যেখানে জার্মানির উদ্বেগ

‘শিরোপার জন্য আক্ষেপ’, ‘এত কাছে তবু এত দূরে’, ‘সোনালি প্রজন্মের হতাশা’—কথাগুলো শুনতে শুনতে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন জোয়াকিম লো। এই দলটা যে চূড়ায় পৌঁছাতে পারে সেটা সবাই যেমন জানেন, জোয়াকিম লো-ও জানেন। কিন্তু এই জানা কাজটাই করতে গিয়েই বারবার পা পিছলে যাচ্ছে জার্মানির।
২০০৬ বিশ্বকাপ থেকে শুরু। নিজের দেশেই লাম, পোডলস্কিদের মুগ্ধতা-জাগানিয়া জার্মানি সেবার থেমে গেল শেষ চারে। এর পর থেকে ইউরো বা বিশ্বকাপের প্রতিটি আসরেই অন্তত শেষ চার পর্যন্ত গেছে জার্মানি। শিরোপাটা থেকে গেছে সোনার হরিণ৷ ব্রাজিলেও কি তাই থাকবে ?
ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনার পাশাপাশি অনেকেই জার্মানিকে রাখছেন ফেবারিটদের কাতারে। দলের সামর্থ্য চিন্তা করলে যে কারও সঙ্গে পাল্লা দিতে পারে তারা। এই পরিস্থিতি তো বেশ কয়েক বছর ধরেই। কিন্তু তার পরও কেন হচ্ছে না?
এবারও যদি জার্মানির বিশ্বকাপ অভিযানটা হয় আফসোসের, তাহলে কয়েকটা কারণ এখনই অনুমান করে নেওয়া যায়। লোর জন্য সবচেয়ে বড় উদ্বেগের নাম হবে খেলোয়াড়দের চোট ও ফর্ম না-থাকা। মেসুত ওজিল, বাস্তিয়ান শোয়েনস্টেইগারদের সামর্থ্য নিয়ে কারও প্রশ্ন নেই। কিন্তু দুজনই মৌসুম শেষ করেছেন প্রশ্নচিহ্ন এঁকে। ইংল্যান্ডে দুর্দান্ত শুরু করেও পরে পথ হারিয়ে ফেলেছেন ওজিল। লো যতই বলুন, ‘ওজিলের ওপর আমার শতভাগ আস্থা আছে। সে নিজের ফর্ম ফিরে পাবে’—ওজিলকে নিয়ে সংশয় তবু থাকছেই।
শোয়েনস্টেইগারের জন্য দুশ্চিন্তার নাম চোট। বিশ্বকাপের এই নিঃশ্বাস-ছোঁয়া দূরত্বে দাঁড়িয়েও উদ্বেগ কাটেনি বায়ার্ন মিডফিল্ডারকে নিয়ে। মাঝমাঠের আরেক ভরসা স্যামি খেদিরা দীর্ঘ চোট থেকে মাত্রই সেরে উঠেছেন। আর আততায়ী চোট তো ডর্টমুন্ডের ইলকে গুন্ডোগানের বিশ্বকাপ-স্বপ্নই শেষ করে দিয়েছে।
দুশ্চিন্তা আছে রক্ষণ নিয়েও। প্রতিপক্ষের আক্রমণের তোড়ে অনেক সময়ই খেই হারিয়ে ফেলেন লামরা। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে সুইডেনের সঙ্গে ৪-০ গোলে এগিয়ে গিয়েও ৪-৪ গোলে ড্র করেছিল জার্মানিকে। সেই স্মৃতি কি ভুলতে পেরেছেন লো?
তবে লোর আসল দুশ্চিন্তার নাম আক্রমণ। গোল করার কাজটা এত দিন ধরে যাঁর কাঁধে সওয়ার, সেই মিরোস্লাভ ক্লোসার বয়স এখন ৩৫। মারিও গোমেজ তো চোট আর ফর্মহীনতায় বিশ্বকাপ একাদশেই জায়গা পেলেন না। প্রথাগত স্ট্রাইকারবিহীন জার্মানির প্রথম একাদশ দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। সে ক্ষেত্রে মারিও গোটশে হয়তো ‘ফলস নাইন’ হিসেবে খেলতে পারেন।
লো জানেন কাগজে-কলমে দল যতটা শক্তিশালী, ফর্মহীনতা ও চোট তার অনেকটুকুই কেড়ে নিতে পারে। তার ওপর খেলতে হবে অচেনা দেশের অচেনা পরিবেশে। কিন্তু সেটিকে যাতে ঢাল বানানো না হয়, সে জন্য জার্মান কোচের অগ্রিম হুঁশিয়ারি, ‘কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সের মান বাড়াতে হবে, কারণ তারা অনেক দিন ধরেই চোটে ছিল। ব্রাজিলে আমাদের তাপমাত্রা ও সময় ব্যবধানের ধকলসহ অনেক কিছুই সইতে হবে। এগুলো কোনো অজুহাত হবে না।’
লোর দায়িত্বে ১০৩ ম্যাচের ৭০টিতে জিতেছে জার্মানি। কিন্তু জার্মান কোচ জানেন, এবারও শিরোপা না পেলে সব পরিসংখ্যান হয়ে পড়বে মূল্যহীন। এএফপি, ওয়েবসাইট।