যে ২০ কারণে রোনালদোই পাবেন ব্যালন ডি'অর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

আজ রাতে ঘোষণা করা হবে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম। কার হাতে উঠতে চলেছে শ্রেষ্ঠত্বের এই স্বর্ণগোলক? এবার এ নিয়ে যত আলোচনা হয়েছে, নিকট অতীতে এমনটা হয়নি। বলা হচ্ছে, এবার নাকি ক্রিস্টিয়ানো রোনালদোই সবচেয়ে ফেবারিট। কেন, এর অনেকগুলো কারণ দিয়েছে ব্লিচার রিপোর্ট।
১. সমালোচকেরা বলেন, রোনালদো নাকি বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন না। কিংবা পর্তুগালের জার্সিতে ভীষণ নিষ্প্রভ। সব সমালোচনা বুড়ো আঙুল দেখিয়ে, প্লে-অফ ম্যাচে সুইডেনকে ‘শোকের সাগরে’ ভাসিয়ে একাই পর্তুগালকে নিয়েছেন ব্রাজিল বিশ্বকাপে। 
২. কদিন আগেই সেল্টা ভিগোর বিপক্ষে ছুঁয়েছেন ক্যারিয়ারের ৪০০তম গোল। বয়স সবে ২৮। সব ঠিক থাকলে হয়তো খেলবেন আরও পাঁচ বছর। ফর্ম ধরে রাখতে পারলে তখন পর্তুগিজ উইঙ্গারের গোলসংখ্যা কত হবে, ভাবা যায়! অনুমান বলছে, ৬০০-৭০০ কিংবা তারও বেশি!
৩. চলতি মৌসুমে রোনালদো প্রতি ম্যাচে শট নিয়েছেন গড়ে ৭ দশমিক ৬টি। ২০১২-১৩ মৌসুমে যা ছিল ৬ দশমিক ৯। একই সঙ্গে ম্যাচপ্রতি গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন ১ দশমিক ৫টি।

৪. গত বছর ৫৯ ম্যাচ খেলেছেন রোনালদো, গোল করেছেন ৬৯টি। অর্থাত্ ম্যাচপ্রতি গোল দাঁড়ায় ১ দশমিক ১৭! পরিসংখ্যানই বলে দিচ্ছে, কী ‘অতিমানবীয়’ খেলাটাই না খেলছেন।

৫. গত বছর যেকোনো ধরনের প্রতিযোগিতায় (ক্লাব কিংবা জাতীয় দল) ২১ ম্যাচে জোড়া কিংবা তারও অধিক গোল করেছেন সিআর সেভেন।

৬. একটি, দুটি নয়—আটটি হ্যাটট্রিক করা চাট্টিখানি ব্যাপার! হ্যাঁ, বিস্ময়কর কাজটি করেছেন রোনালদো। গত বছর আটটি হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে সেভিয়ার বিপক্ষেই দুটি। রোনালদোর নৈপুণ্যে অন্য ‘ভুক্তভোগী’রা—রিয়াল সোসিয়েদাদ, গেটাফে, সেল্টা ভিগো, গ্যালাতাসারাই, নর্দান আয়ারল্যান্ড ও সুইডেন।  

৭. ফ্রি-কিকে এ মুহূর্তে রোনালদোই সেরা। কেন? শুনুন তাহলে, তাঁর ৪০০ গোলের ৩৮টিই এসেছে ফ্রি-কিক থেকে। অর্থাত্ ১০ শতাংশ গোল পেয়েছেন ফ্রি-কিকে, ভাবা যায়!

৮.  দলের ফরমেশন অনুযায়ী, মাঠে রোনালদোর অবস্থান আক্রমণভাগের বাঁ প্রান্তে। কিন্তু প্রয়োজনে তিনি অবস্থান বদলাতে পারেন এবং একই ছন্দ বজায় রাখতে পারেন। কখনো মধ্য মাঠের বাম উইঙ্গার হিসেবে, কখনো বা স্ট্রেইট-আপ ফরোয়ার্ডে খেললেও ধার কমে না এতটুকু। গুরুত্বপূর্ণ তিন পজিশনেই রোনালদো সমান কার্যকর।

৯. মাঠে রোনালদোর শৃঙ্খলাবোধ বেড়েছে অনেকখানি। ২০১৩ সালে মাত্র ১৫ বার কার্ড দেখেছেন। এর মধ্যে লাল কার্ড ছিল মাত্র একটি। তাও এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে, ১১৪ মিনিটে।

১০. ২০১৩ সালে রিয়ালের হয়েই করেছেন ৫৯ গোল। রিয়ালে তাঁর প্রভাব প্রমাণে এটিই যথেষ্ট।

১১. সাফল্য কেবল ক্লাবেই সীমাবদ্ধ থাকলে প্রতিভা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। রোনালদো ব্যাপারটি ভালোই বোঝেন। এ কারণে গত বছর জাতীয় দলেও তাঁর পা চলেছে সমানে। দেশের জার্সিতে গেল বছর পাঁচ ম্যাচে করেছেন ১০ গোল। এর মধ্যে সুইডেন ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে দুটি হ্যাটট্রিক।

১২. কেবল নিজেই গোল করেননি, করিয়েছেনও। রোনালদোর সহায়তায় দল গোল পেয়েছে ১৪টি।

১৩. এ মুহূর্তে রোনালদো যেন সম্পূর্ণ ‘প্যাকেজ’! ফ্রি-কিক, অবিশ্বাস্য উচ্চতায় লাফিয়ে হেড, বোল্টীয় গতিতে দৌড়ানো—সবকিছুতেই সমান পারদর্শী।

১৪. গত মৌসুমে রিয়াল চ্যাম্পিয়নস লিগ না জিতলেও ক্লাব ফুটবলে বড় টুর্নামেন্টে রোনালদো ছিলেন ঠিকই সফল। চ্যাম্পিয়নস লিগের এক পঞ্জিকাবর্ষে রোনালদোর গোল ১৬।

১৫. ২০১৩ সালে প্রথম ক্লাব অধিনায়কের বাহুবন্ধনী ওঠে রোনালদোর বাহুতে। অধিনায়ক হিসেবেও দারুণ সফল। রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে অধিনায়ক রোনালদো করেছিলেন ২ গোল। ১০ জনে পরিণত হওয়া ম্যাচটিতে রিয়াল জিতেছিল ৪-৩ ব্যবধানে।

১৬. রোনালদো আর রিয়ালের সম্পর্ক গাছ ও মাটির মতোই। রোনালদো না থাকলেই রিয়াল পড়ে ভীষণ বিপাকে। রোনালদো ছাড়া রিয়ালের ম্যাচ জয়ের হার কমে আসে লক্ষণীয়ভাবে।

১৭. কোনো কোনো নিন্দুক বলেন, বার্নাব্যুতে ঘরের মাঠেই কেবল ঝলসে ওঠেন রিয়াল তারকা। এখন সেদিন আর নেই। রোনালদো সব মাঠেই গোল করতে পারঙ্গম। এ কারণে তাঁর গোলের চাকাও ঘুরছে ‘সুপারসনিক’ গতিতে!

১৮. বয়স যত বাড়ছে, রোনালদোর ‘পরিপক্বতা’ ততই বাড়ছে। আগে গোল করার পর বাঁধনহারা উল্লাস করতে গিয়ে এমন কিছু করেতেন, যা পরে বিতর্কের জন্ম দিত। ফলে রোনালদোর ভাবমূর্তিও ভালো হয়েছে।

১৯. গেল বছর পুরোটা জুড়েই প্রচারের আলো ছিল রোনালদোর দিকে। বিশেষ করে লিওনেল মেসি ইনজুরিতে ছিটকে পড়ার পর সবার নজর ছিল রোনালদোর দিকেই। প্রচার এমনি এমনি হয়নি। গোল যেদিকে, সবার নজরও সেদিকে। আর গোলটি যদি করেন রোনালদো, তাহলে তো কথাই নেই! ফলে রোনালদোময় বছরের ফিফা ভোটাররা প্রভাবিত হবেনই।

২০. সবাই রোনালদোর দৃষ্টিনন্দন গোল দেখেছেন। কিন্তু তাঁর মনটিও যে ওই গোলের মতো সুন্দর, সে খবর কী রাখেন? সেল্টার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারে ৪০০ গোল ছোঁয়ার সময় একটি মহত্ কাজ করেছেন রিয়াল তারকা। এক তরুণ ক্যানসার রোগীর মনের আশা পূরণ করেছেন। ক্যানসারে আক্রান্ত মানুষটির স্বপ্ন ছিল, বার্নাব্যুতে রোনালদোর খেলা দেখবেন। পর্তুগিজ উইঙ্গার সেটি পূরণ করেছেন। তাঁকে ভিআইপি বক্সে বসিয়ে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। বলতে পারেন, ব্যালন ডি’অরের সঙ্গে এর কী সম্পর্ক? ভোট প্রাপ্তিতে এসবও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।