যে লড়াইয়ে আছে বাংলাদেশও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে নেমেই ব্যাটিং শুরু করলেন মহেন্দ্র সিং ধোনি, বোলার আশীষ নেহরা। তবে ক্রিকেট বলে নয়, নেহরা বোলিং করলেন ফুটবল দিয়ে। আর সপাটে ব্যাট চালালেন ধোনি। এটাকে প্রতীকী বলেও ভাবতে পারেন। যেমন ফর্মে আছেন, ক্রিকেট বলটাকে ধোনি এখন ফুটবলের মতোই দেখছেন। তবে তারপরও খুব একটা স্বস্তিতে থাকার কথা নয় ভারত অধিনায়কের। নিজের ব্যাটে যে ধারাবাহিকতা, দলের পারফরম্যান্সে যে সেটা অনুপস্থিত!যে শ্রীলঙ্কাকে এই সেদিন দেশের মাটিতে কাঁদিয়েছে ভারত, সেই শ্রীলঙ্কাই সবার আগে উঠে গেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। তাও আবার এমন এক দল নিয়ে, টুর্নামেন্ট শুরুর আগে কেউ কেউ তাদের রেখেছিল বাংলাদেশের কাতারেও। আর যাদের ভাবা হয়েছিল হেসে-খেলেই শিরোপা জিতবে, সেই ভারতের ফাইনাল এখনো নিশ্চিত হয়নি। ভারতের এই অনিশ্চয়তা কেবলই অঙ্কের হিসাবে। আজ তারা শ্রীলঙ্কার কাছে হারবে, তারপর বাংলাদেশ তাদের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে যাবে, বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থকও হয়তো এতটা আশা করছেন না। তারপরও কাগজে-কলমে ফাইনাল নিশ্চিত করার একটা ব্যাপার তো আছেই। তা ছাড়া এক ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠে আত্মবিশ্বাসটাকেও তো চাঙা করা দরকার।এই আত্মবিশ্বাসটাই টুর্নামেন্টে শ্রীলঙ্কার সবচেয়ে বড় শক্তি। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে দুই দলের ভালো একটা তুলনা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান—‘ভারতের ব্যক্তিগত পারফর্মার বেশি, আর শ্রীলঙ্কার শক্তি টিম স্পিরিট।’ একগাদা নতুন মুখ নিয়ে প্রায় পুরো শক্তির ভারতের বিপক্ষে লড়াইটাই হয়তো দারুণভাবে উদ্বুদ্ধ করেছে শ্রীলঙ্কা দলটিকে। আগের ম্যাচে এই নতুনরাই তো হারিয়ে দিলেন ধোনিদের। ৫ উইকেট নিয়ে ভারতের রানটাকে অতিক্রমযোগ্য সীমার মধ্যেই রেখেছিলেন চানাকা ভেলেগেদারা। আর ব্যাট হাতে চমকে দিয়েছেন ওয়ানডেতে এখনো পায়ের নিচে জমিন খুঁজে ফেরা থিলান সামারাবীরা ও ২০ বছরের তরুণ থিসারা পেরেরা।গত কিছুদিন ভারতের বোলারদের নিয়ে যেভাবে ছেলেখেলা করেছেন, তাতে শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো ম্যাচের আগেই ভারতের টিম মিটিংয়ে সবচেয়ে বেশিবার উচ্চারিত নামটি হওয়ার কথা ‘তিলকরত্নে দিলশান।’ ইনজুরির জন্য ভারতের বিপক্ষে টুর্নামেন্টে আগের ম্যাচটি না খেলা দিলশান ভারতীয় বোলারদের স্বস্তি দিতে পারেন আরও এ ম্যাচেও। কাল পর্যন্ত যা খবর, তাতে দিলশানের খেলার সম্ভাবনা কম। নুয়ান কুলাসেকারাও জানালেন দিলশান এখনো ফিট নন। কাল দিলশান কিন্তু ঐচ্ছিক অনুশীলনেও আসেননি। তবে ইনজুরিটা যেহেতু কুঁচকির, তাই সুস্থ হয়ে আজ মাঠে নেমে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কাল ভারতের প্যাকটিসে আসেননি বীরেন্দর শেবাগ। তবে কোহলি তাঁকে ফিট দাবি করলেও না আসার কারণ জানাতে পারলেন না। শেবাগকে নিয়েও তাই একটা ধোঁয়াশা থেকে গেল।গত দুটো সিরিজের মতোই ভারতের দুশ্চিন্তা বোলিং ও ফিল্ডিং। প্রথম দুই ম্যাচে উদার হাতে রান বিলিয়েছেন তিন পেসার। মূল স্ট্রাইক বোলার জহির খান উইকেট পাননি একটিও। দলের নতুন তারকা বিরাট কোহলি অবশ্য দাঁড়ালেন জহিরসহ অন্য বোলারদের পাশেই, ‘এই ধরনের উইকেটে আসলে বোলারদের বেশি কিছু করার থাকে না। কোনো দলের বোলাররাই তো ভালো করতে পারছে না। আর জহির অভিজ্ঞ বোলার। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, ওর জানা আছে।’ এর চেয়েও বড় সমস্যা অবশ্য ফিল্ডিং। কাল দুই ভাগে ফিল্ডিং প্র্যাকটিস করেছে ভারত। বৃত্তের মধ্যে যাঁরা ফিল্ডিং করবেন সেই রায়না, কোহলি, জাদেজা, গম্ভীররা এসেছিলেন আধঘণ্টা আগেই। পরে আরেক দফা প্র্যাকটিস হয়েছে বাকি সবাইকে নিয়েই। ফিল্ডিং নিয়ে অবশ্য নতুন কৌশলের কথাও জানালেন কোহলি, ‘আমরা ঠিক করেছি ফিল্ডিংটা উপভোগ করব, কোনো বাড়তি চাপ নেব না।’আর দুদলেরই ‘কমন’ শত্রু শিশির তো আছেই। বাংলাদেশের সঙ্গে এই দুদলের ক্রিকেটীয় পার্থক্য এতটাই যে, শিশির-তত্ত্বটা খুব একটা খাটে না। তবে কাছাকাছি মানের দুদলের লড়াইয়ে শিশিরের একটা বড় ভূমিকা তো থাকবেই।ও হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু আছে বাংলাদেশও। কাল ভারত-বাংলাদেশ দুদলই ‘নির্ভার’ হয়ে নামবে নাকি আরও চাপ নিয়ে, সেই মীমাংসাটা যে হয়ে যাবে আজই!