যেখানে এক বিন্দুতে সাকিব-তামিম
পতি-নাম মুখে না আনার কুসংস্কার আছে। পত্নীর নামও কি! সাকিব আল হাসান শিশির এড়িয়ে চলে গেলেন কুয়াশায়। পরশু খেলা শেষের সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো—‘আপনার শেষ ওভারটাতে একটু এলোমেলো বোলিং হচ্ছিল। একটা ফুলটস, একটা স্টাম্পের অনেক বাইরে। এটা কি ইচ্ছাকৃত, নাকি শিশিরের কারণে কোনো সমস্যা হচ্ছিল?’সাকিব: নিজ থেকেই ও রকম বোলিং করছিলাম। কুয়াশার কারণে সমস্যা হয়নি।—শিশিরকে কুয়াশায় ঢেকে দেওয়া আসলে প্রশ্নের ভেতর লুকিয়ে থাকা দুষ্টুমিটা বুঝে। সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়ার সময় সাকিব হাসতে হাসতে প্রশ্নকর্তাকে বলে গেলেন, ‘আপনি চালাক, আমিও কম চালাক না...।’দিবারাত্রির ম্যাচে শিশির নিয়ে আলোচনা হতেই পারে। তবে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা এসেছিল দুষ্টুমির ছলেই। নববিবাহিত সাকিবের স্ত্রী উম্মে আহমেদের ডাকনাম শিশির। পরশুর ম্যাচটা তিনি মাঠে বসে দেখেছেন বলে সাকিবের খেলায় শিশিরের প্রভাব পড়া অস্বাভাবিক নয়। সাকিব সেই ‘প্রভাব’ আড়াল করতেই ‘শিশির’কে কুয়াশায় ঢেকে থাকতে পারেন, যদিও সেটা করার কথা নয়। প্রভাব পড়ে থাকলেও তা ইতিবাচকভাবেই পড়েছে। ব্যাট হাতে ৩৭ রান, পরে মিতব্যয়ী বোলিংয়ে তামিম ইকবালের মহামূল্যবান উইকেট—শিশিরের প্রভাব তো ম্যান অব দ্য ম্যাচই বানিয়ে দিল সাকিবকে!বিপিএলের মতো টি-টোয়েন্টির যজ্ঞ নির্ভার ক্রিকেটের একটা খোলা জানালার মতো। মাশরাফি বিন মুর্তজার ‘এটা আসল ক্রিকেট নয়’ সতর্কবার্তা এক শতে এক শ ঠিক। আবার এটাও ঠিক, ম্যাচ ফিক্সিং-স্পট ফিক্সিংয়ের জীবাণুমুক্ত করতে পারলে, দেনা-পাওনার সব বিতর্ক চুকিয়ে দিতে পারলে টি-টোয়েন্টি বা বিপিএল হতে পারে খেলোয়াড়দের একটা শ্বাস ফেলার জায়গা। অনুশীলনের চাপ নেই, পিকনিক মেজাজ, খেলাটা ২০ ওভারের, অর্থযোগের কথা তো বলাই বাহুল্য। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেকে কদিন ছুটি নেওয়ার দারুণ এক জায়গা টি-টোয়েন্টি। ব্যস্ত সাকিব যেমন এই বিপিএলেরই সৌজন্যে কাল খুলনা থেকে ঘুরে এলেন মাগুরায়। বিয়ের পর এটাই তাঁর প্রথম সস্ত্রীক নিজ শহরে যাওয়া।তবে এমন উৎসবের খেলায়ও ক্রিকেটাররা কি আসলেই পারেন চাপমুক্ত থাকতে? বাস্তবতা ভিন্ন। মাঠে ব্যাট-বলের লড়াই শুরু হয়ে যাওয়ার পর বড় পর্দায় ভেসে ওঠা স্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ দেখারও সময় থাকে না আসলে। তামিম ইকবালের কথাই ধরুন। দুরন্ত রাজশাহীর নেতৃত্ব নিয়ে এতটাই চাপে পড়ে গেলেন যে শেষমেশ ফ্র্যাঞ্চাইজির মালিককে অনুরোধ করে সরে আসলেন তা থেকে। চাপমুক্ত হয়ে বিপিএলে নিজের প্রথম ফিফটি করে ফেললেন, এখন দৃষ্টি ফেলছেন আরও দূরে। পরশুর রাতে সাকিবের আগে সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন, ‘আমার পরিকল্পনা আছে এ বছরটা ভালো খেলার। বিপিএলে প্রথম দুই ম্যাচ ভালো যায়নি। এখন ছন্দ খুঁজে পেয়েছি। চেষ্টা করব, সামনের ম্যাচগুলোও এভাবে খেলার। ম্যাচ জেতানোর। যত যা-ই বলুন, নিজে ভালো খেলে পরাজিত দলে থেকে লাভ নেই।’সংবাদ সম্মেলনে আগে আগে এসে পড়ায় পেছনে বসে তামিমের কথাগুলো শুনছিলেন সাকিব। একটু আগে তাঁর দলের কাছেই হেরেছে তামিমের দল। বন্ধুর পরাজিত দলে থাকার জ্বালা সাকিবকেও ছুঁয়ে গিয়ে থাকবে। তবে ওই পর্যন্তই। হোক টি-টোয়েন্টি, মাঠের লড়াইয়ে বন্ধু বলে কিছু নেই।তবে বিপিএল নিয়ে একটা জায়গায় সাকিব-তামিমের সুর অভিন্ন—মাঠে দর্শক আনতে হবে। ফাঁকা গ্যালারির সামনে খেলার কোনো আনন্দ আছে নাকি! ‘দর্শক না হওয়াটা খুবই হতাশাজনক। বিদেশে গেলে সবার আগে বলি, আমরা ৩০ হাজার মানুষের সামনে খেলি। এতদিন এটাই সবচেয়ে বেশি গর্ব নিয়ে বলতাম’—বিপিএলের দর্শক নিয়ে তামিমের হতাশাটা স্পষ্ট। দর্শক না আসার কারণ যদি টিকিটের উচ্চমূল্যই হয়ে থাকে, তামিম দামটা কমানোর অনুরোধ করলেন। একই আহ্বান সাকিবেরও, ‘৫০-১০০ টাকা টিকিট হলে আমার মনে হয় দ্বিগুণ দর্শক হতো। এখন মাঠে আসার আগে একজন ছাত্র চিন্তা করবে ২০০ টাকা এক দিনে খরচ করছি! ৫০ টাকা বা ১০০ টাকা হলে হয়তো ভাববে, যাই মজা করে আসি। দর্শক দ্বিগুণ হলে আমার মনে হয় না খুব একটা লস হবে কারও।’সমস্যা হলো, সাকিবের জাবেদা খাতায় লাভ-ক্ষতির হিসাব এক রকম আর বিপিএল নিয়ন্ত্রকদের খাতায় অন্য রকম। তামিম-সাকিবরা মাঠে দর্শক চান, তাঁরা চান টাকা। সেটা মাঠে দর্শক না এনে পাওয়া গেলেও ক্ষতি নেই।