যে স্মৃতি ভুলে যেতে চাইবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বিশ্বকাপ বাংলাদেশের জন্য অতৃপ্তির, হতাশার, ভুলে যাওয়ার। ছবি: প্রথম আলো
এই বিশ্বকাপ বাংলাদেশের জন্য অতৃপ্তির, হতাশার, ভুলে যাওয়ার। ছবি: প্রথম আলো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৮, ভারতের বিপক্ষে ১৩৮, পাকিস্তানের বিপক্ষে ১৪০, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৩। ‘সুপার টেনে’র এই চার ম্যাচের স্কোর দেখিয়ে যে কেউ দাবি করতেই পারে, বাংলাদেশ তো ‘উন্নতি’ই করছে। কিন্তু ফলাফল? পরাজয় আর পরাজয়। সুপার টেনে পরাজয়ের বৃত্তেই বন্দী হয়ে রইল মুশফিকুর রহিমের দল। ঘরের মাঠে এবারই প্রথম পূর্ণাঙ্গ বিশ্বকাপ, হোক না সেটা টি-টোয়েন্টির। অথচ বাংলাদেশের পারফরম্যান্স বিবর্ণ, ম্লান। সুপার টেনে বাংলাদেশই একমাত্র দল যাদের কোনো জয় ছাড়াই শেষ করতে হলো বিশ্বকাপ। অথচ জয় রয়েছে হল্যান্ডেরও। হল্যান্ডের মতো স্মরণীয় জয় নিয়ে দেশে ফিরেছে হংকং, সেটি বাংলাদেশের বদান্যতায়ই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসর আয়োজন আর খেলার সাফল্যে হতে পারত আমাদের জন্য স্মরণীয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, চট্টগ্রামের ফ্লাড লাইটের মতোই বারবার দপ করে নিভে গেছে প্রত্যাশার সব আলো। এই বিশ্বকাপ ভুলেই যেতে চাইবে বাংলাদেশ।
এশিয়া কাপের ক্ষত বুকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই যে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আফগানিস্তানকে। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়। আফগানদের ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা। মুশফিকরা এ গতি ধরে রাখল চট্টগ্রামে, নেপালের ম্যাচেও। জিতল ৮ উইকেটে। কিন্তু এরপরই সব গড়বড়। হংকংয়ের বিপক্ষে সেই বিস্মরণযোগ্য ২ উইকেটের পরাজয়। যেটি দীর্ঘদিন হুল হয়ে ফুটবে ক্রিকেটপ্রেমীদের মনে।

সেমিফাইনালের আগে শীর্ষ ব্যাটসম্যান ও বোলার।
সেমিফাইনালের আগে শীর্ষ ব্যাটসম্যান ও বোলার।

হংকংয়ের বিপক্ষে ওই পরাজয়ের পর সত্যি কেন যেন সব এলোমেলো হয়ে গেল। অনেকটা সাজানো বাগান আকস্মিক ঝড়ে তছনছ হয়ে যাওয়ার মতোই। এর প্রভাব যে এতটা সুদূরপ্রসারী হবে, তা কে ভেবেছিল! ‘টেনেটুনে’ সুপার টেনে আসার পর বড় দলের কাছে একের পর এক পরাজয়ের জ্বালা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হারাল ৭৩ রানে, ভারত হারাল ৮ উইকেটে, পাকিস্তান ৫০ রানে আর অস্ট্রেলিয়া ৭ উইকেটে। কোনো ম্যাচে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি মুশফিকরা। কেবলই হার আর হার। প্রতিপক্ষ দল বিপুল বিক্রমে হম্বিতম্বি করেছে আর বাংলাদেশ সেটি কেবল চেয়ে চেয়ে দেখেছে।

এমন অসহায় পরাজয়ে কোনো অজুহাত দাঁড় করানো যায় না। জয় না হোক, খেলোয়াড়দের শরীরী ভাষায় মরণপণ লড়াইয়ের প্রতিজ্ঞা তো থাকবে। ম্যাচ হারার আগেই যেন বারবার হেরে বসেছে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের অধিকাংশ ব্যাটসম্যানই ছিলেন নিষ্প্রভ। তবে এবারের বিশ্বকাপের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে রয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান। ৭ ম্যাচে ১৮৬ করে সাকিব আল হাসানের অবস্থান তিনে, ১৮৪ করে এনামুলের অবস্থান চারে। মনে রাখা প্রয়োজন,  বাংলাদেশ ও হল্যান্ড—দুই দল সুপার টেনের অন্য দলের তুলনায় তিনটি ম্যাচ বেশি খেলেছে। এ কারণে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের চারজনই এ দুই দলের।

সাকিব-এনামুল ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ধারাবাহিক ছিলেন না। বিশেষ করে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, নাসির হোসেনের ধারাবাহিক ব্যর্থতা বাংলাদেশকে ডুবিয়েছে। বোলিংয়ে আল আমিন হোসেনই ছিলেন সবচেয়ে ধারাবাহিক। ৭ ম্যাচে আল আমিনের উইকেট ১০টি। শীর্ষ বোলারদের তালিকায় অবস্থান তিনে। বল হাতে সাকিবের উইকেট প্রাপ্তি নেহাত খারাপ নয়, ৭ ম্যাচে ৮ উইকেট। বাংলাদেশের স্পিনিং কন্ডিশনে কাজে লাগিয়ে অন্য দলের স্পিনাররা যেখানে সাফল্য পেয়েছেন নিয়মিত, সেখানে আমাদের মূল ‘শক্তি’ স্পিনাররা ফিরেছেন শূন্য হাতে।  ব্যাটে-বলে নিদারুণ ব্যর্থতার পর বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী তো ছিলই; ছিল অহরহ ক্যাচ ছাড়ার ঘটনাও।

ক্রিকেট যতটা না ব্যক্তিগত, তার চেয়ে বেশি দলীয় খেলা। একজন-দুজন ভালো করলেই দল জেতে না—এ আপ্তবাক্য অজানা নয় মুশফিকের দলেরও। কিন্তু তবুও কেন এমন অসহায় আত্মসমর্পণ? এর নানা ব্যাখ্যা-বিশ্লেষণ হয়েছে, হচ্ছে। কোনো দলের ৩-৪ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফর্মে না থাকলে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাটা হবে কীভাবে? ফর্মে কেন-ই বা নেই, সে উত্তর পাওয়াটাও মুশকিল বটে। কেবল মুখে বললেই তো হবে না। আসল কাজ তো মাঠেই। আর সেখানেই বাংলাদেশের খেলোয়াড়েরা ধারাবাহিকভাবে ‘নীরব’! 
২০১১ বিশ্বকাপেও বাংলাদেশের প্রাপ্তি এমন শূন্য ছিল না। সেবার অন্তত ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি ছিল মানসপটে। কিন্তু এবার বড্ড পানসে বিশ্বকাপ গেল বাংলাদেশের। ঘরের মাঠে আর কবে এমন একটি বিশ্বকাপ আসবে কে জানে! তবে এ বিশ্বকাপে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখাল, সেটি বহুদিন দীর্ঘশ্বাস হয়ে থাকবে।