যেখানে তাঁর ফুটবল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারানা নদী থেকে একটু দূরেই এক টুকরো কাদা থিকথিকে খেলার মাঠ। মাঠে দঙ্গল বেঁধে ফুটবল খেলে বেড়ায় খুদে ছেলেরা। ছেলেদের অধিকাংশই স্থানীয় শ্রমিক মা-বাবার সন্তান। মাঠের ছেলেরা নিজেই নিজেদের একটা নাম দিয়ে দিয়েছে—গ্র্যান্ডোলি ফুটবল ক্লাব।আর্জেন্টিনা-ব্রাজিল তো অনেক বড় ব্যাপার, এমন খুদে ফুটবলারদের হাজার টুকরা মাঠ এই বাংলাদেশেও একসময় খুঁজে পাওয়া যেত। কিন্তু আর্জেন্টিনার বন্দরনগর রোজারিওর এই মাঠটা একটু অন্যরকম।এই মাঠেই একদিন খেলা শুরু করেছিলেন লিওনেল মেসি। এই মাঠ দিয়ে ফুটবল শুরু হয়েছিল আজকের দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল-জাদুকর মেসির।পাঁচ বছর বয়সে মেসি এই মাঠে ফুটবল শুরু করার পর পারানা নদী দিয়ে অনেক পানি গড়িয়েছে। মেসি লাতিন আমেরিকা, ইউরোপের গণ্ডি ছাড়িয়ে বিশ্বসেরা হয়েছেন। কিন্তু বদলায়নি মেসির সঙ্গে রোজারিওর সেই সম্পর্ক।আজও ছুটি-ছাটা পেলে রোজারিওতে ছুটে যান মেসি, আজও তাঁর ভাই ওই ‘ঘিঞ্জি’ শহরে বসবাস করেন। আর রোজারিওর লোকজন? উঠতে-বসতে রোজারিওর লোকজন তাঁদের গর্বটা জানিয়ে দিতে চান, ‘মেসি আমাদের লোক।’যেমনটা বলছিলেন গ্র্যান্ডোলি ক্লাবটির বর্তমান সভাপতি ডেভিড ত্রেভেজ, ‘মেসি এই শহরের ছেলে। এখানকার লোকজন ওর উপাসনা করে। ও আর ওর পরিবার যখন এখানে ছিল, তখন আর দশটা পরিবারের মতোই ছিল। আজও ওরা এই শহরকে ভোলেনি।’মেসি যে এই শহরকে ভোলেননি, তার প্রমাণ নিজের প্রথম স্কুলকে দিয়েছেন। এখানকার যে প্রাথমিক স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন, বিখ্যাত হয়ে যাওয়ার পর কয়েকবার এসেছেন সেখানে। ২০০৯ সালে স্কুলের দুই বছরের খরচ চলে যাওয়ার মতো টাকা দিয়েছেন।মেসির টাকায় তৈরি করা স্কুলের খেলার মাঠে দাঁড়িয়ে কথা বলছিল স্কুলের বর্তমান ছাত্রী লারা অগাস্টিনা। লারার কাছে অবশ্য টাকাটা খুব বড় ব্যাপার নয়। সে মেসির ফুটবলে মুগ্ধ, ‘আমি যদি পারতাম, ওকে জিজ্ঞাসা করতাম, ও রোজারিওকে মিস করে কি না? ওকে বলতাম, আমরা ওকে এখানে খেলতে দেখতে চাই।’তাও হয়তো একদিন মেসি করবেন। মেসি যে এখন রোজারিওর মানুষের ইচ্ছে পূরণের প্রতীক হয়ে গেছেন। রোজারিওর যে নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাব থেকে একদিন ম্যারাডোনা যাত্রা শুরু করেছিলেন, মেসিও চার বছর অনুশীলন করেছেন সেখানে। ক্লাবটিতে এখন মেসি-ম্যারাডোনা হওয়ার জন্য অনুশীলন করতে থাকা এক খেলোয়াড় বুক ফুলিয়ে বললেন, ‘ও বিশ্বসেরা, ও ম্যারাডোনার চেয়েও ভালো, ও অন্য রকম।’সেই ছোটবেলাতেই মেসি নাকি অন্য রকম ছিলেন। ত্রেভেজ মনে করেন, মেসি প্রথম মাঠে এসেই তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে, ‘ও বল পায়ে পেলেই চার-পাঁচজনকে কাটিয়ে গোল করে ফেলত। ওর বয়সের একটা ছেলের জন্য বিষয়টা খুবই বিস্ময়কর ছিল। লোকে বলত, এই আমাদের নেক্সট ম্যারাডোনা।’‘নেক্সট ম্যারাডোনা’ মেসি হতে পারবেন কি না, সেটা সময় বলবে। তবে এরই মধ্যে মেসি যা করে ফেলেছেন, তাতে রোজারিওবাসীর আর আক্ষেপ করার কিছু নেই। তাদের সবার হয়েই যেন গর্বের কথা বলে দিলেন গ্র্যান্ডোলি, ‘বিশ্বের সেরা খেলোয়াড় এই মাঠে ফুটবল শুরু করেছিলেন এবং তার প্রথম টি-শার্টটি আমাদের ছিল।’রোজারিও থেকে বিবিসি নিউজ-এর সাংবাদিক ক্যানডাক পিয়েটের লেখা অবলম্বনে।