যে ম্যাচের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান-ভারতের এই দুই মুখচেনা সমর্থককে কি দেখা যাবে এশিয়া কাপে?
পাকিস্তান-ভারতের এই দুই মুখচেনা সমর্থককে কি দেখা যাবে এশিয়া কাপে?

২০১১ সালের ৩০ মার্চ পৃথিবীবাসী কী করছিল? প্রশ্নটার উত্তর দেওয়া কি আদৌ সম্ভব। ৭০০ কোটি মানুষ ৭০০ কোটি ধরনের কাজে ব্যস্ত থাকতে পারে। কেউ ঘুমাতে পারে। কেউ অফিস করতে পারে। কেউ চাষবাস। কেউ পকেট কাটতে পারে। কেউ ভালোবাসতে ব্যস্ত। কেউ খুনোখুনিতে। কেউ নাকে আঙুল দিয়ে... কী বিচ্ছিরি!
প্রশ্নটার উত্তর দেওয়া কঠিন। আবার সহজ। কারণ, এই দিন পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মানুষ, আরও নির্দিষ্ট করে বললে ১৫০ কোটি মানুষ একটা কাজই করছিল। বুঁদ হয়ে টিভি দেখছিল। কী এমন দেখাচ্ছিল টিভিতে যে নাওয়া-খাওয়া ভুলে পৃথিবীর এত মানুষের চোখ আটকে গেল বোকা বাক্সটায়? ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল!
২০১১ থেকে এবার আরও ছয় দশক পেছনে চলুন। ১৯৫২ সালের ১৬ অক্টোবর। দিল্লির ফিরোজ শাহ কোটলা। প্রথমবারের মতো ক্রিকেটীয় দ্বৈরথে মুখোমুখি ভারত ও পাকিস্তান। কত দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো টস করতে নামার সময় দুই দলের অধিনায়ক যে রোমাঞ্চ অনুভব করেন, সেই একই রোমাঞ্চের শিহরণ খেলে গিয়েছিল লালা অমরনাথ আর আবদুল কারদারের শরীরে। ২ মার্চ তেমনই এক শিহরণজাগানিয়া ম্যাচের অপেক্ষায় এশিয়া কাপ। অপেক্ষায় শেরেবাংলা স্টেডিয়াম। অপেক্ষায় পৃথিবীর পাঁচ ভাগের এক ভাগ মানুষ!
এই রোমাঞ্চের বীজ জন্ম নিয়েছিল সেই শুরুতেই। অভিষেক টেস্টটা পাকিস্তান যাচ্ছেতাইভাবে হেরে গেলেও ১৯৫২ সালের সেই সিরিজের দ্বিতীয় ম্যাচেই তুলে নেয় জয়। তাতেই ফুঁসে ওঠে ভারতের জনগণ। পাকিস্তানের কাছে এই পরাজয়কে জাতীয় লজ্জা হিসেবে বিবেচনা করা হয়। সেই যে শুরু হলো, আজও তা চলছে।
দুই দেশের দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সম্পর্কের টানাপোড়েন বারবার ক্ষত-বিক্ষত করেছে ক্রিকেটীয় সম্পর্ক। ১৯৫২ সালের পর দুই দেশের মধ্যে হয়ে যাওয়া তিনটি যুদ্ধ—একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, মুম্বাইয়ের হোটেলে ভয়াবহ সন্ত্রাসী আক্রমণের পাশাপাশি কাশ্মীরের অমীমাংসিত প্রশ্ন তো আছেই। ১৯৬৫ সালের যুদ্ধের পর ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জড়িয়ে পড়া দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটায়। ১৯৬১ থেকে ১৯৭৮ সাল—মাঝখানের ১৭টি বছর দুই দেশ মুখোমুখি হয়নি। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড আরেক দফা ব্যাঘাত ঘটায়, যদিও ইন্দিরার মৃত্যুর দায় ছিল শিখদের। এরপর কারগিল যুদ্ধ। ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির হস্তক্ষেপ ও শান্তি উদ্যোগের ফলে ২০০৩ সালে ১৫ বছর পর পাকিস্তান সফর করেছিল ভারত। সেই সফর নিয়ে ছিল বাড়তি উত্তেজনা। ২০০৬ সালেও ভারত পাকিস্তান সফরে গেছে। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সেটাই তাদের সর্বশেষ পাকিস্তান সফর।
দুই দলের এই ক্রিকেটীয় দ্বৈরথ এখন খুবই দুর্লভ হয়ে উঠেছে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে। ২০০৮ সালের ২ জুলাইয়ের পর থেকে গত প্রায় ছয় বছরে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মাত্র আটবার। খেলেছে মাত্র তিনটি টি-টোয়েন্টি। ২০০৭ সালের পর টেস্টে মুখোমুখি একবারও হয়নি।
দুই দলের ক্রিকেটীয় সম্পর্কে নতুন ক্ষত তৈরি করেছে ‘বিগ থ্রি’র সাম্প্রতিক প্রস্তাব। পাকিস্তান শুরু থেকেই প্রকাশ্যে ভারতের এই কর্তৃত্বের বিরোধিতা করেছে। এই তো সেদিন সাবেক পিসিবি-প্রধান ইজাজ বাট মুখ ফসকে বিগ থ্রিকে বলে বসলেন ‘শূকরছানা’!
গত বছর এই রকম সময়েই ‘বন্ধুত্বে’র সিরিজের নাম করে ভারতে সংক্ষিপ্ত সফর করেছিল পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছিল। ভারত অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতেই পাকিস্তানকে হারিয়ে শোধ তুলেছে। কিন্তু সে সবই এক বছর আগের ঘটনা, মনে হচ্ছে কোন সে সুদূর অতীতের কথা।
ভারতের বর্তমান ফর্মটা অবশ্য সুবিধার নয়। দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ড সফরেও নাকানিচুবানি খেয়ে এসেছে তারা। এর মধ্যে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও হারিয়ে ফেলেছে। নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। অন্যদিকে, ওয়ানডে সিরিজে পাকিস্তান কিন্তু বেশ ভালো ফর্মেই আছে। সর্বশেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই জিতেছে।
তবে কোনো টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হলেই কেমন জানি গড়বড় করে ফেলে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে তো জয়ের স্বাদ তারা পায়নি। গত এশিয়া কাপেও সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে। এশিয়া কাপের সর্বশেষ পরাজয়টা যে মাঠে, সেখানেই আবার মুখোমুখি দুই দল।
পাকিস্তান যে প্রতিশোধের নেশায় ফুঁসবে, সে বলে না দিলেও চলছে। কিন্তু ভারত ছেড়ে কথা কইবে ভেবেছেন? দুই দলের এই ছাড় না দেওয়ার মানসিকতার জন্যই তো গত বছরের অক্টোবরে সিএনএন বিশ্বের নয়টি ‘গ্রেটেস্ট রাইভালরিজ’র তালিকায় রেখেছে ভারত-পাকিস্তানের দ্বৈরথটিকে। সিএনএন লিখেছে, এই দুই দলের দ্বৈরথ ইয়াঙ্কিস বনাম বোস্টন রেড সক্স, বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ও অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড (যেকোনো খেলায়)—এই তিন দ্বৈরথের উত্তেজনার যোগফলের সমান!