যেখানে আপত্তি ফন গালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে মনোযোগী ছাত্র সারা বছর পড়েছে প্রথম হওয়ার জন্য। কিন্তু বার্ষিক পরীক্ষার পর দেখা গেল সে হয়েছে চতুর্থ। তার জন্য কোনো সান্ত্বনা যথেষ্ট হতে পারে? হল্যান্ডের অবস্থা এমন। সেমিফাইনালে স্বপ্নভঙ্গের পর ডাচরা এখন বেদনায় নীল। অথচ কাল বুকে পাথর বেঁধে মাঠে নামতে হবে অর্থহীন একটা ম্যাচ খেলতে। ব্রাজিলের সঙ্গে কাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হল্যান্ড। এই ম্যাচ নিয়ে রীতিমতো তিতিবিরক্ত ডাচ কোচ লুই ফন গাল।
সেমিফাইনালের দুই হেরে যাওয়া দল নিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হচ্ছে বিশ্বকাপের প্রথম আসর থেকেই। সেবার অবশ্য যুগোস্লাভিয়া ম্যাচটা খেলতে অস্বীকৃতি জানানোয় তৃতীয় হয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ফন গালের মতে এই ম্যাচ আয়োজন করার কোনো মানে নেই, ‘আমার মনে হয় এই ম্যাচ কখনোই খেলা উচিত নয়। ধকলটা কাটিয়ে ওঠার জন্য আমরা মাত্র এক দিন সময় পাব।’
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ফন গালের আসল আপত্তিটা অন্য জায়গায়, ‘সবচেয়ে বাজে ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, এ রকমও হতে পারে আপনি অসাধারণ খেলেও টুর্নামেন্টে দুবার হেরে গেলেন। আপনাকে তখন পরাজিতের তকমা নিয়েই দেশে ফিরতে হবে কারণ আপনি টানা দুই ম্যাচে খেলেছেন।’
এবার অবশ্য পরিস্থিতি খানিকটা অন্য রকম। জার্মানি বিপর্যয়ের পর ব্রাজিল নিশ্চয়ই হারানো সম্মান কিছুটা হলেও ফিরে পেতে চাইবে। কিন্তু ফন গালের কাছে এই ম্যাচটার কোনো মূল্যই নেই, ‘এই ম্যাচটা আসলে আমার কাছে কোনো ম্যাচই নয়। ১০-১৫ বছর আগে থেকেই আমি এটা বলে আসছি, কিন্তু কোনো কিছুই বদলায়নি। বিশেষ করে খেলার এই পর্যায়ে এসে আপনি খেলোয়াড়দের বাড়তি একটা ম্যাচ খেলাতে পারেন না।’
টুর্নামেন্ট শুরুর আগে কেউই ওভাবে হল্যান্ডের নাম বলেনি। তবে প্রথম ম্যাচে স্পেনকে উড়িয়ে দিয়েই ডাচরা জানিয়ে দিয়েছিল অনেক দূর যেতে পারে। মুখে কিছু বলেননি, কিন্তু ফন গাল বিশ্বকাপ ট্রফিকেই পাখির চোখ করেছিলেন। পরশু তাঁর হৃদয় খুঁড়ে উঠে এল বেদনা, ‘সবকিছুর শেষে পুরস্কার একটাই এবং সেটির নাম শিরোপা।’ ইয়াহু স্পোর্টস।