যেখানে দুঃখ অ্যামব্রোসের
দুটি কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আজ এই অবনতি। প্রথম কারণ, ক্যারিবিয়ান উইকেটগুলো এখন আর আগের মতো গতিময় নয়, অনেকটাই মন্থর। দ্বিতীয়ত, ড্রেসিংরুমে অভিজ্ঞতার অভাব।দুই ম্যাচ বাকি থাকতেই ভারতের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজে হার নিশ্চিত হয়ে যাওয়ার পর ক্যারিবীয় ক্রিকেটের এই ময়নাতদন্তটি করেছেন কার্টলি অ্যামব্রোস। ‘আমাদের ক্রিকেটের বর্তমান মান খুবই বাজে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায়, আমরা যদি কিছু ম্যাচ জিততে শুরু করি’—বলেছেন ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নেওয়া সাবেক ফাস্ট বোলার।’৯০ এর দশকে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরানো ক্যারিবীয় পেসারদের একজন অ্যামব্রোস। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংয়ের সেই বিষদাঁত এখন আর নেই, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যেও নেই আগের সেই ভয়। অ্যামব্রোস মনে করেন, মন্থর উইকেটের কারণেই ক্যারিবীয় পেস বোলিংয়ের এই দুর্দিন। অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে যে দক্ষতায় শাণ দেওয়া যাবে, সেরকম কাউকেও তাঁর চোখে পড়ে না, ‘দলে আসার পর ম্যালকম মার্শালের সঙ্গে কথা বলে অনেক কিছু শিখেছিলাম আমি। পরে কোর্টনি ওয়ালশের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এখনকার দলে এমন কেউ নেই যার সঙ্গে ছেলেরা কথা বলবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলে অল্পবিস্তর যা-ই শিখেছে, সেসব নিয়ে নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলে তারা।’ওয়েস্ট ইন্ডিজের বর্তমান যুগের বোলাররা ব্যাটসম্যানদের বুকে ভয় ধরানোর কৌশলটাই ঠিকমতো জানে না, অ্যামব্রোসের কাছে এই বিষয়টাও হতাশার। ‘আমি মনে করি, ব্যাটসম্যানদের মধ্যে ভয় ধরাতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা করতাম’—বলেছেন স্বর্ণযুগের ক্যারিবীয় ফাস্ট বোলার। ওয়েবসাইট।