যে রূপকথা শেষ হলো অশ্রুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপকথার গল্প লিখে তারা পৌঁছে গিয়েছিল কোপা সুদামেরিকানা কাপের ফাইনালে। কিন্তু গল্পটা শেষ হলো পৌরাণিক কাহিনির মতো, ইকারুসের মতোই উড়তে উড়তে শেষ হয়ে গেল ব্রাজিলের ফুটবল দল শাপেকোয়েনসের স্বপ্নযাত্রা। ফাইনাল খেলতেই যাচ্ছিল দলটি। কিন্তু কাল কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে দুর্ঘটনায় বিধ্বস্ত হলো দলটিকে বহনকারী চার্টার্ড বিমান। ২১ জন সাংবাদিকসহ বিমানে ছিলেন মোট ৮১ জন। তাঁদের মধ্যে ৭৫ জনই চলে গেছেন না-ফেরার দেশে
কলম্বিয়া-যাত্রার আগে চার্টার্ড বিমানের সামনে শাপেকোয়েনস দল। সবার হাস্যোজ্জ্বল মুখে তখন ইতিহাসে নাম লেখানোর প্রস্তুতি l ডেইলি মেইল
কলম্বিয়া-যাত্রার আগে চার্টার্ড বিমানের সামনে শাপেকোয়েনস দল। সবার হাস্যোজ্জ্বল মুখে তখন ইতিহাসে নাম লেখানোর প্রস্তুতি l ডেইলি মেইল
তাঁরা খুব হাসতে জানতেন। মাঠে, মাঠের বাইরে; জয়ে, পরাজয়ে—কোনো কিছুই তাঁদের মুখের হাসিটা ম্লান করতে পারত না। এই হাসিটা মুখে ধরেই তাঁরা মাঠে নামতেন, আকাশছোঁয়ার স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখাতেন শাপেকো শহরের দুই লাখ মানুষকে। স্বপ্ন দেখে আর দেখিয়ে রূপকথার গল্প লিখে তাঁরা পৌঁছে গিয়েছিলেন কোপা সুদামেরিকানা কাপের ফাইনালেও। কিন্তু রূপকথার গল্পটা শেষ হলো পৌরাণিক কাহিনির মতো, ইকারুসের মতোই উড়তে উড়তে শেষ হয়ে গেল ব্রাজিলের ফুটবল দল শাপেকোয়েনসের স্বপ্নযাত্রা।

কাল কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে চার্টার্ড বিমান। ৯ বিমানকর্মীসহ ৮১ জনকে নিয়ে বিধ্বস্ত হওয়া সেই বিমানে যাত্রীদের মধ্যে ছিল পুরো শাপেকোয়েনস দল। কলম্বিয়ান ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে আজ সুদামেরিকানা কাপের ফাইনালের প্রথম লেগ খেলতে যাচ্ছিল শাপেকোয়েনস। খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে ২১ জন সাংবাদিকও ছিলেন। ভয়ংকর এ দুর্ঘটনায় শেষ খবর পর্যন্ত মাত্র ছয়জনের বেঁচে থাকার কথা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তাঁদের মধ্যে তিনজন ফুটবলার—অ্যালান রুশেল, হেলিও জ্যাম্পিয়ের ও জ্যাকসন ফলমান। প্রথমে জানা গিয়েছিল, দলের মূল গোলরক্ষক দানিলোকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে পরবর্তী সময়ে তাঁকেও মৃত ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনার কারণ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনো। ঝোড়ো আবহাওয়ার কথা বলা হচ্ছে। আবার যান্ত্রিক কারণ কিংবা জ্বালানি শেষ হয়ে যাওয়ার কথাও এসেছে কোনো কোনো সংবাদমাধ্যমে। দুর্ভাগ্যজনক এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল।এই যাত্রীদের মাঝে থাকতে পারতেন ক্লাবের প্রধান পরিচালক প্লিনিও দি ন্যাস ফিলিও। ভাগ্যচক্রে বেঁচে গেলেও শোকস্তব্ধ দি ন্যাস ফিলিও বিষয়টি মানতেই পারছেন না, ‘তারা ছিল সারা জীবনের বন্ধু। তারা শুধুই একদল পেশাদার ফুটবলার ছিল না, ছিল একদল বন্ধু, একটা পরিবার। তারা সব সময় হাসত, হারলেও...সব সময় আনন্দে মেতে থাকত। কাল (পরশু) যখন বিদায় জানাচ্ছি, তখনো বলছিল, আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। আজ ভোর রাতে স্বপ্নটা শেষ হয়ে গেল।’

মেডেলিন শহরের কাছে দুর্ঘটনায় পড়া সেই বিমানের ধ্বংসাবশেষ (ওপরে) l রয়টার্স
মেডেলিন শহরের কাছে দুর্ঘটনায় পড়া সেই বিমানের ধ্বংসাবশেষ (ওপরে) l রয়টার্স

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে পাঁচ বছরের মাথায় ব্রাজিলিয়ান ফুটবলের প্রথম শ্রেণিতে উঠে আসে শাপেকোয়েনস। কিন্তু ১৯৭৯ সালে সেই যে ছিটকে পড়া সিরি ‘আ’ থেকে, ফিরতে ফিরতে আরও ৩৪টি বছর। এর মাঝে ব্রাজিলিয়ান ফুটবলের প্রায় তলানিতেও ঘুরে এসেছে তারা। ২০০৯ সালেও সিরি ‘ডি’-তে ছিল ক্লাবটি। ২০১৪ সালে সিরি ‘আ’-তে ফিরলেও ২০ দলের মধ্যে পনেরোতম হয়ে কোনোমতে টিকে থাকা। পরের মৌসুমে এক ধাপ এগিয়ে চৌদ্দতম।২০১৫ সালেই দক্ষিণ আমেরিকার দ্বিতীয় প্রধান ক্লাব টুর্নামেন্ট কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালে উঠেই প্রথম স্বপ্নজাল বুনতে শুরু করে ক্লাবটি। এবার সে স্বপ্নটাই পাখা মেলল। মহাদেশীয় পর্যায়ে বড় বড় সব প্রতিপক্ষকে হারিয়ে উঠে এল ফাইনালে। ফিরতি লেগটা ঘরের মাঠে হওয়ার কথা থাকায় মনে হচ্ছিল ভাগ্য নিজেই বোধ হয় চাচ্ছিল, লেখা হোক শাপেকোয়েনসের রূপকথা।
কিন্তু সে ভাগ্যই কাল কী বিশাল এক ধাক্কা দিল শাপেকোয়েনসকে। যে গল্পটা হতে পারত সাহসের, বীরত্বের; সে গল্পটাই হঠাৎ রূপ নিল ট্র্যাজেডিতে। সে ট্র্যাজেডিতে সবার আগে হয়তো থাকবে ফরোয়ার্ড থিয়াগিনিওর নাম। গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, মাত্র এক সপ্তাহ আগেই ২২ বছর বয়সী স্ট্রাইকার জানতে পেরেছেন প্রথমবারের মতো বাবা হচ্ছেন তিনি। সে খুশিতে একটি ভিডিও বানিয়েছিলেন সতীর্থদের সঙ্গে।
এই বিষণ্নতার গল্পে থাকবে আলেহান্দ্রো মার্টিনুচ্চিওর নামটাও। চার্টার্ড ওই বিমানে চড়ার কথা ছিল তাঁরও, যে বিমানে করে কদিন আগেই ব্রাজিল ঘুরে গেছে আর্জেন্টিনা দল। শাপেকোয়েনসের স্ট্রাইকার মার্টিনুচ্চি নিজেও আর্জেন্টাইন। চোটে না পড়লে হতাহতের তালিকায় থাকতে পারতেন তিনিও। নিজেকে ভাগ্যবান মেনে মার্টিনুচ্চির চাওয়া এখন একটাই, ‘চোট পাওয়াতেই বেঁচে গেলাম। আমি বিমর্ষ, এখন সবার কাছে সঙ্গীদের জন্য প্রার্থনাই শুধু চাওয়ার আছে আমার।’ সূত্র: গার্ডিয়ান, এএফপি, ডেইলি মেইল।

এই অ্যারেনা কন্দা স্টেডিয়ামেই আগামী সপ্তাহে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন শাপেকোয়েনসের সমর্থকেরা। কাল সে স্টেডিয়ামের সামনে এসেই ভিড় জমালেন শোকার্ত সমর্থকেরা l রয়টার্স
এই অ্যারেনা কন্দা স্টেডিয়ামেই আগামী সপ্তাহে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন শাপেকোয়েনসের সমর্থকেরা। কাল সে স্টেডিয়ামের সামনে এসেই ভিড় জমালেন শোকার্ত সমর্থকেরা l রয়টার্স