যেকোনো মূল্যে খেলতে চান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তিনি কেমন আছেন, আদৌ তিনি খেলতে পারবেন কি না, সেটা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। পর্তুগাল দলের অনুশীলনে তিনি আছেন, সব ধরনের কসরত করছেন, জোরে শটও নিচ্ছেন। আবার হাঁটুতে বরফ-পট্টিও বাঁধছেন। বিশ্বকাপের ইতিহাসে কোনো খেলোয়াড়ের চোট নিয়ে এত ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল কিনা, সেটা কেউ মনে করতে পারছেন না।
তিনি মাঝারি মানের একটি দলের বড়, বিরাট বড় তারকা। মাঠে তিনি নামবেন কি না, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নিতে চান। এদিকে আবার অনেকে বলছেন, তাঁর চোটের ধরন এমন যে তিনি খেলতে পারবেন ঠিকই, কিন্তু খেললে তা প্রভাব রাখবে তাঁর পুরো ক্যারিয়ারেই। কিন্তু রোনালদো নাছোড়, তিনি নাকি যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচটিতে ইনজেকশন নিয়ে হলেও খেলবেন। ব্যাপারটা এখন চলে গেছে পুরোপুরিই জেদা-জেদির পর্যায়ে।
রোনালদো সম্পর্কে সংবাদমাধ্যমের কৌতূহল মেটাতে সতীর্থ মিগুয়েল ভেলোসো রোনালদো সম্পর্কে দু-একটি তথ্য দিয়েছেন, কিন্তু সেগুলো কৌতূহল না মিটিয়ে রোনালদো সম্পর্কে ধোঁয়াশা আরও বাড়িয়ে দিয়েছে, ‘আমি তো চিকিত্সক নই। চোখে যা দেখছি, কেবল সেটাই আপনাদের বলতে পারি। অনুশীলনে ক্রিস্টিয়ানো রীতিমতো দৌড়াচ্ছে, লম্বা-লম্বা শট নিচ্ছে, শুক্রবারও পুরো অনুশীলন করেছে। ওকে নিয়ে তাই খুব বেশি কিছু বলার নেই।’
এই তো, দুই দিন আগেই হাঁটুতে বরফ-পট্টি নিয়ে ঘুরতে দেখা গেছে রোনালদোকে। চোটের ধরন নাকি টেন্ডিনোসিস। স্পেনে রোনালদোর চিকিত্সক নোরোনহো তাঁর এমআর আই রিপোর্ট দেখে যা বলেছেন, তাঁর সারকথা হলো কমপক্ষে দুই মাসের বিশ্রামে না গেলে সিআর-সেভেনের ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যেতে পারে।
কিন্তু বিশ্বকাপ বলে কথা, পর্তুগালের ম্যাচগুলোয় রোনালদো যেকোনো মূল্যেই খেলতে চাচ্ছেন, আপাতত তিনি ক্যারিয়ার নিয়ে ভাবছেন না। খেলতে নেমে যদি ক্যারিয়ারই বিপর্যস্ত হয়ে যায়, তাও সই। সবচেয়ে কড়া ডোজের ইনজেকশন নিতেও নাকি পিছপা নন ক্রিস্টিয়ানো। ওয়েবসাইট।