যেখানে দুঙ্গার তৃপ্তি
গ্রুপ অব ডেথ বলেই একেকটি ম্যাচ হয়ে আসে পরীক্ষা হিসেবে। প্রথম দুটো পরীক্ষাতেই লেটার নম্বর পেয়েছে ব্রাজিল। কোচ কার্লোস দুঙ্গা তাই খুশি। বেশি খুশি দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে অনায়াসে জেতায়। দুঙ্গার চোখে এই ম্যাচটি যে ছিল ‘টাফ টেস্ট’।প্রতিপক্ষ আইভরিকোস্ট ছিল বলেই ম্যাচটায় শরীরনির্ভর খেলা প্রাধান্য পাবে—সেটি আগেই অনুমান করে নেওয়া যাচ্ছিল। কিন্তু দিদিয়ের দ্রগবার দল এদিন অনুমানের চেয়ে বেশি শরীর ব্যবহার করেছে। শুরু থেকেই চেষ্টা করেছে ব্রাজিলের খেলোয়াড়দের মেজাজ যেন বিগড়ে যায়। সেই ফাঁদ এড়িয়ে চলতে চলতে শেষ পর্যন্ত ধরা পড়েছেন কাকা। সাত বছরের মধ্যে প্রথম লাল কার্ড দেখে ছেড়েছেন মাঠ। ব্রাজিলের জার্সি গায়ে যেটি তাঁর প্রথম লাল কার্ড।দুঙ্গা এই ভেবে খুশি, দলের ফুটবলাররা আইভরিয়ানদের ফাঁদে পা দেননি, ‘খেলোয়াড়েরা কঠিন একটা পরীক্ষাই পাস করে এসেছে। দেখিয়ে দিয়েছে তারা অনেক পরিণত। কারণ এই ম্যাচে ওরা শুরু থেকেই আমাদের আঘাত করেছে, শেষ পর্যন্ত বজায় ছিল আক্রমণের ধারা। কিন্তু আমরা ভুলেও পাল্টা আঘাত দিইনি।’৪০টি ফাউলের এই ম্যাচে ২৩টি আঘাত সয়েছে ব্রাজিল। ১৭ বার আঘাত তারা ফিরিয়েও দিয়েছে। ‘আমি সব সময়ই আমার খেলোয়াড়দের বলি, ওদেরও কঠিন খেলতে হবে, কিন্তু সেটি ফুটবলের মধ্যে থেকেই। যদি মনোযোগ হারিয়ে প্রতিপক্ষের সঙ্গে চিৎকারেই ব্যস্ত হয়ে পড়ি, আমরা আমাদের স্বাভাবিক খেলাটিই খেলতে পারব না’—বলেছেন ষষ্ঠ শিরোপার স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে আসা কোচ।কিন্তু কাকা যে শেষ পর্যন্ত তাঁর নির্দেশ ভুলে গেলেন! দুঙ্গা এতে ব্রাজিলিয়ান প্লে-মেকারের কোনো দোষ দেখেন না। বরং কাদের কেইটা যে সামান্য আঘাত পেয়ে অস্কারজয়ী অভিনয় শুরু করে দিলেন, রেফারিকে প্ররোচিত করলেন লাল কার্ড দেখাতে—এরই সমালোচনা করেছেন। রেফারির কড়া সমালোচনা করে ব্রাজিল কোচ বলেছেন, ‘ম্যাচটা আসলে জটিল ছিল। অনেক বেশি শরীরনির্ভর খেলা হয়েছে, অনেকগুলো ফাউলও। ফুটবল যারা পছন্দ করে, তাদের পক্ষে এমন খেলা মেনে নেওয়া যায় না। ম্যাচ পরিচালনার দায়িত্বে যাঁরা থাকেন, তাঁদের বুঝতে হবে, কোনটি ফুটবল আর কোনটি ফুটবল নয়।’ ওয়েবসাইট।