
‘জোগো বনিতো’ শব্দযুগল ব্রাজিলিয়ান ফুটবলেরই পরিচয়। তবে সুন্দর ফুটবলটা এবার কলম্বিয়া দলটির সঙ্গেও বেশ যাচ্ছে । হতে পারে গত ১৬ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপ খেলছে দলটা, তবে ফুটবল শিল্প হয়ে ফোটে তাদের পায়েও। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-কলম্বিয়ার মুখোমুখি হওয়া তাই দিচ্ছে রোমাঞ্চকর একটি ম্যাচের হাতছানি। অনেকেরই ধারণা, নান্দনিকতার দিক দিয়ে ব্রাজিল বিশ্বকাপের সবচেয়ে সুন্দর ম্যাচটি দেখা হয়ে যেতে পারে ৪ জুলাইয়ের ম্যাচে, ফোর্তালেজায় । দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে ব্রাজিলের টাইব্রেকারে জয় আর কলম্বিয়ার কাছে উরুগুয়ের হার সাজিয়ে দিয়েছে এই মঞ্চ।
আলোচনায় শুধু ব্রাজিল বিশ্বকাপকে রাখলে এবার ব্রাজিলের চেয়েও অনেক বেশি নান্দনিক ফুটবল খেলেছে কলম্বিয়া। ব্রাজিল তো স্নায়ুজর্জর পারফরম্যান্সে দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে হারতে হারতে টাইব্রেকারে জিতল। এর আগে গ্রুপপর্বেও কেবল ক্যামেরুনের বিপক্ষেই ব্রাজিল-ফুটবলারদের শিল্পী মনে হয়েছে। যদিও শিল্পীর আলপনা যা ছিল তা নেইমারেরই পায়ে।
সে তুলনায় মন কেড়েছে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে যাওয়া কলম্বিয়ার ফুটবল। কি গ্যালারিতে বসা সৌভাগ্যবানেরা, কি টেলিভিশনে খেলা দেখা দর্শক—কলম্বিয়ার শিল্পিত ফুটবল চোখে আটকে থাকছে সবারই। দলটা গ্রুপপর্ব থেকে এ পর্যন্ত সব কটি ম্যাচই জিতেছে, গোল দিয়েছে ১১টি। সেই ১১ গোলের পাঁচটিই আবার জেমস রদ্রিগেজের। কলম্বিয়ার সুন্দর ফুটবলের পতাকাটা আসলে বয়ে নিয়ে যাচ্ছেন মোনাকোর এই তরুণ প্লে-মেকার।
মেসি, নেইমার ও মুলারকে পেছনে ফেলে ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল রদ্রিগেজের। পরশু শেষ ষোলোর ম্যাচে উরুগুয়ের জালে ২ গোল দেওয়ার পর উত্তুঙ্গ আত্মবিশ্বাসে ফুটছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যে ম্যাচটাকে ধরা হচ্ছে সুন্দর ফুটবলের প্রত্যাশা পূরণের ম্যাচ, সেটিকেও এখন আর চাপ মনে হচ্ছে না তাঁর কাছে, ‘কোনো চাপ নেই। এটা ঠিক যে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। তবে তা আমাদেরও আছে এবং আমরাই পারি তাদের জন্য পরিস্থিতিটা বিপজ্জনক করে তুলতে। দারুণ এক ম্যাচ হবে এটা।’
রদ্রিগেজের আশা ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়বে কলম্বিয়া। তবে কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যানের চোখে ফোর্তালেজায় ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটাই হতে যাচ্ছে একটা ইতিহাস। সুন্দর ফুটবলের দুই ধারকের পরস্পরের মুখোমুখি হওয়া মানেই তো শিল্পিত ফুটবল বনাম শিল্পিত ফুটবলের প্রদর্শনী! তবে এমন ম্যাচের আবহেও করুণ একটা সুর শুনতে পাচ্ছেন পেকারম্যান, ‘ম্যাচটা দারুণই হওয়ার কথা। তবে দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচ দুটি খুব ভালো দলের একটিকে বিশ্বকাপ থেকে বিদায় দেবে।’ ব্রাজিল-কলম্বিয়া দুই দলের ফুটবলেরই নিজস্ব ঢং আছে। দুই দলের খেলোয়াড়েরাই বলটাকে নিয়ে খেলে, সেটার সদ্ব্যবহার করে। পেকারম্যানের ভাষায়, ‘এতে দুদলেরই আছে ঐতিহাসিক অংশীদারি।’
এবার অপেক্ষা ফোর্তালেজায় ইতিহাস গড়ার ম্যাচের। সুন্দর ফুটবলের সেই প্রদর্শনীতে জয়ভাগ্য কাদের, সেটাই এখন দেখার।