যে রেকর্ড মুমিনুল চাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো বল খেলার আগেই আউট! ডায়মন্ড ডাকের শিকার হয়ে ফিরে যাচ্ছেন মুমিনুল। ছবি: শামসুল হক
কোনো বল খেলার আগেই আউট! ডায়মন্ড ডাকের শিকার হয়ে ফিরে যাচ্ছেন মুমিনুল। ছবি: শামসুল হক

সময়টা এমনই যাচ্ছে, একের পর এক রেকর্ড নেড়েচেড়ে দেখতে বাধ্য করছেন মুমিনুল হক। টেস্ট সিরিজের বাংলাদেশের হয়ে বেশ কিছু রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রথম ওয়ানডেতে মুমিনুল আজ করেছেন আরেকটি রেকর্ড। নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় এই রেকর্ড মুমিনুল চাননি। রেকর্ডটা যে কোনো বল না খেলেই আউট হয়ে যাওয়ার। ক্রিকেটের কেতাবি ভাষায় যাবে বলে ডায়মন্ড ডাক।

আজ এনামুল হকের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মাত্রই উইকেটে আসা মুমিনুল রান আউটের ফাঁদে পড়েন। অথচ তখনো স্ট্রাইকিং প্রান্তে যাওয়ার সৌভাগ্যই হয়নি তাঁর। মানে কিনা একটি বলও তিনি খেলেননি। আর তাতেই সপ্তম বাংলাদেশি হিসেবে ডায়মন্ড ডাকের শিকার হয়েছেন তিনি।

বাংলাদেশিদের মধ্যে সবার আগে এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আকরাম খানের। ১৯৯৯ সালে কেনিয়ার বিপক্ষে কোনো বল খেলার আগেই আউট হয়ে যান আকরাম। এর পর একে এক অভিজ্ঞতা হয়েছিল নাইমুর রহমান, হাবিবুল বাশার, এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকীর। সর্বশেষ এই বিচ্ছিরি অভিজ্ঞতা হলো মুমিনুলের। এক বল না খেলেই ড্রেসিংরুমে ফিরে আসতে কারই বা ভালো লাগে। তার ওপর আপনি যদি থাকেন ফর্মের তুঙ্গে!

ওয়ানডে ইতিহাসে অবশ্য ডায়মন্ড ডাক নতুন কিছু নয়। মুনিমুলের আগেও ১২৪ বার এ ধরনের আউটের শিকার হয়েছেন ব্যাটসম্যানেরা। তবে এঁদের মধ্যে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের দুঃখ নিশ্চয়ই সবচেয়ে বেশি। সর্বোচ্চ চারবার ডায়মন্ড ডাকের শিকার হয়েছেন তিনি। কোনো বল খেলার আগেই তিনবার আউট হয়েছেন অ্যাঙ্গাস ফ্রেসার। দুবার করে এই অভিজ্ঞতা আর হয়েছে কেবল এডি হেমিংস, আহসান মালিক ও রমেশ পাওয়ারের।