যেখানে অনন্য অলিভার কান

রোনালদো-রিভালদোরা ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ম্যাচপ্রতি গোল করে। আর অলিভার কান জার্মানিকে বয়ে নিচ্ছিলেন গোল ঠেকিয়ে! ম্যাচের পর ম্যাচ গোল ঠেকিয়েই ২০০২ বিশ্বকাপে গড়েছেন ইতিহাস। গোল্ডেন বলজয়ী প্রথম ও একমাত্র গোলকিপার!
আগের দু-দুটি বিশ্বকাপে স্রেফ ডাগ-আউট গরম করার পর ২০০২ সালে বিশ্বকাপ অভিষেক হয় কানের। জাপান-কোরিয়ায় অধিনায়কের আর্মব্যান্ড ছিল তাঁর হাতে। অধিনায়ক মাঠে সত্যিকার অর্থেই নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। কাগজে-কলমে দুর্বল জার্মান দলের ওপর সেবার খুব বেশি প্রত্যাশা ছিল না কারও। কিন্তু গোলবারে চীনের প্রাচীর থাকলে বল ঢুকবে কীভাবে! দ্বিতীয় ম্যাচের ইনজুরি সময়ে জার্মানির বিপক্ষে একটি গোল করেছিলেন আয়ারল্যান্ডের রবি কিন। এরপর ফাইনাল পর্যন্ত টানা চার ম্যাচে কান-দেয়ালে চিড় ধরাতে পারেনি কোনো দল। ফাইনালে খেলতে নেমেছিলেন ডান হাতের অনামিকায় চিড় নিয়ে। খেসারতও দিতে হয়েছে, দুবার জার্মানির জালে বল ঢোকান রোনালদো। তবে আগের বীরত্ব তাতে মিথ্যা হয়ে যায়নি। গোল্ডেন গ্লাভসের পাশাপাশি তাই গোল্ডেন বলও হাতে উঠেছে কানের।