যে হারের ব্যাখ্যা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিই যখন সবকিছু বলে দিচ্ছে ডেভিড লুইজকে মাঠ ছাড়তে হয়েছে চোখের জল নিয়েই l এএফপি ও রয়টার্স
ছবিই যখন সবকিছু বলে দিচ্ছে ডেভিড লুইজকে মাঠ ছাড়তে হয়েছে চোখের জল নিয়েই l এএফপি ও রয়টার্স

মেক্সিকান রেফারি মার্কো রদ্রিগেজের শেষ বাঁশিতে ব্রাজিল সমর্থকদের হৃদয়ে হু হু করে বাতাস বয়ে গেল যেন। পরাজয়; জার্মান মেশিনের কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছে সেলেসাওরা। টেলিভিশন ধারাভাষ্যকার বলছেন—ব্রাজিলীয় কোচ ও খেলোয়াড়েরা কী জবাব দেবেন দেশের মানুষের কাছে? তাই তো এমন হারের কোনো ব্যাখ্যা কিংবা কারণ খোঁজাও নেহাত বোকামি। তবু সব দায়ভার নিজের কাঁধে নিলেন স্কলারি, ‘পরাজয়ের জন্য পুরো দলকেই হয়তো দায়ী করবেন সবাই। কিন্তু খেলোয়াড় পছন্দ করা, ট্যাকটিক্যাল লাইনআপ, যে ছকে তারা খেলবে; তা ঠিক করা...এসবই তো আমি করেছি। তাই যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী।’
ব্রাজিলকে এভাবে হারানোর কথা ভাবেনি জার্মানিও। এমনটাই বলছেন স্কলারি, ‘দুর্দান্ত একটা দলের কাছে হেরেছি। সত্যি বলতে কী ম্যাচের পর জার্মানদের সঙ্গে কথা বলে জানলাম ওরাও এমনটি ভাবেনি। আমাকে বলল, আসলে আমরাও জানি না এসব কীভাবে হয়েছে। পাঁচ শট, পাঁচ গোল!’
পরাজয়ে ব্রাজিল কেঁদেছে। কান্না ধরে রাখতে পারেনি এ ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক ডেভিড লুইজ, অঝোরে কেঁদেছেন। হাউমাউ করে কেঁদেছেন অস্কার, সিজাররা। তাঁদের সান্ত্বনা দিতে এসে কেঁদেছেন দুই হলুদ কার্ডের কারণে এ ম্যাচে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভাও। ব্রাজিল পেরিয়ে তাঁদের কান্নার ঢেউ যেন আছড়ে পড়েছে দুনিয়াজুড়ে থাকা লাখো সমর্থকের অন্তরে। সমর্থকদের কষ্ট দেওয়ায় লজ্জিত ব্রাজিল ফুটবল দল। দুঃখিত ডেভিড লুইজ ফুঁপিয়ে কাঁদছেন আর বলছেন, ‘সমর্থকদের কিছু আনন্দ উপহার দিতে চেয়েছিলাম। সেই সমর্থকদের; যাঁরা এর মধ্যেই অনেক ভোগান্তির শিকার হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা সেটা পারিনি। সবার কাছে আমি দুঃখিত। তবু আমি তাঁদের মুখে হাসি দেখতে চাই।’
এমন পরাজয়ের দায় কিছুটা নিজের কাঁধেও নিতে চাইলেন এই বিশ্বকাপে ব্রাজিল ফুটবলের আরেক নায়ক হুলিও সিজার। ব্রাজিল গোলপোস্টের এই আস্থার প্রতীক দলের পরাজয়ের ব্যাখ্যাও দিতে চাইলেন কিছুটা। তাঁর মুখেই শুনুন, ‘শুরুতে গোল খেয়ে আমরা খানিকটা খেই হারিয়ে ফেলি। তখন মনোযোগও বিচ্ছিন্ন হয়। এটি জার্মানদের নজরে আসে। এই সুযোগেই তারা গোল পায়। বরং এটাই বলব যে আমরা ১-০ গোলে হারলেও সেটা হয়তো আমার ভুলেই হতো।’
হয়তো জার্মানির ১ গোল দিতেও অনেক কষ্ট হতে পারত। কিংবা হলেও সেটা সিজারের ভুলে হতো। কিন্তু এসবই এখন কল্পনা কিংবা অধরা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আর শেষ পর্যন্ত সেটাই স্বীকার করলেন সিজার, ‘যা হয়েছে এসব ব্যাখ্যা করা খুব জটিল কাজ। এটি এমন এক স্বপ্ন ছিল যা এর মধ্যে শেষ হয়ে গেছে। যদিও আমরা যেভাবে আশা করেছি সেভাবে হয়নি। তবে জীবনভর মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। লজ্জায় মুখ লুকাব না।’ সমর্থকদের উদ্দেশে তাঁর সান্ত্বনা, ‘একদিন আমি এই মানুষগুলোর মুখে হাসি ফোটাব, আনন্দ দেব।’ রয়টার্স, ফিফাডটকম, গোলডটকম।