যে লড়াইয়ে ফেবারিট নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদই। কিন্তু ৬৫ থেকে ৭৯—এই ১৪ মিনিটে বার্সেলোনার তিন তিনটি গোল। এস্তাদি মিনি ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ৩-১ গোলে হারাল বার্সা!এতক্ষণ যা পড়লেন, সেটা নিশ্চিতভাবেই কয়েকটি বিভ্রান্তির জন্ম দেবে। সবচেয়ে বড় বিভ্রান্তি হলো এই, রিয়াল-বার্সা ম্যাচটি তো আজ। কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগ। এ তাহলে কোন ম্যাচ? এ কি স্রেফ কোনো পাঁড় বার্সা-সমর্থকের কল্পনা? না, বাস্তব! আজকের এল ক্লাসিকোর মাত্র তিন দিন আগেও মুখোমুখি হয়েছিল রিয়াল-বার্সা। সিনিয়র দল অবশ্য নয়, তাদের যুবদল বা রিজার্ভ টিম। এই দুই দলেরই রিজার্ভ টিম খেলে স্পেনের সেগুন্ডা ডিভিশনে। কাকতালীয় ব্যাপার হলো, আসল এল ক্লাসিকোর মাত্র কদিন আগে হয়ে গেল ‘পুঁচকে এল ক্লাসিকো’। আর সেই ম্যাচেই বার্সার ভবিষ্যৎ তারকারা হারিয়ে দিল রিয়ালের আগামী দিনের সেনানীদের।আজও কি তা-ই হবে!দুই দলের সাম্প্রতিক পথচলা বিবেচনায় বার্সা অবশ্যই ফেবারিট। এই মৌসুমে বার্সা সত্যিই অবিশ্বাস্য। সব মিলিয়ে এই মৌসুমে বার্সা খেলেছে ৩৫টি ম্যাচ। জিতেছে এর ২৯টিই। তিনটি করে পরাজয় ও ড্র। অন্যদিকে রিয়ালও খেলেছে ৩৫টি ম্যাচ। ২১ জয়। সাতটি করে ড্র ও পরাজয়। অপ্রতিরোধ্য-অবিশ্বাস্য বার্সার বিপরীতে এবারের রিয়াল যেন অনেকটাই অচেনা। মাঝেমধ্যেই হোঁচট খাচ্ছে। লিগে তাদের চার পরাজয় আর চার ড্র একরকম ছিটকেই দিয়েছে শিরোপার দৌড় থেকে। অথচ লা লিগা শেষ হতে এখনো ঢের বাকি।কিন্তু পরিসংখ্যানই শেষ কথা নয়। লড়াইটা যখন রিয়াল বনাম বার্সা, সেখানে পরিসংখ্যান, সমীকরণ, পূর্বাভাস—কিছুই কাজে আসে না। রিয়াল যতই খুঁড়িয়ে চলুক, বার্সাকে সামনে পেলে অহংবোধ জেগে উঠবেই। তা যে উঠেছে, সেটা রিয়ালের আগের ম্যাচ দেখেই আন্দাজ করা গেছে। যে গেটাফের বিপক্ষে হেরে লিগে রিয়ালের খোঁড়ানো শুরু হয়েছিল, সেই গেটাফেকেই গত রোববার উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর দল। শান দিয়ে রেখেছে তলোয়ারে। বার্সাই বা দর্শক হয়ে থাকবে কেন? ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করেছেন, বার্সার হয়ে মেসি। কেহ কারে নাহি জিনে সমানে-সমান!‘সমানে-সমান’ কথাটায় অবশ্য বার্সার তরফ থেকে আপত্তি আসতে পারত। এল ক্লাসিকোর সাম্প্রতিক দ্বৈরথে বার্সা রিয়ালের চেয়ে এগিয়ে। আজ খেলা সান্তিয়াগো বার্নাব্যুতে। রিয়ালের নিজেদের মাঠ। এই দুঃসময়েও যে মাঠে গত ৩১ ম্যাচেই অপরাজিত রিয়াল। কিন্তু বার্নাব্যুতেই বার্সা কেন জানি বেশি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বার্সার বিপক্ষে নিজেদের মাঠে গত আটটি এল ক্লাসিকোর মাত্র একটিই জিতেছে রিয়াল। হেরেছে পাঁচটি। এর একটি ছিল গত মৌসুমে কোপা ডেল রের সেমিফাইনালেরই প্রথম লেগ, যেখানে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে এগিয়ে গিয়েছিল গতবারের স্প্যানিশ কাপ চ্যাম্পিয়ন বার্সা। ফিরতি লেগটা ২-২ ড্র হওয়াতেও তাই ফাইনালে যেতে সমস্যা হয়নি পেপ গার্দিওলার দলের।এই সব হিসাব-নিকাশ কষে কাতালান সংবাদমাধ্যম যখন আজকের লড়াইয়ে বার্সাকে এগিয়ে রাখছে, তখন সত্যি কথাটা দলের সহকারী কোচ জর্ডি রৌরাই বলেছেন, ‘এ এমন এক লড়াই, এখানে ফেবারিট বলে কিছু নেই।’ ওয়েবসাইট।