যে রেকর্ড কখনোই চাননি মার্সেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্সেলোর পায়ে লেগে বল জড়িয়ে যাচ্ছে ব্রাজিলেরই জালে। ছবি: রয়টার্স
মার্সেলোর পায়ে লেগে বল জড়িয়ে যাচ্ছে ব্রাজিলেরই জালে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে অভূতপূর্ব কোনো ঘটনা ঘটিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়ার সাধ কার না থাকে। মার্সেলোরও হয়তো ছিল। কিন্তু সেই স্বপ্ন যে এভাবে পূরণ হয়ে যাবে, সেটা নিশ্চয়ই চাননি ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। কে-ই বা চায় আত্মঘাতী গোল করে ইতিহাসের অংশ হতে?
তবে না চাইলেও রেহাই মেলেনি মার্সেলোর। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম আত্মঘাতী গোলদাতা হিসেবে আজীবনই লেখা হবে রিয়াল মাদ্রিদের এই তারকা ডিফেন্ডারের নাম।
ঘরের মাটিতে এবারের বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছিল ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন মার্সেলো। ক্ষণিকের ভুলে থমকে গিয়েছিলেন ব্রাজিলীয় রক্ষণভাগের অন্যতম প্রধান এই সেনানী।
ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজারকে দেখা গিয়েছিল মার্সেলোকে সান্ত্বনা দিতে। কিন্তু ১৮ মিনিট পরে তাঁকে সত্যিকারের স্বস্তি এনে দেন নেইমার। দুর্দান্ত দক্ষতায় সমতাসূচক গোল করে ব্রাজিলকে খেলায় ফিরিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। মার্সেলো নিজেও সেই ভুলের কথা ভেবে মুষড়ে পড়েননি। ম্যাচশেষে এমনটাই জানিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘আমার মনে হয়েছিল, আমি যদি এটা নিয়ে বেশি ভাবি তাহলে দলেরই ক্ষতি হবে। সমর্থকেরাও আমাকে অনেক সাহায্য করেছেন। সতীর্থরাও আমার পাশে ছিল। এ কারণেই আমি সেটা ভুলে গিয়ে আবার খেলায় ফিরতে পেরেছি। আমরা আত্মঘাতী গোলটার কথা বেশি ভাবিনি। সমতাসূচক গোল করার দিকেই মনোযোগ দিয়েছি। আর সেটাই হয়েছে।’

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশনের শুরুটা ভালোভাবেই করতে পেরেছে ব্রাজিল। মার্সেলোও মুক্তি পেয়েছেন আত্মঘাতী গোল করার গ্লানি থেকে। ব্রাজিল সমর্থকদের বিদ্রূপ আর সমালোচনা থেকে অবশ্য রেহাই মেলেনি মার্সেলোর। সামাজিক গণমাধ্যমে তাঁর হাসিমুখের একটি ছবি দিয়ে ব্যঙ্গ করে ক্যাপশন লেখা হয়েছে, ‘আমিই করেছি বিশ্বকাপের প্রথম গোল।’

সত্যিই তো! এই নির্মম সত্যটা তো অস্বীকার করতে পারবেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সূত্র: রয়টার্স

থ্রিডিতে দেখুন মার্সেলোর সেই আত্মঘাতি গোলটি