুরুর আগে অধিনায়ক বিলি রাইট, স্ট্যানলি ম্যাথুস, আলফ রামসেসহ অন্য ইংলিশ খেলোয়াড়েরা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী। ইংলিশ সাম্রাজ্যের মতো তাঁরাও তখন ছিলেন নিজেদের সর্বোচ্চ শিখরে। নভেম্বরে এই ম্যাচটির কয়েক মাস আগেই ইংল্যান্ড পরিচালিত অভিযাত্রায় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠেছেন এডমুন্ড হিলারি। তার কিছুদিন পরেই রাজ্যাভিষেক হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের। পুরো ইংল্যান্ডেই তখন বইছে সাম্রাজ্য দাম্ভিকতার হাওয়া। ১৯৪৭ সালে উপমহাদেশের শাসন ছেড়ে দিতে হলেও সে সময় আফ্রিকার একটা বড় অংশ ও দক্ষিণ পূর্ব এশিয়া ছিল ব্রিটিশ সাম্রাজ্যের দখলে।
এ রকম আবহের মধ্যেই ইংল্যান্ডে খেলতে এসেছিল হাঙ্গেরি। খেলা শুরুর ঠিক আগমুহূর্তে এক ইংলিশ ধারাভাষ্যকার হাঙ্গেরির অধিনায়ক ফেরেঙ্ক পুসকাসকে দেখে বলেছিলেন, ‘ছোট, বেঢপ খেলোয়াড়।’ তাদের তখন বিন্দুমাত্রও ধারণা ছিল না যে এই ছোট্ট মানুষটাই কীভাবে তাদের তারকা ফুটবলাদের জীবন দুর্বিষহ করে দেবে। খেলা শুরুর ৪৫ সেকেন্ডের মধ্যেই ইংলিশ অহংয়ে প্রথম চপেটাঘাত। ২৭ মিনিট পরেই ম্যাচের স্কোর—হাঙ্গেরি ৪: ০ ইংল্যান্ড! পরের দুটি গোলই করেছিলেন সেই ছোট্ট, বেঢপ খেলোয়াড় পুসকাস। তাঁর দ্বিতীয় গোলটা এখনো ফুটবল বিশ্বে বিখ্যাত হয়ে আছে ‘ড্রাগ ব্যাক গোল’ নামে।

দ্বিতীয়ার্ধের ১২ মিনিট পরে হাঙ্গেরি এগিয়ে ছিল ৬-৩ গোলে। বাকি ৩৩ মিনিটে তারা আরও তিন-চারটা গোল অনায়াসেই  দিতে পারত। কিন্তু ম্যাচটা শেষ হয় ওই ৬-৩ গোলের ব্যবধানেই। লজ্জাজনক এই হারের পর ইংল্যান্ডের ডিফেন্ডার সিড ওয়েন হতাশ কণ্ঠে বলেছিলেন, ‘মনে হচ্ছিল আমরা অন্য গ্রহের মানুষের সঙ্গে খেলছি।’

ওয়েম্বলির এই ম্যাচ ভেঙে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের দম্ভ। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের শুরুর সময় হিসেবেও পঞ্চাশের দশকের শুরুকেই ইঙ্গিত করেন ইতিহাসবিদেরা। তবে এই একটা ম্যাচের কারণেই ব্রিটিশ সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল বলাটা বাড়াবাড়িই হয়ে যাবে। কিন্তু ইংলিশদের শ্রেষ্ঠত্বের অহংকার যে পুসকাসরা চূর্ণ করে দিয়েছিলেন, তাতে কোনো সন্দেহই নেই।

কয়েক মাস বাদে ইংল্যান্ড ফুটবল অঙ্গনের পরিস্থিতি হয়েছিল আরও করুণ। ১৯৫৪ সালের মে মাসে হাঙ্গেরির মাঠে গিয়ে ইংল্যান্ড হেরেছিল ৭-১ গোলের ব্যবধানে। এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। অল্প কয়েক দিনের ব্যবধানে টানা দুটি হারের ফলে দুনিয়া সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল ইংলিশরা।

ফুটবলের আবিষ্কারক হিসেবে ইংল্যান্ডের ধারণা ছিল খেলাটার প্রতি স্বাভাবিকভাবেই তাদের দখল অন্যদের চেয়ে অনেক বেশি। বাইরের কোনো দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলাটাকেও একসময় তারা নিজেদের মর্যাদার জন্য হানিকর বলেই ভাবত। ১৯৫০ সালের আগে ইংল্যান্ড বিশ্বকাপেও অংশ নেয়নি। কিন্তু নাক উঁচু ইংলিশদের বাস্তবতার মাটিতে নামিয়ে এনেছিল হাঙ্গেরি। ইংলিশ ফুটবলে এসেছিল আমূল পরিবর্তন।

১৯৫৪ সালের আগ পর্যন্ত ইংল্যান্ড ফুটবল দল খেলত বহুদিনের পুরোনো ডব্লিউএম ফরম্যাটে। হাঙ্গেরির কাছে হারের পর প্রথমবারের মতো কৌশল পরিবর্তনেও বাধ্য হয় ইংল্যান্ড। বিদেশি ফুটবলারদের বিপক্ষে আরও বেশি করে খেলার ওপরও জোর দিয়েছিলেন অনেকে। হাঙ্গেরির খেলার ধরন, কোচিং পদ্ধতি অনুসরণ করেছিল লিভারপুল, টটেনহাম ও ওয়েস্টহামের মতো ইংলিশ ক্লাবগুলোও। সূত্র: বিবিসি অনলাইন