যেখানে অনন্য মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দল জিতলে খেপার মতো মাঠের এ-মাথা থেকে ও-মাথাও দৌড়েছেন। বয়স-অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এখন আর আগের মতো আবেগের প্রকাশ নেই। ভাবলেশহীন মুখে খেলা দেখেন, কখনো খাতায় কাটেন আঁকিবুঁকি। হোসে মরিনহো যে নিজেকে ‘স্পেশাল’ মনে করেন, সেটাই যেন বুঝিয়ে দিতে চান সব সময়।অর্জনের হিসাবে সর্বকালের সেরা কোচদের ছোট্ট তালিকাতেও তাঁর নাম রাখতে হবে। ইউরোপের তিনটি বড় লিগে আলাদা তিনটি দলকে নিয়ে শিরোপা জেতানোর কীর্তি তো শুধু তাঁরই আছে! কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে অর্জনের পাল্লা আসলে কতটুকু ভারী এই পর্তুগিজ কোচের?উত্তরটা দেওয়া আসলে একটু মুশকিলই। বার্নাব্যুতে এসেছেন খুব বেশি দিন হয়নি, মোটে দুই বছর সাত মাস। এই সময়ে লা লিগা জিতেছেন একবার। কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপও জেতা হয়েছে একবার করে। চ্যাম্পিয়নস লিগ অবশ্য অধরাই থেকে গেছে। পরিসংখ্যানের হিসাবে এর চেয়ে সফল কোচ ঢের আছে রিয়ালের ইতিহাসে। কিন্তু একটা জায়গায় মরিনহো অনেককেই ছাড়িয়ে গেছেন।দায়িত্ব নেওয়ার পর লা লিগায় মরিনহোর অধীনে ১০৭টি ম্যাচ খেলেছে রিয়াল। এই সময়ে গোল হয়ে গেছে ৩০৩টি। আর মাত্র দুজন কোচের সময়ই এর চেয়ে বেশি গোল করতে পেরেছে রিয়াল। মিগুয়েল মুনোজের রেকর্ডটা অবশ্য ধরাছোঁয়ার বাইরেই মনে হবে, তাঁর সময়ে রিয়াল গোল করেছিল ৮০৯টি। এটাও মনে রাখতে হবে, টানা ১৪ বছর বার্নাব্যুতে ছিলেন মুনোজ। বরং লিও বিনহ্যাক্কারের মাইলফলকটাই এখন মরিনহোর দৃষ্টিসীমায়। এই ডাচ কোচের দুই দফায় দায়িত্ব পালনকালে রিয়াল গোল করেছিল ৩০৪টি। তবে বিনহ্যাক্কারও তিন বছর রিয়ালের দায়িত্বে ছিলেন।মজার ব্যাপার, সাম্প্রতিক অতীতে রিয়ালের সফলতম কোচ ভিসেন্তে দেল বস্ক কিন্তু এদিক দিয়ে অনেকটাই পিছিয়ে। রিয়ালের শোকেসে তাঁর অবদান কম নয়—দুটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। ২০০২ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগও এসেছে তাঁর হাত ধরেই। কিন্তু গোলের হিসাবে পিছিয়েই আছেন বর্তমান স্পেন দলের কোচ। তাঁর সময়ে ১৫৩টি লিগ ম্যাচে গোল হয়েছে ৩০১টি।মরিনহো আরেকটি পরিসংখ্যান দেখেও গর্ব করতেই পারেন। জয়ের শতকরা হিসাবে বাকিদের চেয়ে তিনি যোজন ব্যবধানে এগিয়ে। রিয়ালের হয়ে সব ম্যাচে মরিনহোর জয়ের হার ৭২.৬২ শতাংশ। দেল বস্ক (৫৪.৫১), বিনহ্যাক্কার (৬১.৪২) বা মুনোজের (৫৯.১৬) চেয়ে এটা অনেক বেশিই। রিয়ালের কোচদের মধ্যে শতকরা জয়ের হিসাবে মরিনহোর চেয়ে এগিয়ে আছেন মাত্র একজনই। নামটি চমকে দিতে পারে আপনাকে—ম্যানুয়েল পেলেগ্রিনি! তাঁকে বিদায় করেই মরিনহোকে এনেছে রিয়াল। অথচ পেলিগ্রিনির সময়ে রিয়াল জিতেছে লিগের ৭৫ শতাংশ ম্যাচই। কিন্তু রিয়ালকে কোনো শিরোপাই এনে দিতে পারেননি। রিয়ালের মতো ক্লাবে শিরোপাই আসল, নইলে সব পরিসংখ্যানই অর্থহীন!তবে মরিনহোর কাছ থেকে একটা ধন্যবাদ পাওনা ক্রিস্টিয়ানো রোনালদোর। তাঁর সময়ে রিয়ালের ৩০৩ গোলের ১৪৩টিই যে পর্তুগিজ ফরোয়ার্ডের! তবে শিরোপার রঙে রঙিন না হলে এসব নিছক পরিসংখ্যানই হয়ে থাকে। মরিনহোর তা অজানা থাকার কথা নয়। রিয়ালের হয়ে একটা শিরোপা জেতাই বাকি। এবারের চ্যাম্পিয়নস লিগ কি সেই অতৃপ্তিও ঘুচিয়ে দেবে?