যে ম্যাচে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ জেমি সিডন্স জিততে ভালোবাসেন। অধিনায়ক সাকিব আল হাসান থাকতে চান উন্নতির ধারায়। সামনে যখন শ্রীলঙ্কা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই দুই চাওয়া একই বিন্দুতে মিলবে কিনা সেটাই প্রশ্ন।সিডন্সের প্রত্যাশা অনেক বেশি। সংবাদ সম্মেলনে সরাসরি জয়ের কথা না বললেও পাশে বসে থাকা অধিনায়ক সাকিবকে যেন আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইলেন দলের কাছ থেকে কী হতে পারে তার নববর্ষের উপহার, ‘শ্রীলঙ্কাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি, নিজেদের অবস্থান বোঝার, আমরা কতটা উন্নতি করেছি তা জানার একটা সুবর্ণ সুযোগ এটা।’ কোচকে আশাহত করতে চাইলেন না সাকিবও, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই যেকোনো দলের বিপক্ষে জেতা সম্ভব।’বাংলাদেশের ক্রিকেটে ২০০৯ সাল জ্বলজ্বল করবে সাফল্যের বছর হিসেবে। নতুন বছরে নতুন শুরুর আগেও বাংলাদেশ দলকে আত্মবিশ্বাসী করে তুলছে পুরোনো বছরটাই। ‘গত ১২ মাসে মূলত ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষেই খেলেছি আমরা। তবে গত মাসে ঘরোয়া প্রিমিয়ার লিগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয়েছে। এবার অনুশীলনও হয়েছে অসাধারণ’—বলেছেন কোচ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ মানেই বাংলাদেশের হার, গত বছরের শুরু আর শেষের সিরিজ দুটি যে সেই ‘শিক্ষাই’ দিচ্ছে! সাকিব কথাটা মানলেন, আবার মানলেনও না, ‘হয়তো আমরা একটু টেনশনে থাকি। তবে আমার মনে হয় না সে রকম কিছু...আমরা সব সময় চেষ্টা করি কীভাবে আরও উন্নতি করায় যায়। আগামীকালের (আজকের) ম্যাচেও সেটাই চেষ্টা করব।’কাল সকালে অনুশীলন দেখেই আভাস পাওয়া যাচ্ছিল আজকের ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দল। শাহরিয়ার নাফীস নেটে ব্যাটই করলেন না, বোলিং মেশিনের সামনে ব্যাট করলেন ইনডোরে। অন্যদিকে নেটে অনেক সময় নিয়ে ব্যাট করলেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল আর ইমরুল কায়েস। যদিও দিনের শেষে আর অনুমানের প্রয়োজন পড়ল না, কোচ নিজেই জানিয়ে দিলেন, প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকছেন দুই আইসিএল-ফেরত শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদ এবং দুই পেসার সৈয়দ রাসেল ও শাহাদাত হোসেন।তার মানে, দলে থাকা দুই পেসারই অনভিজ্ঞ—রুবেল হোসেন ও অভিষেক ম্যাচ খেলতে যাওয়া সফিউল ইসলাম। সাকিব অবশ্য তাঁদের নিয়ে এতটাই আশাবাদী যে মাশরাফিবিহীন পেস আক্রমণেও ধার আশা করছেন, ‘মাশরাফি ভাই না থাকাটা অবশ্যই অনেক বড় ব্যাপার। আমাদের পেস আক্রমণে তিনি সব সময়ই সেরা। তাঁর অভাব তো বোধ করবই। তার পরও যারা আছে, আমার মনে হয় না তারা খুব একটা খারাপ বল করবে।’ গত কয় বছর নতুন বলে বেশ কয়েকটা কম্বিনেশন চেষ্টা করেও ভালো ফল পাওয়া যায়নি। বাংলাদেশ অধিনায়ক তাই আস্থা রাখতে চান দুই তরুণের ওপরই, ‘সুহাস (সফিউল) গত দুই বছর লিগে খুব ভালো পারফর্ম করেছে। আর রুবেল সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে খুব ভালো বোলার হয়ে উঠবে।’ স্পিনারদের ওপর নির্ভরতার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা যেহেতু দুটো পেস বোলার নিয়ে খেলছি, সম্ভবত পাওয়ার প্লেতেই স্পিনার আনতে হবে। সেভাবে কিছু পরিকল্পনাও করা আছে।’কিন্তু শ্রীলঙ্কাকে নিয়ে কী পরিকল্পনা বাংলাদেশের? প্রতিপক্ষের অনেক ক্রিকেটারের নামই যে ঠিকমতো বলতে পারছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা! পরশু ঢাকায় এসে ভারতের সহ-অধিনায়ক বীরেন্দর শেবাগ ‘অজ্ঞাত’ এই ক্রিকেটারদেরই বড় সমস্যা বললেও সাকিব বলছেন উল্টোটা, ‘আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। ওদের বেশির ভাগ খেলোয়াড় অনভিজ্ঞ, অন্যদিকে আমরা অনেক ম্যাচ খেলেছি। ওদের বোলিংয়ের কথা চিন্তা করলে আমরা মোটামুটি অভিজ্ঞ দল। সেদিক থেকে মনে হয় আমাদের সুবিধাই বেশি।’ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের সাফল্য বাদ দিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আনন্দময় দিনের অর্থ এখনো ‘বিচ্ছিন্ন ঘটনা’। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ফেবারিট দাবি করার সময়টাও এখনো আসেনি তাই। নইলে কোচ-অধিনায়ক মিলে কাল হয়তো সরাসরিই বলে দিতেন—‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরাই ফেবারিট।’