যেখানে তৃপ্ত মালিঙ্গা-ফাওয়াদ

যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন একজন। আরেকজনের জন্য প্রতিটি ম্যাচই নতুন শুরু! চেনা রূপেই নিজেকে মেলে ধরলেন একজন। আরেকজন চমকে দিলেন, ভুল প্রমাণ করলেন অনেককে। জবাব দিলেন উপেক্ষার, বঞ্চনার। ফাইনাল শেষে ট্রফি যে দলের হাতেই উঠুক, প্রথম ইনিংস শেষেই জিতে গেছেন লাসিথ মালিঙ্গা ও ফাওয়াদ আলম!
৫ উইকেটের স্বাদ মালিঙ্গার চেনা। ওয়ানডেতে সপ্তমবার ৫ উইকেট পেলেন কাল। দিন দশেক আগে পাকিস্তানের বিপক্ষেই ছিল ৫ উইকেট। সেদিন প্রথম ৭ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকা মালিঙ্গা নিজের শেষ ১৪ বলে নিয়েছিলেন ৫ উইকেট। কাল প্রথম ১৫ বলে আরও তিনটি! শেষে আরও দুটি নিয়ে ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক ও ল্যান্স ক্লুজনারকে। সাতবার ৫ উইকেটে ছুঁয়েছেন গ্লেন ম্যাকগ্রাকে।
তবে এই চেনা মালিঙ্গাও একটা জায়গায় নিজে মেলে ধরেছেন নতুন করে। মালিঙ্গা মানেই ব্যাটসম্যানদের জন্য শেষের বিভীষিকা। অথচ কাল প্রথম স্পেলে নিয়েছেন ৩ উইকেট। বিস্ময়কর হলেও সত্যি, নতুন বল হাতে প্রথম স্পেলে ৩ উইকেট মালিঙ্গা পেলেন মাত্র চতুর্থবার! আগের তিনবারের দুটিই আবার স্কটল্যান্ড (২০১১) ও বারমুডার (২০০৭) মতো দলের বিপক্ষে। বাকি একবার বাংলাদেশের বিপক্ষে, ২০০৭ সালে। কালও প্রথম তিন ওভারেই নিলেন তিনটি।
মালিঙ্গার বারুদে বিধ্বস্ত রণাঙ্গনে আগমন ফাওয়াদের। প্রথমে ঢাল হয়ে আড়াল করলেন দলকে। পরে উল্টো তোপ দেগে বিধ্বস্ত করলেন প্রতিপক্ষকেই!
ফাওয়াদকে দেখলে প্রথমেই আপনার নজর কাড়বে মুখে দাড়ি-গোঁফের দঙ্গল। বয়স ২৮ ছাড়ালেও চেহারা আর শারীরিক আকৃতি ‘বালক’ বলে ভুল বোঝায়। এ জন্যই হয়তো একটা ভারিক্কি ভাব আনার চেষ্টা করেছেন। ফাওয়াদ আপনার নজর কাড়বে উইকেটে যাওয়া মাত্রও। তাঁর স্ট্যান্স যে মনে করিয়ে দেবে শিবনারায়ণ চন্দরপলকে! বরং চন্দরপলের চেয়েও ‘ওপেন চেস্টেড’ অদ্ভুত স্ট্যান্স। তবে এই বিশেষণটি শুধু তাঁর স্ট্যান্সের জন্যই উপযুক্ত নয়, সবচেয়ে অদ্ভুত তো তাঁর ক্যারিয়ারের গল্প!
প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক মাত্র ১৭ বছর বয়সে। অমিত সম্ভাবনার এই প্রতিভার মধ্যে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের দীর্ঘ অভাব পূরণের স্বপ্ন দেখেছে পাকিস্তান। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক। ওই বছরই টি-টোয়েন্টি অভিষেক। নজরকাড়া কিছু করতে না পারলেও সুযোগ পেলে খুব একটা খারাপ করেননি কখনোই। অথচ দলে আসা-যাওয়া করতে হয়েছে নিয়মিতই। অভিষেক টেস্টে ১৬৮ রানের পরও কারও টেস্ট ক্যারিয়ার থমকে আছে তিন টেস্টে, ভাবা যায়!
এমনিতে মিডল অর্ডার হলেও টেস্ট অভিষেক হয়েছিল ওপেনার হিসেবে। ২০০৯ সালে কলম্বোর পি সারা ওভালে প্রথম ইনিংসে ১৬ করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৬৮ রানের অসাধারণ এক ইনিংস। পরের টেস্টে দুই ইনিংসেই ১৬, তৃতীয় টেস্টে ডানেডিনে ২৯ ও ৫ করার পর সেই যে বাদ পড়েছেন, আর সুযোগ দেওয়া হয়নি তাঁকে। অথচ ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার থামেনি কখনো। চমকে দেওয়ার মতো তথ্য হলো, প্রথম শ্রেণীর ক্রিকেটে ফাওয়াদের ব্যাটিং-গড় পাকিস্তানের ইতিহাসেই সর্বোচ্চ, ৫৫.৮৭! লিস্ট ‘এ’তেও গড় পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ, ৪৭.০৫। তার পরও পাননি পর্যাপ্ত সুযোগ। শোনা যায়, আরও অনেক প্রতিভার মতো পাকিস্তান ক্রিকেটের নোংরা অভ্যন্তরীণ রাজনীতির শিকার তিনিও।
আসা-যাওয়ার পালাতেই জায়গা মিলেছিল এবার এশিয়া কাপের স্কোয়াডে। প্রথম তিন ম্যাচে ডাগ-আউট গরম করেছেন। শারজিলের চোটে সুযোগ পেলেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে। জানতেন প্রথম সুযোগই কাজে না লাগাতে পারলে কোপ পড়বে আবার। ৭০ বলে ৭৪ করে দলের জয়ে রাখলেন বড় অবদান। ম্যাচসেরা আফ্রিদি হলেও রাজ্জাকের এক ওভারে ১৮ রান নিয়ে ম্যাচের ফয়সালা করে দিয়েছিলেন ফাওয়াদই। অতীত তিক্ত অভিজ্ঞতার কারণে হয়তো তবু নিশ্চিত হতে পারেননি জায়গা নিয়ে। কাল দলের বিপর্যয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি। গড়লেন ছোটখাটো একটা রেকর্ডও। পাকিস্তানের হয়ে ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম বাঁহাতি মিডল অর্ডার তিনিই! ওপেনারের বাইরে পাকিস্তানের বাকি ৮০টি ওয়ানডে সেঞ্চুরিই ডানহাতি ব্যাটসম্যানের।
কালকের পর কিছুদিন অন্তত দলে থিতু হওয়ার আশা করতেই পারেন ফাওয়াদ। মালিঙ্গা খুঁজে পেতে পারেন নতুন বলেও নিয়মিত জ্বলে ওঠার আত্মবিশ্বাস।