
তথ্যটা একটু বিস্ময়করই। নেপাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে এসেছেন ১৫ জন ক্রীড়া সাংবাদিক। সরকারি পৃষ্ঠপোষকতায় মাত্র একজন, বাকি ১৪ জনই এসেছেন যাঁর যাঁর পত্রিকা, রেডিও বা টেলিভিশন চ্যানেল থেকে! নেপাল টেলিভিশন নামের একটা চ্যানেলে তো বিশ্বকাপের খেলা সরাসরি দেখানোও হচ্ছে!
সেই চ্যানেলেরই বার্তা সম্পাদক ও ধারাভাষ্যকার দুর্গানাথ সুবেদি। তাঁর কাছেই জানা গেল, নেপালে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন এতই বেড়ে যাচ্ছে যে ১ নম্বর খেলা ফুটবলও এখন প্রায় চ্যালেঞ্জের মুখে। আজ বাংলাদেশ দলের মুখোমুখি হওয়ার আগে নেপালের অধিনায়ক পরশ খাড়কা বললেন, তাঁরা ক্রিকেট খেলেন দেশের ক্রিকেটের ক্রমবর্ধমান দর্শক-সমর্থকদের কথা ভেবেই, ‘দেশ থেকে আমরা যে সমর্থন পাচ্ছি, তা এক কথায় অসাধারণ। এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের পর থেকেই এটা হচ্ছে। নিজেদের জন্য তো বটেই, আমরা এসব মানুষের জন্যও ভালো খেলতে চাই।’
পরশু হংকংকে হারানো ম্যাচটা কাঠমান্ডুর দরবার স্কয়ারের বড় পর্দায় প্রায় ৩০ হাজার মানুষ একসঙ্গে উপভোগ করেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ক্রিকেট সম্মিলনের ছবিগুলোও টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অনুপ্রেরণা হচ্ছে নেপালের জন্য। খাড়কা অবশ্য জানান, দেশের মাঠে যখনই তাঁরা ক্রিকেট খেলতে নামেন, ১৫-২০ হাজার দর্শক হয়ই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হংকংকে হারিয়ে দেওয়াটা নেপালের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, সন্দেহ নেই। অধিনায়ক তো এমনও বললেন, স্নায়ুচাপ বলে যেটা ছিল, সেটাও উড়ে গেছে। চাপ নয়, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে তাই মনে হচ্ছে একটা সুযোগ, ‘চাপের চেয়ে এটা আমাদের জন্য বরং একটা সুযোগ। যেসব খেলোয়াড়ের খেলা আমরা টেলিভিশনে দেখি, এখানে তাঁদের সঙ্গে খেলছি। আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’
সুযোগের সদ্ব্যবহার করতে নেপালের সব খেলোয়াড় নিজেদের উজাড় করে দেবেন বলেই বিশ্বাস অধিনায়কের, ‘আমরা স্বাগতিক দলের বিপক্ষে খেলব, যারা একটা টেস্ট জাতিও। এমন সুযোগ বারবার আসবে না। আমরা প্রত্যেকেই আমাদের সর্বস্ব ঢেলে দেওয়ার চেষ্টা করব।’