যেখানে এক রোনালদো-মেসি
ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল, দেশের হয়ে ততটাই বিবর্ণ—এমন অপবাদ কম শুনতে হয়নি মেসি ও রোনালদোকে। এই অপবাদ ঘোচাতে দুজনই যেন এখন মরিয়া। তাই দেশের হয়েও ঔজ্জ্বল্য ছড়াতে শুরু করেছেন। যদিও দেশকে বড় কোনো শিরোপা এখনো জেতাতে পারেননি। ইউরোতে এবার তিন গোল করে রোনালদো কাছাকাছি নিয়ে গিয়েছিলেন পর্তুগালকে। পর্তুগাল বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। অবশ্য পর্তুগালের কোচ পাওলো বেন্তোর দাবি, ‘ইউরোতে রোনালদোর পারফরম্যান্স ভালোই ছিল, আর একজন খেলোয়াড় একাই সব সমস্যার সমাধান করতে পারবে না।’ বেন্তোর বিচারে রোনালদোই বিশ্বসেরা, ‘সেই বিশ্বসেরা এবং ইউরো জিততে পারেনি এটা বিবেচনায় নিয়েও আমি মনে করি, তাকেই এবার বিশ্বসেরা বিবেচনা করতে হবে।’ আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ের নেপথ্য কারিগর সিজার লুই মেনোত্তিরও মেসি সম্পর্কে অনেকটা একই ধারণা, ‘লিও একা আর্জেন্টিনাকে বিশ্বকাপে উদ্ধার করতে পারবে না। শুধু একজন খেলোয়াড় বিশ্বকাপ জেতাতে পারে না। মেসি ব্যবধান গড়ে দিতে পারে, তাকে পাওয়াটা আমাদের জন্য সৌভাগ্যই, কিন্তু দল হিসেবে না খেললে ২০১৪ সালে সে আমাদের বাঁচাতে পারবে না।’ ওয়েবসাইট।