দৃশ্য এক, ম্যাচের ৪৯ মিনিট। হুয়ান মাতার ভাসিয়ে দেওয়া বলে পা বাড়িয়ে ভলি করেন ডেম্বা বা। ডেভিড ডি গিয়াকে হতভম্ব করে বলটি জড়িয়ে গেল জালে। দৃশ্য দুই, ম্যাচের বাকি আর ৩০ মিনিট। গোল শোধ করার জন্য উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্যানি ওয়েলবেকের দারুণ ক্রসে একদম কাছ থেকে হেড করলেন হাভিয়ের হার্নান্দেজ। কিন্তু পিওতর চেক অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিলেন। নিশ্চিত গোলটা হতে হতে হলো না।চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপের শেষ আটের ম্যাচের চুম্বক অংশ ছিল এই দুটো দৃশ্যই। একবার নায়ক ডেম্বা বা, আরেকবার চেক। শেষমেশ সেই এক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে, চেলসি উঠে গেছে শেষ চারে। সেখানে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। এমনিতেই এফএ কাপটা চেলসির জন্য দারুণ পয়া। গত ছয় বছরে তারা এই শিরোপা জিতেছে চারবার। আর ইউনাইটেডের জন্য এফএ কাপ হয়ে রইল এক প্রহেলিকা। সেই নয় বছর আগের শিরোপা জয়ের স্মৃতিটা যেন ফিকে হতে বসেছে।স্যার অ্যালেক্স ফার্গুসন একটা ফাটকা খেলেছিলেন। ফন পার্সি-রুনিকে নামাননি প্রথম একাদশে। রুনি তো বেঞ্চেও ছিলেন না। কুঁচকির চোটের কারণেই নাকি ফার্গি বাধ্য হয়েছেন সিদ্ধান্তটা নিতে। সে যা-ই হোক, হার্নান্দেজ-ওয়েলবেককে নামানোর জুয়াটা কাজে আসেনি। আক্রমণে ছন্নছাড়াই মনে হয়েছে এবারের সম্ভাব্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে ফন পার্সিকে নামান ফার্গি। ম্যাচের শেষ দিকে পার্সি পেয়েছিলেন সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও। কিন্তু তাঁর বাঁ পায়ের শট চলে যায় বক্সের অনেক ওপর দিয়ে। অন্যদিকে রাফায়েল বেনিতেজ হাঁফ ছেড়ে বেঁচেছেন। জন টেরিকে বসিয়ে রাখায় অনেকেই ভ্রু কুঁচকেছিল। টেরিকে ছাড়াই ম্যাচটা জিতল চেলসি। এখন দুটি শিরোপা জেতার সুযোগ তাদের সামনে। এফএ কাপ তো আছেই, এই সপ্তাহে ইউরোপা লিগের শেষ আটের ম্যাচও আছে। ম্যাচ শেষে বেনিতেজ তাই উচ্ছ্বসিত, ‘আমি আসলেই খুশি। খেলোয়াড়েরা দুর্দান্ত খেলেছে। মাঝমাঠ ও রক্ষণের ভারসাম্যটাও ঠিকই ছিল। গোলটাও ছিল দারুণ। জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’