যেকোনো মূল্যে জিততে হবে আমাদের: শোয়েব
দেশের মাটিতে আন্তর্জাতিক খেলা নেই। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান সফরে অনীহা সবার। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপলক্ষ হিসেবেই বিশ্বকাপকে দেখছেন পাকিস্তানের ‘স্পিডস্টার’ শোয়েব আখতার।‘যেকোনো মূল্যে জিতে হবে আমাদের। দলের একটা ঘুরে দাঁড়ানোর পরিবেশ দরকার। এর জন্য বিশ্বকাপের জন্য বড় উপলক্ষ হতে পারে না। আমি মনে করি, পাকিস্তান ক্রিকেটকে নতুন করে সংজ্ঞায়িত করার সময় এসেছে।’ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে এসে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন শোয়েব।মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ নেই। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন এই দুই ফাস্ট বোলার। বিশ্বকাপে পেস আক্রমণকেই পাকিস্তানের সবচেয়ে দুর্বলতা হিসেবে দেখছেন অনেকে। তবে একমত নন শোয়েব, ‘ওরা নেই, এটা অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যের। কিন্তু আমাদের যে পেস আক্রমণ আছে, তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট। উমর গুল, ওয়াহাব রিয়াজ ও জুনায়েদ খানকে নিয়ে যেকোনো দলকে বেঁধে ফেলার সামর্থ্য রাখি আমরা।’একসময় তাঁর ‘ঝোড়ো’ বল মোকাবিলা করতে বুক কেঁপে উঠত অনেক বড় মাপের ব্যাটসম্যানেরই। এখন আর সেই সোনালি সময়ে নেই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বয়স হয়ে গেছে, তবে বিশ্বকাপে আগুনে বোলিং করার ইঙ্গিতটা দিয়ে রেখেছেন শোয়েব, ‘এটা আমার তৃতীয় বিশ্বকাপ। এর পর কী হবে জানি না। এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই আমি।’