যে রহস্যের কিনারা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাগআউটে হতাশ মেসি
ডাগআউটে হতাশ মেসি

রোনালদো, রোনালদিনহো, বেকহাম, জিদান, ফিগো, বালাক, তোরেস, নিস্টলরয়, দেল পিয়েরো—আকাশ খসে পড়া একেকটি উজ্জ্বল নক্ষত্র৷
হুয়ান রোমান রিকেলমে—আর্জেন্টাইনদের ভরসা৷ ২৮ বছর বয়সী অভিজ্ঞ এই মিডফিল্ডারের ওপর আস্থা কোচ হোসে পেকারম্যানের৷ রিকেলমেকে ঘিরেই তাঁর যত পরিকল্পনা৷
কিন্তু মেসি? সম্ভাবনাময় এক তরুণ৷ গায়ে ‘নতুন ম্যারাডোনা’র তকমা৷ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত নামডাক৷ জার্মানি বিশ্বকাপ সামনে রেখে রোম থেকে বুয়েনস এইরেস পর্যন্ত ছেয়ে গেছে তাঁর ছবি৷ বার্লিনেও চকচক করছে তাঁর আদরমাখা শিশুসুলভ মুখ৷ বিশ্বকাপের প্রচারণায় দলের অন্য সবার চেয়ে কয়েক ক্রোশ এগিয়ে৷ প্রথম বিশ্বকাপেই তারকাখ্যাতির সব আলো এসে যেন পড়ল তাঁর ওপর৷ মাত্র ১৮ বছরের এক তরুণের এমন ঔজ্জ্বল্যে মুখগম্ভীর ক্রেসপো, স্যাভিওলাদের মতো অভিজ্ঞ সেনানীরা ৷ মুখে না বললেও ভেতরে ঠিকই জ্বলেপুড়ে খাক হচ্ছিলেন আয়ালারা৷
যুব বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য৷ তারই পুরস্কার, বিশ্বকাপ দলে ঠাঁই৷ যদিও জাতীয় দলের হয়ে আগের বছরই অভিষেক৷ হাঙ্গেরির বিপক্ষে ওই প্রীতি ম্যাচটি স্মরণীয় না হয়ে বরং দুঃস্বপ্নই হয়ে থাকল ফুটবল-জাদুকরের কাছে৷ বদলি খেলোয়াড় হিসেবে ৬৫ মিনিটে মাঠে নামলেন৷ কিন্তু কোনো ঝলক দেখানোর আগেই অবিশ্বাস্যভাবে মাত্র ৪০ সেকেন্ডের মাথায় মাঠছাড়া৷ প্রতিপক্ষ খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড৷ মাঠ ছেড়ে তাঁর সে কী কান্না! সতীর্থদের সান্ত্বনাও যথেষ্ট হলো না৷ পরে ভিডিও ফুটেজে দেখা গেছে, রেফারি চাইলে এত বড় শাস্তি নাও দিতে পারতেন৷ হতাশা-দুঃখেই মিশ্রিত থাকল অভিষেকটা৷
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নীল-সাদারা৷ এটাই মৃত্যুকূপ৷ আইভরিকোস্ট, সার্বিয়া মন্টেনেগ্রো ও হল্যান্ড৷ কোরিয়া-জাপানে বিপর্যয়ের পর এই তিন বাধা পেরোনো মোটেও সহজ ছিল না ক্রেসপোদের জন্য৷ প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হলো তাঁদের৷
হামবুর্গে আইভরিকোস্টের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের জয়৷ শতভাগ ফিট না থাকায় বেঞ্চে বসেই দলের জয়ের সাক্ষী হলেন মেসি৷ বিশ্বকাপে স্বপ্নের অভিষেক ঘটল পরের ম্যাচেই, সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে৷ ম্যাক্সি রদ্রিগেজের বদলি হিসেবে ৭৪ মিনিটে মাঠে নামলেন৷ এর আগেই অবশ্য প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠালেন ক্রেসপো-তেভেজরা৷ মেসি গোলের সংখ্যাটা বাড়িয়ে দিলেন দারুণ এক গোলে৷ ক্রেসপো বুকে জড়িয়ে নিলেন ছোট্ট ছেলেটিকে৷ গ্যালারিজুড়ে বুনো আনন্দে মেতে উঠল সমর্থকেরা৷
বিশ্বকাপে স্বপ্নের অভিষেকই বটে৷ যদিও মাঠে সেই কথা মাথায় ছিল না তাঁর, ‘অভিষেক নিয়ে আমার কোনোই চিন্তা ছিল না৷ আমার মাথায় ছিল শুধুই ম্যাচ জেতানো৷ আমি সেটাই চেয়েছিলাম৷’ অভিষেকেই বাজিমাত করার পর দেশজুড়ে দাবি উঠল, মেসিকে শুরু থেকেই নামানো হোক৷
টানা দুই জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা৷ হল্যান্ডও৷ গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই দাঁড়াল আনুষ্ঠানিকতায়৷ দুটি দলেরই লক্ষ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া৷ তাই তরুণ মেসিকেও প্রথম একাদশে নিতে তেমন হিসাব কষতে হয়নি পেকারম্যানকে৷ এক ঢিলে দুই পাখি মারলেন তিনিও৷ তেভেজ ও মেসিকে শুরুতে নামিয়ে স্যাভিওলা ও ক্রেসপোকে দিলেন বিশ্রাম৷ ৬৯ মিনিট পর্যন্ত কয়েকটি ঝলক দেখালেও গোলের দেখা পাননি৷ তুলে নেওয়া হয় মাঠ থেকে৷ দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর সঙ্গে সাক্ষাৎ৷ স্কোরলাইন ১-১৷ দলের মতিগতি ভালো না ঠেকে শেষ মুহূর্তে ৮৪ মিনিটে স্যাভিওলার বদলি হিসেবে মাঠে নামালেন পেকারম্যান, আস্থার প্রতিদান দিলেন মেসিও৷ ম্যাড়মেড়ে আর্জেন্টিনা আবারও চাঙা৷ তাঁর ছোঁয়ায় ছন্দ ফিরে পেলেন আয়ালারা৷ মেসির পাস থেকেই রদ্রিগেজের অসাধারণ ফিনিশিং, কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার উত্তরসূরিরা৷
বার্লিন প্রস্তুত৷ পেশির সঙ্গে শিল্পের লড়াই৷ আগের ম্যাচেই চমক-জাগানিয়া পারফরম্যান্স৷ তার পরও জার্মানির সঙ্গে মেসিকে খেলালেন না কোচ৷ খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷ স্কোরলাইন ১-১৷ শেষ পর্যন্ত জার্মানির কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে বুয়েনস এইরেসের বিমান ধরলেন রিকেলমেরা৷ ফুঁসে উঠল আর্জেন্টিনা৷ ক্ষোভে রক্তচক্ষু মেসি-ভক্তরা৷ সবার প্রশ্ন, কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে এই ভুল? ১-০ গোলে এগিয়ে থেকেও স্যাভিওলা, রিকেলমে, ক্রেসপোকে কেন তুলে নেওয়া? কেন এক মিনিটের জন্যও মেসিকে মাঠে নামালেন না পেকারম্যান? ক্ষোভের আগুনে এখনো পুড়ছে কোটি কোটি ফুটবলপ্রেমী৷
সবচেয়ে বড় প্রশ্ন, মেসিকে কেন বেঞ্চে বসিয়ে রাখা হলো? তিনি মাঠে থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ত আর্জেন্টিনা৷ দৃশ্যপট যেত পাল্টে—এমন বিশ্বাস পক্ষ-বিপক্ষ সবারই৷
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে ভালদানো আজও খুঁজে বেড়ান কোটি টাকার সেই প্রশ্নের উত্তর৷ কেন মেসিকে নিয়ে হঠকারী সিদ্ধান্ত? মীমাংসা পাচ্ছেন না এই ফুটবল-বিশ্লেষক, ‘একমাত্র কোচই বলতে পারবেন, মেসিকে কেন মাঠে নামানো হলো না? কী ছিল সেই গোপন রহস্য?’
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োলির বই মেসি৷