যেকোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত ইউসুফ
অবসর নেওয়ার সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, দল চাইলে ফিরবেন তিনি। ইংল্যান্ড সফরে দুর্বল পারফরম্যান্স ও আফ্রিদির অবসরে মোহাম্মদ ইউসুফকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। অবসর ভেঙে ফিরতে আপত্তি নেই সাবেক এ অধিনায়কেরও। যেকোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন ইউসুফ।আফ্রিদির উত্তরসূরি হিসেবে সালমান বাটকে মনোনীত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বয়সে অনেক ছোট বাটের অধীনে খেলতে আপত্তি আছে কি না প্রশ্নে ক্রিকইনফোকে ইউসুফ বলছেন, ‘বোর্ডের সিদ্ধান্তকে সবার শ্রদ্ধা করা উচিত। যেকোনো অধিনায়কের অধীনে খেলতে প্রস্তত আমি। কখনোই কারও অধীনে খেলা মর্যাদাহানিকর মনে হয়নি আমার।’পাকিস্তানের সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ইউসুফ। সেই সফরে দলের ভরাডুবির কারণে সাত ক্রিকেটারকে শাস্তি দেয় পিসিবি। মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অবসরের ঘোষণা দেন ইউসুফ। অবসর ভেঙে ফিরতে আপত্তি নেই জানিয়ে ইউসুফ বলছেন, ‘জাতীয় দলের জন্য খেলতে সব সময় প্রস্তুত আমি। দল যদি আমাকে না চায় তাহলে অবসরে থাকব। আর চাইলে দেশের জন্য খেলতে প্রস্তুত আছি। পিসিবি যদি সম্মানের সঙ্গে আমাকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, তাহলে অবশ্যই যাব।’